কোচিং ক্যারিয়ারে ব্যাজ্জিও
রবার্তো ব্যাজ্জিওকে ইতালির ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকাই বলা চলে। ১৯৯৪ সালের বিশ্বকাপে আজ্জুরিদের প্রায় একক প্রচেষ্টাতেই নিয়ে গিয়েছিলেন শিরোপার দ্বারপ্রান্তে। কিন্তু ফাইনালে নিজেই টাইব্রেকার মিস করে বসায় সে যাত্রা আর চ্যাম্পিয়ন হওয়া হয়নি ইতালির। টাইব্রেকারের সময় বারপোস্টের ওপর দিয়ে বল মারার পর শোকস্তব্ধ ব্যাজ্জিওর কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকার ছবিটি বিশ্বকাপ ইতিহাসেরই অন্যতম সেরা ‘আইকনিক ইমেজ’ হয়ে আছে। ২০০৪ সালে ফুটবলকে বিদায় জানানোর পর রবার্তো ব্যাজ্জিও এবার কোচ হিসেবে নিজের নতুন ফুটবল জীবন শুরু করতে চাচ্ছেন।খেলোয়াড়ি জীবনে নিজেকে সাইড বেঞ্চে কখনই দেখতে চাননি ইতালীয় ফুটবলের এই জীবন্ত কিংবদন্তি। কিন্তু এবার যে তাঁকে বেঞ্চে বসতেই হচ্ছে! অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। ফুটবল মাঠের রাজা ব্যাজ্জিও এবার সুবোধ বালকের মতো খাতা-কলম নিয়ে ক্লাসের বেঞ্চে বসতে যাচ্ছেন। ক্লাস করবেন কোচ হওয়ার অভিপ্রায়ে উয়েফা কোচেস কোর্সে। আপতত কোচের প্রশিক্ষণে তিনি তৃতীয় গ্রেডের ডিগ্রিটি নেবেন, সময় সুযোগ বুঝে পার হবেন বাকি ধাপগুলোও। পরের ধাপগুলো হল উয়েফা ‘বি’ কোচিং কোর্স, উয়েফা ‘এ’ কোর্স। সর্বশেষ ধাপ হলো উয়েফা ‘প্রো’। উয়েফা প্রো করলেই তিনি কোচ হিসেবে সর্বোত্কৃষ্ট বিদ্যায় ঋদ্ধ হয়ে ‘সিরি আ’র যেকোনো একটি ক্লাবের দায়িত্ব নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে তুলবেন। কে জানে হয়তো একদিন ইতালির জাতীয় দলের কোচ হিসেবে ব্যাজ্জিওকে দেখা যাবে কোনো এক বিশ্বকাপের আসরে।