কোচিং স্কুলের এবার ৯৭

প্রিমিয়ার লিগে খেলতে নেমেও ক্রিকেট কোচিং স্কুল নামটাকে যেন সার্থক করে চলেছে।
প্রথম ম্যাচেই আবাহনীর বিপক্ষে ৩৫ রানে অলআউট হয়ে লজ্জায় ডুবেছিল দলটি। শেখ জামালের বিপক্ষে ২৪৭ রান করে হারলেও মনে হয়েছিল—যাক, কিছুটা উন্নতি হলো। কিসের কী! কাল নিজেদের তৃতীয় ম্যাচেও সেই পুরোনো চেহারা। প্রথম ম্যাচের মতো জঘন্য ব্যাটিং হয়তো নয়, কিন্তু ৯৭ রানে অলআউট হওয়াটাও তো নবিশদের মতোই ব্যাটিংয়ের কথা বলে। আগে ব্যাট করে ২৪৯ রান তোলা প্রাইম ব্যাংক তাই খুব সহজেই ম্যাচ জিতেছে ১৫২ রানে।
তামিম ইকবাল-নাফিস ইকবাল ভ্রাতৃদ্বয় জ্বলে উঠতে পারেননি। তাতে অবশ্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জয় আটকায়নি ব্রাদার্স ইউনিয়নের। বর্তমান চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে ব্রাদার্স। তবে দিনের সবচেয়ে জমজমাট ম্যাচটি হয়েছে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। ব্যাট ও বল হাতে অধিনায়ক মাহমুদউল্লাহর দুর্দান্ত পারফরম্যান্সে গাজী ট্যাংক ৮ রানে জিতেছে কলাবাগান ক্রীড়াচক্রের বিপক্ষে।
বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে ব্যাটিং নেয় প্রাইম ব্যাংক। সৈকত আলী আর জিয়াউর রহমানের উদ্বোধনী জুটি ৫০ রানের ভিত গড়ে দেওয়ার পর শুরু হয় নিয়মিত বিরতিতে উইকেট পতন। তবে এক প্রান্ত আঁকড়ে রাখেন উইকেটকিপার-ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর। শেষ পর্যন্ত তাঁর ৭৮ বলে ৪ ছক্কা আর ৭ চারে সাজানো ৮৬ রানের ইনিংসে ভর করে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) সামনে ২৪৯ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় প্রাইম ব্যাংক। অবশ্য পরে সিসিএসের ব্যাটিং দেখে মনে হয়েছে এত রান না করলেও হতো। ৩৪ রানে প্রথম উইকেট হারানোর পর থেকে যেন আসা-যাওয়ার মিছিলে নেমেছিলেন সিসিএস ব্যাটসম্যানরা। সেই মিছিল গুটিয়ে গেল ৯৭ রানেই! ৩১ রানে ৪ উইকেট নিয়ে বল হাতে জীবন মেন্ডিস জ্বলে উঠলেও দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন টেলরই।
মিরপুরের আউটফিল্ড তৈরি না থাকায় সকাল নয়টার খেলা শুরু হয় মিনিট বিশেক পরে। টস জিতে ফিল্ডিং নেন ব্রাদার্স অধিনায়ক নাফিস ইকবাল। অধিনায়কের সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করেছেন আজহার মেহমুদ, অ্যাঞ্জেলো ম্যাথুস আর সানজামুল ইসলামরা। ৫৮ রানের মধ্যে ভিক্টোরিয়ার ৫ উইকেট নেই! সেখান থেকে মোহাম্মদ শরীফের সঙ্গে ৮০ রানের জুটি গড়ে বিপর্যয় কিছুটা সামাল দেন জুবায়ের আহমেদ। কিন্তু ১৩৮ রানে শরীফ (৩৩) আর জুবায়েরকে (৫০) হারিয়ে আবারও ব্যাকফুটে চলে যায় ভিক্টোরিয়া। ১৬৮ রানের মধ্যে ৯ উইকেট নেই। একসময় মনে হচ্ছিল ২০০ করাই কঠিন হবে। তবে শেষ উইকেটে এনামুল ও মনিরের অবিচ্ছিন্ন ৪৫ রানের জুটি ভিক্টোরিয়াকে এনে দেয় ২১৩ রান। ব্রাদার্সের হয়ে ২টি করে উইকেট নেন আজহার মাহমুদ, অ্যাঞ্জেলো ম্যাথুস ও ইমতিয়াজ হোসেন।
