কোণঠাসা বাঘের স্মৃতি ফিরিয়ে আনছে পাকিস্তান
অন্ত্যেষ্টিক্রিয়ার সব আয়োজন সম্পন্ন, তখন মৃতদেহ নড়ে উঠলে কেমন হয়!শহীদ আফ্রিদি ভালো বলতে পারতেন। কিন্তু তা জানার উপায় নেই। গত পরশু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পরও যে এই প্রশ্ন করার পরিস্থিতি নয়। তখনো সেই জয় শুধুই ‘সান্ত্বনা পুরস্কার’ হয়ে থাকার প্রবল সম্ভাবনা। তখনো তা মৃতদেহে প্রাণ সঞ্চারের মতো তাত্পর্যময় হয়ে ওঠেনি।যেকোনো ক্রিকেটারই আপনাকে জানাবেন, প্রবল উত্তেজনাপূর্ণ ম্যাচে খেলার চেয়েও স্নায়ুর ওপর বেশি ঝড় যায় বাইরে বসে তা দেখতে হলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা বরং সহজ ছিল পাকিস্তানের জন্য। যা হওয়ার তো হয়েই গেছে ভেবে নির্ভার। টেনশনে চুল পেকে যাওয়ার অবস্থা ইংল্যান্ড-নিউজিল্যান্ড পরের ম্যাচে।কূটনৈতিক পর্যায়ে মাখামাখি থাকতে পারে, কিন্তু ইংল্যান্ড-পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্ক বরাবরই ঝঞ্ঝাবিক্ষুব্ধ। ১৯৯২ ইংল্যান্ড সফরে ওয়াসিম-ওয়াকারের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ সেটিতে আরও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলেছে মাত্র। সূচনা সেটি নয়। ফয়সালাবাদ টেস্টে আম্পায়ার শাকুর রানার সঙ্গে ইংল্যান্ড-অধিনায়ক মাইক গ্যাটিংয়ের সেই ‘ঐতিহাসিক’ বিবাদ আরও পাঁচ বছর আগের ঘটনা। বছর কয়েক আগে বল টেম্পারিং নিয়ে ওভাল টেস্টের অপমৃত্যু যাতে সর্বশেষ সংযোজন। ইংল্যান্ড সম্পর্কে পাকিস্তানি খেলোয়াড়দের বিতৃষ্ণার প্রকাশ প্রায় বর্ণবাদী রূপ পায়, যখন ওরা বলে, ‘ওই শালে গোরে লোক...’নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে সেই ইংল্যান্ডেরই প্রবল সমর্থক হয়ে গেল পুরো পাকিস্তান। ইংল্যান্ডের জয়ে পল কলিংউডের চেয়েও বেশি আনন্দ শহীদ আফ্রিদির। ইংল্যান্ড তো হারলেও সেমিফাইনাল খেলত। জিতল বলেই খেলতে পারছে পাকিস্তান।ক্রিকেট যদি গৌরবময় অনিশ্চয়তার খেলা হয়, সেটি প্রমাণের দায়িত্ব পাকিস্তানের চেয়ে বেশি কেউ কাঁধে তুলে নেয়নি কখনো। সেটি মনে রেখেও এবারেরটি একটু আদিভৌতিকই মনে হচ্ছে। পাকিস্তান দলই তো বাক্সপেটরা গুছিয়ে ফেলেছিল! নিউজিল্যান্ডের কাছে ১ রানে হারার পর সংবাদ সম্মেলনে এসেই আফ্রিদি এমন ‘হে বন্ধু, বিদায়’-এর সুর বাজাতে শুরু করলেন যে অঙ্কের মারপ্যাঁচে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা নিয়ে কথা বলাটাই বেসুরো মনে হতে লাগল। দল নির্বাচন নিয়ে সমালোচনা, নিজের ব্যর্থতা স্বীকার—মনে হচ্ছিল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচটা না খেলতে হলেই বোধহয় আফ্রিদি খুশি হন!পরবর্তী ঘটনার ছকও তৈরি ছিল। নিয়মমতো তদন্ত কমিটি হবে, সংসদীয় কমিটিতে ডাক পড়বে আফ্রিদির...দল নির্বাচন নিয়ে অমন কড়া কথা বলায় আফ্রিদির অধিনায়কত্বের শেষও দেখে ফেলেছিলেন অনেকে।এমনিতেই আফ্রিদি এখন জামিনে মুক্ত আসামি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সফরের পর গণ-নিষেধাজ্ঞা থেকে বেঁচে যাওয়ার কারণ নাকি একটাই—লোম বাছতে কম্বল উজাড় হয়ে যাওয়ার পরিস্থিতি! ইউসুফ-ইউনুস আজীবন নিষিদ্ধ, শোয়েব মালিক এক বছর। বলকে আপেল ভাবা আফ্রিদির তাই ৩০ লাখ রুপি জরিমানার সঙ্গে ছয় মাসের ‘প্রোবেশন’। অর্থাত্ এই সময়ের মধ্যে বেগড়বাই করলেই নেমে আসবে সাসপেনশনের খাঁড়া।