কোচের ওপর ক্ষোভ সালাউদ্দিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দল বনাম বিদেশি একাদশ অনুশীলন ম্যাচ শুরু হয়ে গেছে। একটু পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে এলেন কাজী সালাউদ্দিন। সোজা গেলেন কোচ ইলিয়েভস্কির কাছে। কিছুক্ষণ কথা বললেন। কী কথা? ‘কোচের কাছে ব্যাখ্যা চেয়েছি। তিনি আগে বলেছেন, জাতীয় দলের অনুশীলনের জন্য সময় চান। এ জন্য ঘরোয়া ফুটবল আমরা সাফের পর শুরুর সিদ্ধান্ত নিয়েছি। আর গতকাল (পরশু) বলেছেন উল্টো কথা। লিগ না থাকার কারণে খেলোয়াড়দের ফিটনেস নেই। আমরা লিগ বন্ধ রেখেছি কেন, এ জন্য তিনি উষ্মা প্রকাশ করেছেন’—কোচকে তোপ দেগে বাফুফে সভাপতি খানিক উত্তেজিত। আরও বললেন, ‘ফেডারেশনে গিয়ে সব পেপার কাটিং আমি দেখে এসেছি। কোচ একেক সময় একেক কথা বললে তো হবে না। এই কথাগুলো তাঁকে জিজ্ঞেস করেছি এবং তিনি সবই অস্বীকার করলেন। ফেডারেশনকে নাকি লিগ আয়োজন করতে বলেছেন। এটা ঠিক, খেলা হওয়া উচিত। পৃথিবীর সব দেশেই ঘরোয়া ফুটবল চলতে থাকে, ফাঁকে ফাঁকে জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেন ফুটবলাররা। আমরাও তা-ই চাই, কিন্তু ক্লাবের আপত্তিতে হয় না।’ ইলিয়েভস্কি পরে বললেন, ‘ফুটবল দলের প্রস্তুতির জন্য সব বন্ধ রাখতে আমি বলিনি। ব্যবস্থাপনা কমিটি হয়তো ভুল বুঝেছে। আমি লিগ চাইব না কেন? লিগ না চললে খেলোয়াড়েরা আন্তর্জাতিক ম্যাচের জন্য কখনোই ভালোভাবে তৈরি হতে পারবে না।’তাঁর কথা, ‘সমস্যা অনেক। এগুলো কাটিয়ে উঠতে না পারলে সামনের দিকে এগোনো কঠিন। বাংলাদেশের ফুটবলের স্বার্থেই লম্বা সময়ের জন্য লিগ বন্ধ রাখা উচিত নয়। এতে বিরাট ক্ষতি হয়।’এই চাপান-উতোরে ইঙ্গিতটা পরিষ্কার, এই কোচের সঙ্গেও দূরত্ব তৈরি হয়ে গেছে বাফুফের। আবার অশনিসংকেত!