কোচের ইতিবাচকতা মন্ত্র

ইনডোরের নেটের ব্যাটসম্যানটা সাকিব আল হাসানই তো! বিস্ময়ের কারণ, ঐচ্ছিক অনুশীলনের দিনে আর সবাই মাঠে এলেও এই একজন পারতপক্ষে আসেন না। কাল কত দিন পর ঐচ্ছিক অনুশীলনে নেটে নামলেন, সেটা সাকিবও ঠিক করে মনে করতে পারবেন কি না সন্দেহ।
কোচ শেন জার্গেনসেন আর তাঁর কোচিং সঙ্গীদের সঙ্গে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করতে আসেন আট ক্রিকেটার। তাঁর মধ্যে সাকিব যেমন ছিলেন, ছিলেন ঘাড়ের সমস্যার কারণে প্রথম দুই ওয়ানডে খেলতে না-পারা তামিম ইকবালও। আরও ছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম, নাঈম ইসলাম, শফিউল ইসলাম, মুমিনুল হক, আল আমিন ও সোহাগ গাজী।
খেলোয়াড়দের নেটে পাঠিয়ে জার্গেনসেন মুখোমুখি হলেন সাংবাদিকদের। কিন্তু অন্য দিনের তুলনায় কোচ যেন এদিন একটু বেশিই চনমনে! সিরিজ হার, জয়ের সম্ভাবনা জাগিয়েও জিততে না-পারা—এসবে কি একটুও আহত নন তিনি? এসব বিষয় তো আছেই, জার্গেনসেন কথা বললেন শ্রীলঙ্কা সিরিজের অন্য বিষয় নিয়েও। বাজে ব্যাটিং-ফিল্ডিং, খেলোয়াড়দের শরীরী ভাষা সবকিছুর ব্যাপারেই পাল্টা বক্তব্য আছে জার্গেনসেনের। সেসব শুনুন তাঁর মুখ থেকেই—
সিরিজ হারায় যেমন লাগছে: খুবই খারাপ লাগছে। আমি কোচ হওয়ার পর দেশের মাটিতে এটা প্রথম সিরিজ হার। শ্রীলঙ্কার মতো একটা শক্তিশালী দলের বিপক্ষে আমরা সেরা খেলাটা খেলতে পারিনি। কালকের (আজ) ম্যাচে আমাদের ইতিবাচক থাকতে হবে।
যেখানে ইতিবাচক হতে হবে: আমার ধারণা, এই সিরিজের আগ পর্যন্ত আমাদের ওয়ানডে ফর্ম ছিল অসাধারণ। পর পর দুটি ম্যাচ হেরেছি। দলের বাইরে অনেকেই আছেন যাঁরা এতে আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে আমি একদমই আতঙ্কিত নই। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আগের ম্যাচে আমরা ভালো অবস্থানে থাকলেও শেষটা ভালো করতে পারিনি। আরেকটু ভালো খেললেই আমরা প্রত্যাশিত ফল পেতে পারি।
বাজে ফিল্ডিং: অনুশীলনে ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। নিউজিল্যান্ড সিরিজের আগে আমরা যেভাবে অনুশীলন করেছিলাম, এবারও ঠিক একইভাবে করেছি। তবে যে সুযোগগুলো আমরা পেয়েছি তার অনেকগুলোই কাজে লাগাতে পারিনি। সবাইকে ধৈর্য ধরতে হবে। দলটা তরুণ, ভুল তো হবেই।
হাল ছেড়ে দেওয়া শরীরী ভাষা: আমার মনে হয় এসব ক্ষেত্রে মাঝেমধ্যে মানুষ একটু বেশিই বিশ্লেষণ করে ফেলে। আমরা সুযোগ তৈরি করছি, কিন্তু তার সবই কাজে লাগাতে পারছি না। ছেলেরা একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চাপ নিতে পারছে না। তবে আমরা খুব ভালো ওয়ানডে দল। আমরা জানি কী করতে হবে এবং এসব থেকে বেরিয়ে এসে সেটাই করতে হবে। এখন কী করছি সেটার কোনো ব্যাখ্যা দিতে চাই না। আমি এখন সামনে তাকাতে চাই।
ব্যাটিং অ্যাপ্রোচ: আমি মনে করি, আমরা আমাদের পরিকল্পনা ঠিকভাবে কাজে লাগাতে পারিনি। কখনো কখনো এ রকম হয়। তবে ব্যাপারটা এমন নয় যে আমরা খুব বাজেভাবে হেরেছি। নিজেদের কাজটা এখনো ঠিকভাবে করতে পারিনি, এটাই হলো আসল। নয়তো দুই ম্যাচেই আমরা ভালো অবস্থানে ছিলাম।
দলের আত্মবিশ্বাস ফেরাতে যা করছেন: আমি আমাদের ইতিবাচক দিকগুলোই তুলে ধরব। তরুণ একটা দল যখন এ রকম পরিস্থিতির মধ্য দিয়ে যায়, আত্মবিশ্বাসটা দ্রুত নেমে যায় তাদের।
মাইক্রোফোনের সামনে শেন জার্গেনসেন তাঁর দায়িত্বটা ভালোভাবেই পালন করেছেন বলতে হবে। একটার পর একটা হারে খারাপ সবারই লাগে, তবে সবচেয়ে বেশি খারাপ লাগার কথা খেলোয়াড়দেরই। এই দুঃসময়ে কোচ তাঁদের মাথায় ছাতা ধরবেন, সেটাই তো স্বাভাবিক। তবে ড্রেসিংরুমে যে কোচ সব সময় এ ভাষাতেই কথা বলছেন, ব্যাপারটা সে রকম নয়। প্রতিটা হারের পর খেলোয়াড়দের প্রতি তাঁর ভাষা বেশ কঠিন হচ্ছে বলেই খবর। পরশু দ্বিতীয় ওয়ানডের পর যেমন প্রশ্ন তুলেছেন— ড্রেসিংরুমের পরিকল্পনা কেন মাঠে কাজে লাগানো যাচ্ছে না, নিষেধ সত্ত্বেও কেন ছক্কা মারার চেষ্টা, ৪০ ওভার পর্যন্ত রানরেটে এগিয়ে থাকার পরও কেন চাপ নিয়ে নেওয়া ইত্যাদি।
কিন্তু উত্তর যদি জানা না থাকে, প্রশ্ন তুলেই বা কী লাভ?