দক্ষিণ আফ্রিকা ম্যাচে মাঠে নামার আগে আফ্রিদি দলকে কী বলেছিলেন, সেটি এখনো প্রকাশিত নয়। একদিন নিশ্চয়ই জানা যাবে। তখন অবধারিত প্রশ্ন হবে, ছেলেবেলার নায়ক ইমরান খানের টোটকাটাই ব্যবহার করেছিলেন কি না। ১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানি-রূপকথা যখন লেখা হচ্ছে, আফ্রিদি তখন কিশোর। পাকিস্তানের সব কিশোরেরই নায়ক তখন ইমরান খান। দুজনের শরীরেই প্রবহমান পাঠান রক্তের কারণে আফ্রিদির কাছে মহানায়ক।ইমরান অবশ্য বরাবরই আফ্রিদির চেয়ে দলের আরেক পাঠান ইউনুস খানের প্রতি বেশি পক্ষপাত দেখিয়ে এসেছেন। তবে আফ্রিদি বরাবরই ‘ইম্মি ভাই’য়ের ব্যাপারে গদগদ থেকেছেন। ইম্মি ভাইয়ের মতো তিনিও কি দলকে বলেছিলেন, ‘আমরা এখন কোণঠাসা বাঘ। চলো, নখ-দাঁত বের করে ঝাঁপিয়ে পড়ি।’মনে হয় না। দুজনের ধরন আলাদা। তা ছাড়া নিউজিল্যান্ড ম্যাচের পর ওই সংবাদ সম্মেলনই তো বলে দিয়েছে, কোণঠাসা বাঘ নয়, আফ্রিদি নিজেদের মিইয়ে যাওয়া বিড়াল বলেই ভাবছিলেন!১৯৯২ বিশ্বকাপের ফরম্যাটটা ছিল বিচিত্র। নয়টি দল প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে খেলবে। প্রথম পাঁচ ম্যাচে পাকিস্তানের মাত্র একটি জয় আর ইংল্যান্ডের বিপক্ষে ৭৪ রানে অলআউট হয়েও বৃষ্টির কল্যাণে ১ পয়েন্ট। সেমিফাইনালে খেলতে বাকি সব ম্যাচ জিতলেই শুধু হবে না, অন্য ম্যাচগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে। এই যখন পরিস্থিতি, পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ইমরান টস করতে নামলেন বুকে বাঘের মুখ ছাপা টি-শার্ট পরে। অস্ট্রেলীয় অধিনায়ক অ্যালান বোর্ডারের গায়ে যথারীতি টিম জার্সি। ক্রিকেট তখনো এত নিয়মকানুনের নিগড়ে বাঁধা পড়েনি বলেই পেরেছিলেন। ম্যাচ রেফারি বলে কিছুও তখন আসেনি ক্রিকেটে। টসের সময় শুধু দুই অধিনায়ক আর কমেন্টেটর। মাইক্রোফোন হাতে ইয়ান চ্যাপেল একটু বিস্মিত হয়েই জিজ্ঞেস করলেন, ‘কী ইমরান, ঘটনা কী?’ তখনই ‘কর্নারড টাইগারস্’-এর অমর সেই বাণী। বুকে বাঘের প্রতিবিম্ব দেখিয়ে ইমরান বললেন, ‘আমি আমার দলকে বলেছি, এই ম্যাচে কর্নারড টাইগার্সের মতো খেলতে।’পাকিস্তান তা খেললও। শেষ তিন ম্যাচেই জয়। ২০ ওভারের এই বিশ্বকাপে দেড় যুগ আগের ৫০ ওভারের বিশ্বকাপের স্মৃতি ফিরে আসার মূল কারণ আরেকটি অদ্ভুত মিল। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ জিতেও পাকিস্তানের সেমিফাইনাল নিশ্চিত নয়। একই দিন মেলবোর্নে খেলছে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ। ক্রাইস্টচার্চে খেলা শেষ করে টিভির সামনে বসে আছে পুরো পাকিস্তান দল। শুধু অস্ট্রেলিয়া জিতলেই সেমিফাইনালে খেলা হবে। নিউজিল্যান্ডের বদলে ‘দক্ষিণ আফ্রিকা’ পড়ুন। আর অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের বদলে ‘ইংল্যান্ড-নিউজিল্যান্ড’। দেখুন, ১৯৯২ সালের ১১ মার্চ আর ২০১০ সালের ১০ মে কেমন মিলে যায়!শেষটাও কি মিলবে! মেলবোর্নে ট্রফি হাতে ইমরান খানের ছবির পাশে বসবে বারবাডোজে ট্রফি হাতে শহীদ আফ্রিদির ছবি? সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এই বিশ্বকাপে টি-টোয়েন্টি ক্রিকেটটাকে যারা দিয়েছে অন্য মাত্রা। কিন্তু খেলা হবে সেন্ট লুসিয়ায়। পাকিস্তানি স্পিনারদের কাছে যা প্রায় দেশের উইকেট। গ্রুপ ম্যাচে এখানে পাকিস্তানকে হারালেও মাইকেল ক্লার্ক হয়তো বলছেন, ‘দূর ছাই, সেমিফাইনালটা কেন বারবাডোজে দিল না!’গত বিশ্বকাপে প্রায় পুরো টুর্নামেন্ট নিষ্প্রভ থেকে সেমিফাইনাল-ফাইনালে জ্বলে উঠেছিলেন আফ্রিদি। এবারও এখন পর্যন্ত অদৃশ্য। কে জানে, ইতিহাসের পুনরাবৃত্তি আরও কিছু দৃশ্য সাজিয়ে রেখেছে কি না!