ঠিক যেন গত আসরেরই পুনরাবৃত্তি। কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলে দল গড়লেও ম্যানচেস্টার সিটি গতবার বিদায় নিয়েছিল প্রথম রাউন্ড থেকেই। এবারও সেই প্রথম রাউন্ড থেকে বাদ পড়ার দুয়ারে দাঁড়িয়ে রবার্তো মানচিনির দল! চার ম্যাচে তাদের পয়েন্ট মোটে দুই। তার ওপর আজ প্রতিপক্ষ আবার রিয়াল মাদ্রিদ, যাদের সঙ্গে চ্যাম্পিয়নস লিগে কখনোই জেতেনি সিটি। ২০০২ সালে লোকোমোটিভ মঙ্কো ও ২০০৪-এ পোর্তোই শুধু এমন সঙিন অবস্থা থেকে পরের পর্বে যেতে পেরেছিল।মানচিনি অবশ্য আয়াক্সের মাঠে গিয়ে ড্র করার পর পরের পর্বে ওঠার আশা বিসর্জনই দিয়েছিলেন। তবে এই সপ্তাহে অ্যাস্টন ভিলাকে বিধ্বস্ত করায় সুর কিছুটা পাল্টে গেছে এই ইতালিয়ানের, ‘আমরা ভালো করতে চাই। আমাদের পরের পর্বে যাওয়ার খুব একটা সম্ভাবনা নেই, তবু আমরা চেষ্টা করব।’ গত তিন ম্যাচে চার গোল করেছেন সার্জিও আগুয়েরো। তবে অ্যাটলেটিকো মাদ্রিদে খেলার সময় প্রতিবেশীদের সঙ্গে কখনো জেতা হয়নি তাঁর। এবার সেটা কাটাতে চান এই আর্জেন্টাইন স্ট্রাইকার, ‘হাল ছেড়ে দিলে চলবে না। ইচ্ছা থাকলেই তো উপায় হয়, নাকি? তবে এখন ব্যাপারটা অনেক কঠিন। কারণ, আমরা শুধু নিজেদের ওপর নির্ভর করতে পারছি না। অন্যদের দিকেও তাকিয়ে থাকতে হচ্ছে।’ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর স্মৃতিবিজড়িত ম্যানচেস্টারে প্রথমবারের মতো ফিরছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সিটির মাঠে হয়তো দুয়োও শুনতে হবে রিয়াল স্ট্রাইকারকে। হোসে মরিনহোও দাঁড়িয়ে আছেন আরেকটি মাইলফলকের কাছাকাছি, ৪৯ বছর বয়সে সবচেয়ে কমবয়সী কোচ হিসেবে ১০০টি চ্যাম্পিয়নস লিগ ম্যাচ ডাগআউটে কাটাতে যাচ্ছেন এই পর্তুগিজ। গ্রুপ ‘ডি’র শীর্ষে থাকা বরুশিয়া ডর্টমুন্ড খেলবে আয়াক্সের মাঠে। সেখানে জিতলেই শেষ ষোলোতে ওঠা নিশ্চিত হবে জার্মান চ্যাম্পিয়নদের। কাজটা অবশ্য সহজ হবে না। কারণ, জার্মান দলগুলোর সঙ্গে নিজেদের মাঠে ১৩ বারের দেখায় ১২ বারই জিতেছে আয়াক্স।গ্রুপ ‘বি’র হিসাবটাও বেশ গোলমেলে। শালকে, আর্সেনাল, অলিম্পিয়াকোস ভালোমতোই আছে শেষ ষোলোর লড়াইয়ে। আজ এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের প্রতিপক্ষ তলানিতে থাকা মঁপেলিয়ের। লন্ডন ডার্বিতে টটেনহামকে হারিয়ে গানারদের মনোবল বেশ চাঙা। আজ জয় না পেলে অলিম্পিয়াকোসের মাঠে জয় ছাড়া কোনো বিকল্প থাকবে না। আর্সেনাল মিডফিল্ডার অ্যারন রামসে সেটা ভালোমতোই জানেন, ‘গ্রুপটা এই মুহূর্তে বেশ জমজমাট। আপনি বলতে পারেন, আজকে যেহেতু ঘরের মাঠে খেলা, তাই আমাদের জেতাই উচিত। আশা করি, আমরা সেটা পারব।’গ্রুপ ‘সি’ থেকে মালাগা পরের পর্বে পা দিয়েই রেখেছে। পরের স্থানটির জন্য জোর লড়াই চলছে এসি মিলান, আন্ডারলেখট ও জেনিত সেন্ট পিটার্সবার্গের। গ্রুপ ‘এ’ সেই তুলনায় অনেকটাই অনুমেয়, পোর্তো ও পিএসজি বাকিদের চেয়ে এগিয়ে আছে ভালোমতোই। এএফপি।এক নজরে পোর্তো : জাগরেব কিয়েভ : পিএসজি আর্সেনাল : মঁপেলিয়ের শালকে : অলিম্পিয়াকোস আন্ডারলেখট : এসি মিলান জেনিত: মালাগা ম্যানচেস্টার সিটি : রিয়াল মাদ্রিদ আয়াক্স : বরুশিয়া ডর্টমুন্ড