কোচের কাছে মাশরাফির চাওয়া
খাওয়া-দাওয়া বলতে গেলে ছেড়েই দিয়েছিলেন। ভাত পুরোপুরি বাদ। শাকসবজি যা-ই খেতেন নামমাত্র তেলে উল্টে। তিন মাসে ওজন কমিয়েছিলেন ১৪ কেজি!বেশি দুর্বল হয়ে যাওয়ার ভয়ে পরে খাওয়া-দাওয়া বাড়িয়ে মাশরাফি বিন মুর্তজা সে অবস্থা থেকে ফিরে এসেছেন আরও আগেই। তবে খেলা-মাঠ—সবকিছু থেকে দূরে থাকায় শরীরটা এখন আরও স্ফীত হওয়ার পথে। কাল বিসিবির বারান্দায় দাঁড়িয়ে থাকা মাশরাফির মৃদু অস্বস্তি, ‘ওয়েট তিন কেজি বেড়ে গেছে...।’বাড়তেই পারে। গত কয়েক মাস তিনি যত না একজন খেলোয়াড়, তার চেয়ে বেশি একজন বাবা। একজন স্বামী, কিংবা একজন রোগী। শারীরিক-মানসিক সমস্যায় জর্জরিত সময় পার হয়ে ক্রিকেটার সত্তাটি যখন আবার মুক্তির অপেক্ষায়, সবার আগে ওই বাড়তি ওজন ঝরিয়ে ফেলারই ঘোষণা এল মাশরাফির মুখ থেকে।বাড়তি মেদ ঝরানো দিয়ে শুরু হলেও শেষ লক্ষ্যটা পুরোনোই—মাঠে ফেরা। গত ১১ মে অস্ট্রেলিয়ায় হাঁটুর অস্ত্রোপচার করিয়ে আসার পর পাঁচ সপ্তাহ পেরিয়ে গেছে। সাইক্লিং করছেন, সপ্তাহে দুই দিন জিম। সামনে শুরু করবেন সুইমিংও। মাশরাফির বিশ্বাস, এভাবে চলতে থাকলে প্রত্যাশিত সময়ে ফিরে আসবেন খেলায়, ‘সামান্য ব্যথা থাকলেও রিকভারি ভালোই হচ্ছে। আশা করছি, খুব তাড়াতাড়ি এর পরের ধাপটা শুরু করতে পারব। তবে ফুল রানআপে বোলিং শুরু করতে ছয় মাস লাগবে, তার মানে সেপ্টেম্বর। তারপর হয়তো বা ম্যাচ খেলতে পারব।’যে সময়টা তিনি মাঠের বাইরে, বাংলাদেশের ক্রিকেটও তখন চলছে পালাবদলের সময়। মাশরাফি আবার খেলায় ফিরতে ফিরতে পালাবদলের এই চক্র পূরণ হয়ে যাবে আশা করা যায়। সব ঠিকঠাক থাকলে জেমি সিডন্সের উত্তরসূরির নাম চূড়ান্ত হবে সপ্তাহ খানেকের মধ্যেই। সে ক্ষেত্রে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দল পেয়ে যাবে নতুন কোচ।এই নতুন কোচ কেমন হলে ভালো—কাল জানতে চাওয়া হয়েছিল মাশরাফির কাছে। বাংলাদেশ দলের সর্বশেষ দুই কোচের কাছে দুই রকম ‘মর্যাদা’ পাওয়া মাশরাফি বিষয়টা এড়িয়ে যেতে গিয়েও বললেন, ‘কোচ নিয়ে আমি কখনো চিন্তা করি না। এটা বোর্ডের সিদ্ধান্ত, কোনো খেলোয়াড়েরই এটা নিয়ে ভাবা উচিত না। তবে হ্যাঁ, ফ্রেন্ডলি কোচ সব সময়ই ভালো। খারাপ হোক, ভালো হোক সেটা কোচের কাছ থেকে সরাসরি জানতে পারলে শেখার সুযোগ থাকে।’ তবে ‘ফ্রেন্ডলি’ মানে এই না যে একজন খেলোয়াড়ের সবকিছুই প্রশ্রয়ের চোখে দেখবেন কোচ, ‘ফ্রেন্ডলি মানে এই না যে আমি দলের জন্য খারাপ কিছু করলেও তিনি সেটা মেনে নেবেন।’ডেভ হোয়াটমোরের আদরের ‘পাগলা’ মাশরাফি সিডন্সের সময় এসে কিছুটা যেন নিগৃহীতই ছিলেন। ক্ষোভটা বুঝি যায়নি এখনো, ‘কোচ কাউকে পছন্দ না করলে সেটা তার সামনে বলে দেওয়াই ভালো। ব্যাপারটা তখন খেলোয়াড়ের জন্য সহজ হয়ে যায়। যদিও আমাদের দেশে কাজটা কঠিন। কোনো কোচই সরাসরি এসব কথা বলতে পারে না।’ উদাহরণ টানলেন ভারতের, ‘ভারত এত ভালো করেছে কারণ গ্যারি কারস্টেন ছিল খুব ফ্রেন্ডলি। ওদের খেলোয়াড়েরাই এটা বলেছে। সব খেলোয়াড়কে সমান চোখে দেখা, সবার সঙ্গে বন্ধুর মতো মেশা এই পর্যায়ের কোচদের জন্য গুরুত্বপূর্ণ।’‘মানুষ’ হিসেবে সিডন্স হয়তো খুব বেশি নম্বর পাবেন না মাশরাফির কাছ থেকে। তবে কোচের ভূমিকাটা যখন শিক্ষকের, মাশরাফির প্রশংসাই পাচ্ছেন এই অস্ট্রেলিয়ান। হাই প্রোফাইল-লো প্রোফাইল তর্কে না গিয়ে বাংলাদেশ দলের জন্য সিডন্সের মতোই কাউকে চাইলেন সাবেক অধিনায়ক, ‘সিডন্স অস্ট্রেলিয়ার ব্যাটিং কোচ ছিলেন। এক ধরনের হাইপ্রোফাইল কোচই। আমি মনে করি, উনি আসার পর আমাদের কয়েকজন ব্যাটসম্যান টেকনিক্যালি খুব উন্নতি করেছে। এ রকম কোচ আসলে অবশ্যই ভালো।’তবে মাশরাফি বেশি দেখবেন কোচের ভেতরটাই। এখানে ক্রিকেটের সঙ্গে আবেগের মাখামাখি, নতুন কোচ যেন সেটা বুঝতে পারেন। যেন বুঝতে পারেন, বাংলাদেশ অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড নয়। স্টুয়ার্ট ল-ই আসুন কিংবা মিক নিউয়েল, প্রত্যাশার পারদটা যেন থাকে বাস্তব উচ্চতায়।