কোচের আস্থার মূল্য দেবেন তোরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনের এবারের ইউরো মিশনে ফার্নান্দো তোরেস জায়গা পাবেন কি না, তা নিয়ে ছিল অনেক সংশয়। কিন্তু শেষ পর্যন্ত কোচ দেল বস্কের আস্থা অর্জন করতে পেরেছেন এই স্প্যানিশ স্ট্রাইকার। স্থান পেয়েছেন স্পেনের ২৩ সদস্যের চূড়ান্ত দলে। আর এখন কোচের এই আস্থার প্রতিদানটা ভালোমতোই দিতে চান তোরেস।২০০৮ সালের ইউরো কাপে স্পেনের শিরোপা জয়ের নায়ক ছিলেন তোরেস। কিন্তু তার পর থেকে নিজেকে যেন হারিয়েই ফেলেছিলেন ২৮ বছর বয়সী এই স্ট্রাইকার। ক্লাব ফুটবলের আসরেও খুব একটা ভালো পারফরমেন্স দেখাতে পারছিলেন না। লিভারপুল ছেড়ে চেলসিতে আসার পরও অবস্থার খুব একটা উন্নয়ন ঘটাতে পারেননি তিনি। এবার এই ইউরো কাপের আসরেই আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তোরেস। তিনি বলেছেন, ‘দল থেকে বাদ পড়াটা আমার জন্য ছিল খুবই কঠিন। কিন্তু এখন দেল বস্ক আমার উপর আস্থা রেখেছেন। আর এবার আমাকে দেখাতে হবে যে, তিনি আমাকে যে ভূমিকায় খেলাতে চান, সেটা আমি ভালোমতোই খেলতে পারি। আশা করছি যে এবার আমি দলকে আমার সেরাটা দিতে পারব।’ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের শেষ সময়টা অবশ্য বেশ ভালোভাবেই কাটিয়েছেন তোরেস। সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে শেষ মুহূর্তে সমতাসূচক একটা গোল করেছিলেন এই স্প্যানিশ স্ট্রাইকার। ফাইনালেও দ্রগবার করা সমতাসূচক গোলটা করার পেছনে মুখ্য ভূমিকা রেখেছিলেন তিনি। আর শেষ পর্যন্ত তাঁর দল চেলসিই জিতেছে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটা। এই সাফল্যটা হয়তো ইউরো কাপে বাড়তি আত্মবিশ্বাসও জোগাবে তোরেসকে। রয়টার্স