কোচের জন্য হাহাকার
আগামী বছর লন্ডন অলিম্পিকে খেলার স্বপ্ন নিয়ে জার্মানি গিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের আপাত-ভরাডুবি ঘটিয়ে কাল দেশে ফিরলেন তিন শ্যুটার—শারমিন আক্তার রত্না, শারমিন আক্তার ও আবদুল্লাহ হেল বাকি। ১৬ জুন বিশ্বকাপ শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে রত্না করেছেন অনুশীলনে স্বাভাবিক স্কোরের চেয়েও কম—৪০০-তে ৩৮৬। শারমিন আক্তার তুলনামূলক ভালো করেছেন—৩৯১। এই ইভেন্টে ৬০০-তে অনুশীলনে ৫৯৭ পর্যন্ত স্কোর করা আবদুল্লাহ ৫৮৬-এর বেশি করতে পারেননি।কেন এই ভরাডুবি? এসএ গেমসে সোনাজয়ী রত্না কোচের অভাবকেই এর অন্যতম কারণ বলে মনে করছেন, ‘আমাদের সঙ্গে কেউ কোচ হিসেবে যাননি। একজন কোচের অভাব খুব অনুভব করেছি। আমরা তিনজন একে অন্যের সাপোর্ট দেব, না নিজেদের খেলাটা খেলব? তার পরও আমরা নিজেদের মধ্যে আলোচনা করে কার কী সমস্যা, সেটা খুঁজে বের করার চেষ্টা করেছি। আমাদের সঙ্গে যদি একজন কোচ থাকতেন, তাহলে হয়তো আরেকটু ভালো পরামর্শ দিতে পারতেন।’শারমিনের কথাতেও একই সুর, ‘একজন কোচ থাকলে মানসিকভাবে অনেক এগিয়ে থাকতে পারতাম আমরা। ভুলত্রুটিগুলো সহজেই ধরা পড়ত।’ আরেক শ্যুটার আবদুল্লাহ দেশে এসেছেন অসুস্থ হয়ে। এমন অসুস্থ যে কথাই বলতে পারছেন না। জার্মানিতে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। সেখানকার চিকিৎসকদের ধারণা, অসুস্থতার কারণ খাদ্যে বিষক্রিয়া। ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বললেন, ‘আমরা এখানে পরীক্ষা-টরীক্ষা করার পরই বলতে পারব ওর আসলে কী হয়েছে।’দলের সঙ্গে একজন কোচ যাওয়া প্রয়োজন ছিল বলে মনে করেন ইশতিয়াকও, ‘এটা একটা মানসিক খেলা। এখানে একজন কোচ থাকলে অবশ্যই ফলাফল এর চেয়ে ভালো হতো।’ ভারতের অভিনব বিন্দ্রা ও গগন নারাংয়ের উদাহরণ টেনে বললেন, ‘সব সময়ই ওদের সঙ্গে তিন থেকে চারজন করে কোচ থাকে। কিন্তু আমরা আর্থিক সংকটের কারণে কোচ পাঠাতে পারিনি।’ জার্মানির ব্যর্থতাতেই সব শেষ দেখছেন না তিনি, ‘আমাদের অলিম্পিকে যাওয়ার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। আগামী জানুয়ারিতে দোহায় এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপেও একটা সুযোগ মিলবে।’