তাড়া করতে নেমে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তামিম ইকবাল ফিরে যান ব্যক্তিগত ১৯ রানে। ২১ রান করে ছোট ভাইয়ের অনুসারী নাফিস ইকবালও। এরপর সজীবা বীরাকুনের জোড়া আঘাতে ৬৬ রানে পৌঁছাতেই আরও ২ উইকেট নেই ব্রাদার্সের। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেন ম্যাথুস ও নাজমুস সাদাত। দুজনের ১৫২ রানের হার না-মানা জুটিতে ৩৭ বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ব্রাদার্স। ৮২ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হয়েছেন সাদাত। অপরাজিত ৫৬ রান করে তাঁর সঙ্গী হয়ে ছিলেন ম্যাথুসও।
দিনের সবচেয়ে জমজমাট ম্যাচটা উপহার দিয়েছে কলাবাগান ক্রীড়াচক্র ও গাজী ট্যাংক। অধিনায়ক মাহমুদউল্লাহ (৫০) ও তারিক উসমানের (৫০) জোড়া অর্ধশতকে ২৪৪ রান তোলে গাজী ট্যাংক। জবাবে দুই শ্রীলঙ্কান জিহান মুবারক (৬৫) ও কাপুগেদারা চামারার (৬০) পাল্টা জোড়া হাফ সেঞ্চুরি জয়ের স্বপ্ন দেখায় কলাবাগানকেও। কিন্তু এই দুজনের বিদায়ের পর হুড়মুড় করে ভেঙে পড়ে কলাবাগানের ইনিংস। ৬ উইকেটে ২২০ রান থেকে আর মাত্র ১৬ যোগ করতেই হারায় বাকি ৪ উইকেট। হাফ সেঞ্চুরির পাশাপাশি বল হাতে মাত্র ১৩ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মাহমুদউল্লাহ।
সং ক্ষি প্ত স্কো র
ভিক্টোরিয়া: ৫০ ওভারে ২১৩/৯ (সৌম্য ১০, মাইশুকুর ০, এনামুল বিজয় ১, করুনানায়েকে ০, নাসির ৩৫, জুবায়ের ৫০, শরীফ ৩৩, সাজেদুল ২৭, বীরাকুন ২, এনামুল ২৯, মুনির ১৬; সেনানায়েকে ১/১৮, মেহমুদ ২/৩২, ম্যাথুস ২/২৯, সানজামুল ১/৬৩, কাপালি ০/৩৯, নাজমুস ০/২৩, ইমতিয়াজ ২/৭)। ব্রাদার্স: ৪৩.৫ ওভারে ২১৪/৪ (তামিম ১৯, ইমতিয়াজ ২২, নাফিস ২১, ম্যাথুস ৫৬*, মেহরাব ০, নাজমুস ৮২*; নাসির ০/৩৯, শরীফ ১/৩৬, সাজেদুল ০/১৭, বীরাকুন ২/৩৫, সৌম্য ০/২১, মুনির ১/৩৯, এনামুল ০/১২, জুবায়ের ০/৪, করুনানায়েকে ০/৫)। ফল: ব্রাদার্স ইউনিয়ন ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: নাজমুস সাদাত (ব্রাদার্স)।
প্রাইম ব্যাংক: ৫০ ওভারে ২৪৯/৮ (সৈকত ২৮, জিয়াউর ১৮, রাজাপক্ষে ২৫, টেলর ৮৬, মেন্ডিস ২২, মাহমুদুল ৫, তায়েবুর ২২*, ফরিদউদ্দিন ৯, তাপস ২০, এনামুল জুনিয়র ১*; তুষারা ১/৪৭, বিশ্বনাথ ৩/৪৩, পার্বাতানি ২/৩৮, আসিফ ০/৫৩, ইমামুল ২/৪২, অমিত কুমার ০/২২)। ক্রিকেট কোচিং স্কুল: ৩৬.৩ ওভারে ৯৭ (উত্তম ১৫, অমিত মজুমদার ২৪, রুপাসিঙ্গে ০, আসিফ ২৭, পার্বাতানি ৬, ইমামুল ০, নুরুল ৫, নাজমুল মিলন ৯, তুষারা ০, বিশ্বনাথ ১, অমিত কুমার ০*; তাপস ০/১৬, ফরিদউদ্দিন ০/১৫, এনামুল জুনিয়র ২/১৪, মেন্ডিস ৪/৩১, আবদুর রহমান ১/৮, তায়েবুর ০/৬, মাহমুদুল ২/১)। ফল: প্রাইম ব্যাংক ১৫২ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ব্রেন্ডন টেলর (প্রাইম ব্যাংক)।
গাজী ট্যাংক ক্রিকেটার্স: ৫০ ওভারে ২৪৪/৮ (উসমান ৫০, ইমরুল ২১, আফতাব ০, স্টাইরিস ৩৪, মাহমুদুল্লাহ ৫০, রকিবুল ৩৯, বীরারত্নে ১৪*, হামিদুল ২৩, রুবেল ০, নাঈম জুনিয়র ১*; রাসেল ১/৩২, ফরহাদ ০/২৩, মুবারক ২/৫৩, চিন্তাকা ১/৫০, নাঈম ৩/৪৪, রকিবুল ১/৪১)। কলাবাগান ক্রীড়াচক্র: ৪৯.৩ ওভারে ২৩৬ (মাহবুবুল ২০, নাসিরউদ্দিন ১৩, ফরহাদ ৩৬, মুবারক ৬৫, নাঈম ৩, কাপুগেদারা ৬০, নাদিফ ১২, তাসামুল ৯*, রাসেল ১, রকিবুল ২, চিন্তাকা ১; রুবেল ২/৫১, বীরারত্নে ০/৩৯, আরাফাত সানি ২/৪৫, মাহমুদউল্লাহ ২/১৩, উসমান ০/৪৫, নাঈম জুনিয়র ০/৩৭)। ফল: গাজী ট্যাংক ৮ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মাহমুদউল্লাহ (গাজী ট্যাংক)।