কোচিংয়ে ফিরলেন দুঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালে ব্রাজিলের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর যেন বিস্মৃতিতেই তলিয়ে গিয়েছিলেন। সেই কার্লোস দুঙ্গা আবার এলেন আলোচনায়। ব্রাজিলেরই ক্লাব ইন্টারন্যাসিওনালের দায়িত্ব নিয়েছেন ব্রাজিলকে ১৯৯৪ বিশ্বকাপ জেতানো অধিনায়ক। পোর্তো অ্যালেগ্রের ক্লাবটি নিজেদের ওয়েবসাইটে এমন ঘোষণাই দিয়েছে। ২০০৬ বিশ্বকাপের পর থেকে টানা চার বছর ব্রাজিলের কোচ ছিলেন। কোপা আমেরিকা, কনফেডারেশনস কাপ জিতিয়েছেন সেলেসাওদের। কিন্তু ‘দুঙ্গার ব্রাজিল’ বললেই যেন চিরায়ত সাম্বা ফুটবল নয়, পাল্টা-আক্রমণনির্ভর রক্ষণাত্মক একটা দলের ছবি ভেসে ওঠে চোখের সামনে। পুরো ব্রাজিলবাসী এই ব্রাজিলকে স্বাগত জানাতে পারেনি। ২০১০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়ের দায়ভার নিয়ে সরে যেতে হয় দুঙ্গাকে। নতুন ক্লাবে এসেই ৪৯ বছর বয়সী কোচ জানিয়ে দিয়েছেন নিজের কোচিং-দর্শনটা, ‘আমার সঙ্গে কাজ করতে হলে অবশ্যই অঙ্গীকারবদ্ধ হতে হবে। জয়ের ইচ্ছাটাও পুরোপুরি থাকতে হবে।’ এই ক্লাবের হয়ে দুঙ্গার খেলোয়াড়ি জীবনের শুরু ও শেষ। এ জন্য এটা তাঁর কাছে একরকম ঘরে ফেরাই। রয়টার্স।