কোটি টাকার লড়াইয়ে আবাহনী-মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বারবারই মোহামেডানের স্মৃতিতে উঠে এলেন গুডউইন। নাইজেরিয়ান এই স্ট্রাইকার ২০০৯ সালের ২৭ মার্চ প্রথম সুপার কাপের ফাইনালের জয়সূচক গোলদাতা। আবাহনীর বিপক্ষে ফাইনালে মোহামেডানকে কোটি টাকা জিতিয়ে আজ তিনি কোথায়?তবে আজ দ্বিতীয় সুপার কাপের ফাইনালে সেই আবাহনীর বিপক্ষেই গুডউইনের ভূমিকায় সানডেকে দেখতে চাইবে সাদা-কালোরা। কাল পড়ন্ত বিকেলে ক্লাব টেন্টে হালকা অনুশীলন শেষে গুডউইনের স্বদেশি স্ট্রাইকার প্রতিশ্রুতি দিলেন, ওই রূপেই দেখা দেবেন। দুর্দান্ত এক হ্যাটট্রিক করে শেখ জামালকে সেমিফাইনালে হারিয়ে (৪-২) দিয়েছেন এই সানডে। সানডে তাই আজ আবাহনীরও দুশ্চিন্তার নাম।এটা তো আবাহনীর ব্যাপার, আবাহনীর সমর্থকদের ব্যাপার। সাধারণ দর্শক অবশ্য চাইবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর জমাট একটা ফাইনাল। লিগ বাদ দিলে টুর্নামেন্ট ফাইনালে দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০০৯ সালের অক্টোবরে ফেডারেশন কাপে, তারপর আজ আবার। মজার ব্যাপার, লিগ লড়াইয়ের আবাহনী এগিয়ে থাকলেও শেষ তিনটি টুর্নামেন্টের ফাইনালেই আবাহনীকে হারিয়েছে মোহামেডান।কিন্তু মতিঝিল ক্লাব টেন্টে সর্বাধিক উচ্চারিত প্রশ্নটা হলো, বিদায়ী মৌসুমে মোহামেডান দল গড়ার পেছনে কর্তাদের শ্রম যা, তাতে দলের কাছে কোটি টাকার ট্রফি তাঁরা চাইতে পারেন? ফাইনালে ওঠাই ঢের বেশি!ক্লাব লনে বসে কর্মকর্তা মোস্তাকুর রহমান অকপটেই যুক্তিটা মেনে নিলেন। পানিতে ডোবা ক্লাব চত্বরের এক চিলতে জায়গায় ফাইনালের চূড়ান্ত প্রস্তুতি সারার পর কোচ শফিকুল ইসলাম বললেন, ‘ক্লাব কী দিয়েছে, সেটা কথা নয়। কথা হলো, আমরা এই সুযোগ হাতছাড়া করব না।’ এই মোহামেডানে গত সুপার কাপ জয়ী দলের একমাত্র সদস্য অধিনায়ক হাসান আল মামুন একটু আগে জান লড়িয়ে সংগ্রামের কথা বলে গেলেন, ‘আমরা সর্বাত্মক চেষ্টা করব ফাইনালটা জিততে।’সেই লড়াইয়ের প্রস্তুতি হিসেবে মোহামেডান কাল অনুশীলনে হ্যান্ডবল খেলে গেল! মাঠে পানি, হাতে না খেলে উপায় কী!ওদিকে আবাহনীর কাল অনুশীলনে নামতে নামতে পড়ন্ত বিকেল। ক্লাব প্রতিষ্ঠাতা মরহুম শেখ কামালের জন্মদিনের অনুষ্ঠান নিয়েই কাল দিনভর ব্যস্ত ছিল আবাহনী পরিবার। পরদিনের ফাইনাল নিয়ে অবশ্য দল-সংশ্লিষ্টদের মাথায় থাকল নানা ছক। সানডেকে বিশেষ পাহারায় রাখার পরিকল্পনার পাশাপাশি নিজেদের প্লে-মেকার ইব্রাহিমকে তাঁতিয়ে রাখার চেষ্টা হলো। সেমিফাইনালে দুই গোল করে দলকে ফাইনালে তোলা রবিন তাঁর ফর্মটা ধরে রাখবেন, আকাশি-নীলদের এই প্রত্যাশা।শুধুই ফেডারেশন কাপ জয়ী দলের কোচ অমলেশ সেন চান জয় দিয়ে মৌসুমের ইতি টানতে, ‘আমরা সুপার কাপটা জিততে চাই।’ অধিনায়ক প্রাণতোষ সামনে আনলেন সেমিফাইনালে মুক্তিযোদ্ধার বিপক্ষে দুবার পিছিয়েও টাইব্রেকারে জয় ছিনিয়ে নেওয়ার ব্যাপারটা, ‘সেমিফাইনালে আমরা দুবার পিছিয়ে পড়েও দারুণ খেলে জিতেছি। ওই ফর্মটা ধরে রেখে শেষ হাসি হাসতে চাই।’হাসতে চায় আয়োজক বাফুফেও। কিন্তু এমন ম্যাচের আগের বিকেলে বাফুফে ভবন ফাঁকা! আগেরবার ফাইনালের আগে দুই অধিনায়কের হাতে ট্রফি দিয়ে ছবি তোলা হয়েছিল, এবার সেই উদ্যোগও নেই! বৃষ্টিভেজা বিকেলে বাফুফে যেন ঘুমাচ্ছে!প্রথম সুপার কাপের ফাইনালে বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারিতে উপচে পড়েছিল দর্শক। এটা কবেই গল্পের অংশ হয়ে গেছে। আজ বেলা সাড়ে তিনটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু ম্যাচে গ্যালারি ফাঁকা না থাকলেই হয়। দর্শককে মাঠমুখী করার জন্য এটি যে ‘অমূল্য’ এক ফাইনাল!