খেলোয়াড়েরা হাতাহাতি করতে পারেন, মারপিটে জড়ানোও অস্বাভাবিক নয়। ফুটবল মাঠে এসব আকছারই ঘটে। তাই বলে কোচের নাক ফাটিয়ে দেবেন প্রতিপক্ষ খেলোয়াড়!মাস্তানি ছাড়া আর কী বলবেন? কাল এই কুৎসিত দৃশ্য দেখল কমলাপুর স্টেডিয়াম। শেখ রাসেল-আরামবাগ ম্যাচ ড্র (১-১) হওয়ার পর দুই দল জড়িয়ে পড়ল হাতাহাতিতে। নাক ফাটল শেখ রাসেলের কোচ মাহমুদুল হকের (লিটন)। তাঁর চশমাও ভেঙে টুকরো টুকরো।এমনিতে বাংলাদেশ লিগের প্রায় প্রতি ম্যাচই উত্তেজনা ছড়াচ্ছে। তাই কালকের ম্যাচ শেষে শেখ রাসেলের মরক্কান স্ট্রাইকার চাওরুত ইউসেফ ও আরামবাগের গিনিয়ান খেলোয়াড় মোস্তফা কাবার তর্কাতর্কি, একে অন্যের দিকে তেড়ে যাওয়া—পরিচিত দৃশ্যেরই সংস্করণ মনে হচ্ছিল। কিন্তু গোল বাধল শেখ রাসেল কোচ মাহমুদুল মাঠের মাঝখানে তাঁর খেলোয়াড়কে থামাতে যাওয়ার পর।এই সময় কাবা ছুটে এসে মাহমুদুলের মুখে আঘাত করে বসেন! ছুটে আসেন আরামবাগের অধিনায়ক দ্বীন মোহাম্মদ। একটু পর দেখা গেল, মাহমুদুলের নাক ফেটে রক্ত ঝরছে। জাতীয় দলের সাবেক স্ট্রাইকার মাহমুদুল তখন চিৎকার করে দ্বীন মোহাম্মদকে বলছিলেন, ‘আমি তো ঘটনাটা থামাতে গেছি। আমাকে তুমি আঘাত করলা কেন?’কোচের নাক দিয়ে তখন রক্ত ঝরছে। অবস্থা দেখে শেখ রাসেলের অন্য কর্মকর্তারাও উত্তেজিত হয়ে পড়েন। তাঁরা ঢাকা মাঠের সিনিয়র ফুটবলার দ্বীন মোহাম্মদ আর কাবাকে খুঁজতে থাকেন। শেখ রাসেলের কর্মকর্তা সালেহ জামান সেলিমসহ সবাই ছিলেন মারমুখো। একই ভূমিকায় দেখা যায় আরামবাগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলামকে (খোকন)। তাঁদের মধ্যে তীব্র বাগিবতণ্ডায় মারপিট প্রায় লেগেই গিয়েছিল!এ সময় মাঠে নেমে আসা শেখ রাসেলের সভাপতি নুরুল আলম চৌধুরী দুই পক্ষকে শান্ত না করলে বড় অঘটন ঘটতে পারত। তবে যা ঘটল, তা চলমান বাংলাদেশ লিগে বিশৃৃৃঙ্খলা আর নিরাপত্তাহীনতার বড় উদাহরণ।ক্ষুব্ধ-ব্যথিত মাহমুদুল বলেছেন, ‘কাবা আর দ্বীন মোহাম্মদ আমার মুখে আঘাত করেছে। ভাবতেই পারি না, ওরা কাজটা কীভাবে করল!’ দ্বীন মোহাম্মদের দাবি, ‘আমি নই, কাবা আঘাত করেছে। লিটন ভাই আমার বড় ভাইয়ের মতো। আমি তাঁকে আঘাত করতে যাব কেন?’ গজরাতে গজরাতে কাবা দোষ দিচ্ছেন প্রতিপক্ষকে, ‘উনি যেন কিছুই করেননি!’এই উত্তেজনাকর পটভূমি রচিত হয়েছে খেলায়। ৪৩ মিনিটে গিনির স্ট্রাইকার বাঙ্গুরা ইসমাইলের গোলে এগিয়ে যায় আরামবাগ। এর আগে শেখ জামালকে হারানোর পর শেখ রাসেলকেও হারানোর স্বপ্নে তখন বিভোর দলটি। কিন্তু শেখ রাসেলের মরক্কান স্ট্রাইকার ইউসেফ ৫১ মিনিটে আলতো টোকায় ১-১ করে বাস্তবে ফেরান আরামবাগকে। সুযোগ কাজে লাগানোর ব্যর্থতায় আগের ম্যাচে মুক্তিযোদ্ধার কাছে ৩-০ গোলে উড়ে যাওয়ার পর জয়ে ফিরতে পারল না দলটি। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে রাসেল, আরামবাগের পয়েন্ট ৬।শেখ রাসেল: আল আমিন (মামুন), প্রদীপ, আমিনুল, বাবু, ইমু, শাহেদ (মোবারক), চার্লস, মরো মোহাম্মদ, আব্বাস ইউনুসা, ইউসেফ, ইউসুফ।আরামবাগ: মাসুদ, মনু, ডালিম (রিজভি), ফয়সাল (এমেকা), দ্বীন মোহাম্মদ, কাশেম, মোস্তফা কাবা, শরিফ, বেঞ্জামিন, ওমোবোলাজি, বাঙ্গুরা ইসমাইল।আজকের খেলা: শেখ জামাল-ফেনী সকার (৪টা, কমলাপুর স্টেডিয়াম)