কোচিং কাজটা সহজ নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড় হিসেবে ছিলেন তাঁর সময়ের সেরা। বর্ণাঢ্য ক্যারিয়ারে জিতেছেন সম্ভাব্য সবকিছুই। জিনেদিন জিদানের ভূমিকা বদলে গেছে, এখন কাজ করবেন নেপথ্যে। কদিন আগেই যে রিয়াল মাদ্রিদের নতুন কোচ কার্লো আনচেলত্তির সহকারী হয়েছেন! কিন্তু নতুন ভূমিকাটা যে তাঁর জন্য সহজ নয়, সেটা হাড়ে হাড়েই টের পাচ্ছেন এই কিংবদন্তি। ওয়েবসাইট।ভালো খেলোয়াড় হলেই যে ভালো কোচ হওয়া যায় না, এটা ফুটবলে প্রমাণিত। একইভাবে উল্টোটাও সত্যি। সাদামাটা খেলোয়াড়ি জীবন নিয়ে ডাগ-আউট কাঁপিয়ে দেওয়া অ্যালেক্স ফার্গুসন, হোসে মরিনহোরা তো চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিয়েছেন ব্যাপারটা। জিদানের খেলোয়াড়ি সামর্থ্য নিয়ে কেউই প্রশ্ন তুলবেন না। কিন্তু কোচ হিসেবে যে সফল হবেনই, সেই নিশ্চয়তা জিদান নিজেই দিতে পারছেন না, ‘আমি আর সবার মতোই। আমি এটাই পছন্দ করি। যদিও আর সবাই আমাকে স্পেশাল হিসেবেই দেখতে চায়। আমি জানি, ভালো খেলোয়াড় হলেই ভালো কোচ হওয়া যায় না। যদিও এটা সাহায্য করে বৈকি।’ফ্রান্স দৈনিক লেকিপ-এর কাছে জানিয়েছেন নিজের কোচিং-দর্শনটা, ‘আপনাকে এটা মেনে নিতে হবে আপনি কিছুই জানেন না। সেই সঙ্গে এটাও মানতে হবে আপনি যদি নিজেকে ঢেলে দেন, তাহলে এমনকি আমার বয়সে এসেও অনেক কিছু শিখতে পারবেন। আমাকে বলতেই হবে, অনেক কিছুই আমার চোখ এড়িয়ে যায়। আমি খুশি যে আমি কিছু কোর্স করেছিলাম। মাঝেমধ্যে তো আমাকে মাথাব্যথা নিয়ে বিছানায় যেতে হয়েছে। কোচিং একটা কঠিন কাজ, আপনাকে এটা শিখতে হবে।’জিদান এও বুঝছেন সাফল্য না পেলে আগের অর্জন কেউ মনে রাখবে না, ‘মানুষ তখনই আমাকে ভালো কোচ বলবে যদি আমি জিতি এবং শুধুই জিতি। এটা সময় নেবে। আমি চাইলেও আমার মতো কোচ হতে পারব না। জিদান হই বা না হই, এটা সময় নেবে। ডিপ্লোমা করতে গেলে আপনাকে অন্যের কাছ থেকে শিখতেই হবে। সবকিছুর একটা নিয়ম আছে।’খেলোয়াড়দের কীভাবে অনুপ্রাণিত করবেন জিজু? এ ক্ষেত্রে তাঁর দর্শন সোজাসাপ্টা, ‘খেলোয়াড়েরা তখনই আমার কথা শুনবে যখন আমি তাদের কিছু দেব। আপনি যদি কারও কাছ থেকে কিছু বের করে আনতে চান, আপনাকে সেটা আগে চাইতে হবে। আপনাকে হুমকি দিতে হবে, সাহায্যও করতে হবে। এমনকি প্রলুব্ধও করতে হবে। অনেকটা মুলা ঝোলানোর মতো। ফুটবলে তো বটেই, জীবনেও এটা এভাবেই কাজ করে।’হুট করেই ডাগ-আউটে চলে আসেননি, ২০১০ সালে হোসে মরিনহোর বিশেষ পরামর্শক হয়েছিলেন। বছর খানেক পর হোর্হে ভালদানোর জায়গায় দায়িত্ব নেন রিয়ালের ক্রীড়া পরিচালকের। গত মৌসুমে দুর্দান্ত খেলা ফ্রান্সের রাফায়েল ভারানকে রিয়ালে আনতে কলকাঠি নাকি জিদানই নেড়েছিলেন। এখন অবশ্য এর চেয়েও অনেক বড় ভূমিকা নিতে হচ্ছে জিজুকে।