কোচের পরীক্ষাগারে ৪২ ফুটবলার
জাতীয় দলে কারও জায়গাই পাকা নয়। প্রথম দিন এসে এই বার্তাই দিয়েছিলেন নিকোলা ইলিয়েভস্কি। এখন খেলোয়াড়দের আনছেন পরীক্ষাগারে। পরীক্ষায় উত্তীর্ণদের ডাকবেন ডিসেম্বরে ভারতে অনুষ্ঠেয় সাফ ফুটবলের ক্যাম্পে। কাল ৪২ জন ফুটবলারের তালিকা প্রকাশ করেছেন মেসিডোনিয়ান কোচ। এর মধ্যে জাতীয় দলে ২২ জন। ২১ জন অনূর্ধ্ব-২২ দলে। শেখ রাসেলের মেজবাবুল হক মানিক আছেন দুই দলেই! দু-এক দিনের মধ্যে অনূর্ধ্ব-২১ দলও জানাবেন। এই তিনটি দলকে নিয়ে আগামীকাল ও ২৯ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন ম্যাচ খেলাবেন।সবগুলোই ৪৫ মিনিটের ম্যাচ। আগামীকাল খেলবে অনূর্ধ্ব-২২ ও জাতীয় দল। এই দুই দলে ডাক পাওয়া খেলোয়াড়দের কাল দুপুর একটায় খেলার সরঞ্জামসহ বাফুফে ভবনে ইলিয়েভস্কির কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।গত ডিসেম্বরে ঢাকা এসেছেন। এসেই দল নিয়ে নিজের মতো করে চিন্তাভাবনার সময়ই পাননি। বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের চারটি ম্যাচ শেষ। এখন পরীক্ষা-নিরীক্ষা করছেন। আগামী মাসে ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল। এই প্রতিযোগিতার জন্য গড়ছেন যুবদলও। একই সঙ্গে অনূর্ধ্ব-২১ ও ২২ এবং জাতীয় দলও তাঁর হাতে। এই দলগুলোকে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলিয়ে ইলিয়েভস্কি বাংলাদেশের ফুটবলারদের ম্যাচ খেলার ঘাটতিটা ঘোচাতে চান কিছুটা হলেও। ‘আমি ২৬ ও ২৯ তারিখের পর প্রতি শুক্রবার জাতীয় দলকে অনুশীলন ম্যাচ খেলাব সাফের আগ পর্যন্ত। এটা খুব দরকার। কারণ, ম্যাচ না খেললে ভালো প্রস্তুতি হয় না। চাইব, ভারতে যাওয়ার আগে বিদেশে অন্তত দুটি অনুশীলন ম্যাচ খেলতে’—বলেছেন ইলিয়েভস্কি।শৃঙ্খলার ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছেন। যেমনটা আগেই জানিয়েছেন, সেই অনুযায়ী জাহিদ হাসান (এমিলি), মিঠুন চৌধুরী ও জাহিদ হোসেনকে জাতীয় দলে ডাকেননি। তবে জাতীয় দলের তালিকায় আছেন জিয়া। যদিও তাঁর কোনো খোঁজ না পেয়ে বিচ সকার দল থেকে বাদ দেওয়া হয়েছে জিয়াকে।জাতীয় দল: বিপ্লব, মামুন খান, জিয়া, সুজন, আরিফ, রেজাউল, মামুন মিয়া, ওয়ালি ফয়সাল, মিশু, লিংকন, নাসির, মামুনুল, প্রাণতোষ, শাকিল, কোমল, রাজু, মেজবাবুল, রানা, তৌহিদুল, সবুজ, শাখাওয়াত রনি ও রবিন। অনূর্ধ্ব-২২ দল: মোস্তাক, সোহেল, রিমন, উত্তম, রাসেল, মামুন মিয়া, রবিন, মাহফুজুর, ইয়ামিন মুন্না, পিন্টু, মেজবাবুল, ইমন, জামাল, বিপুল, মোবারক, চৌমরিন, দিদারুল, ইউসুফ, তৌহিদুল আলম, সোহেল রানা, বিপ্লব।