কোণঠাসা অস্ট্রেলিয়া

অসহায় ভঙ্গীতে মাথা চুলকাচ্ছেন—মাইকেল ক্লার্ককে অনেক দিন এভাবে দেখা যায়নি। দেখা গেল আজ, পোর্ট এলিজাবেথে। প্রথম দিনে ২০০ রানে দক্ষিণ আফ্রিকার ৫ উইকেট ফেলে দেওয়ার পরও অস্ট্রেলিয়া শেষের দিকে রাশটা শক্ত করে টেনে ধরতে পারল না। শেষের ৫ উইকেট দ্রুত গুটিয়ে ফেলার আশায় আজ মাঠে নামা অস্ট্রেলিয়া তরতর করে এগিয়ে যেতে দেখল প্রোটিয়াদের। এবি ডি ভিলিয়ার্স আর জেপি ডুমিনির সেঞ্চুরির সৌজন্যে শেষ ৫ উইকেটে আরও ২২৩ রান যোগ করে প্রথম ইনিংসে ৪২৩ করল দক্ষিণ আফ্রিকা।
জবাবে ৮১ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে অস্ট্রেলিয়া। অবশ্য আর কোনো উইকেট না হারিয়ে ১১২ রানে দিন শেষ করেছে তারা। ৬৫ রানে অপরাজিত আছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। ৩১১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে অস্ট্রেলিয়া।
অন্য ওপেনার ক্রিস রজার্সকে ৫ রানেই ফিরিয়েছেন ভারনন ফিল্যান্ডার। পরে তাঁর শিকার মাইকেল ক্লার্কও (১৯)। মাঝখানে ইনিংসের নবম ওভারে তিন বলের মধ্যে অ্যালেক্স ডুলান আর শন মার্শকে ফেরান ওয়েন পারনেল।
এর আগে আগের দিনের ১৪ রানের জুটিটা আজ ভালো মতোই টেনে নিয়ে যান ডি ভিলিয়ার্স ও ডুমিনি। প্রথম সেশনটা ভালোমতোই পার করে দেন দুজনে। ভিলিয়ার্স সেঞ্চুরি আর ডুমিনি ফিফটিও তুলে নেন লাঞ্চের আগেই। লাঞ্চের পর সপ্তম ওভারে ১১৬ রান করে ফেরেন ভিলিয়ার্স। সর্বশেষ সাত টেস্টে তাঁর চতুর্থ সেঞ্চুরি। নব্বইয়ের ঘরে দুবার আউট হয়েছেন। না হলে সেঞ্চুরি সংখ্যা হতো ছয়। বোঝাই যাচ্ছে কেমন ফর্মে আছেন।
ষষ্ঠ উইকেটের ১৪৯ রানের জুটিটা ভেঙে গেলেও ডুমিনি কিন্তু অবিচল ছিলেন। পরের দুই জুটিতে ফিল্যান্ডার আর পারনেলকে সঙ্গে নিয়ে আরও মূল্যবান ৬৪ রান এনে দেন। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে করেছেন ইনিংস সর্বোচ্চ ১২৩। প্রায় দু বছর পর সেঞ্চুরি দেখা পেলেন এই অলরাউন্ডার।
ডুমিনি, ভিলিয়ার্স ছাড়াও দক্ষিণ আফ্রিকার ইনিংসে ফিফটি দিয়ে অবদান রেখেছেন ডিন এলগার ও ফ্যাফ ডু প্লেসিস। মজার ব্যাপার হলো, এই চারজনই নাথান লায়নের শিকার। পরে পারনেলকেও ফিরিয়ে দিয়ে ৫ উইকেট পূর্ণ করেছেন এই স্পিনার। আর যাঁকে নিয়ে কথা হচ্ছিল সবচেয়ে বেশি, সেই জনসনকে শেষ পর্যন্ত ১ উইকেটেই সন্তুষ্ট থাকতে হয়েছে।