কোথায় থামবেন টট্টি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরি ‘আ’র পরিচিত দৃশ্য, ফ্রান্সেসকো টট্টির গোল উদ্যাপন। পরশু রোমা-ইন্টার ম্যাচে ষ এএফপি
সিরি ‘আ’র পরিচিত দৃশ্য, ফ্রান্সেসকো টট্টির গোল উদ্যাপন। পরশু রোমা-ইন্টার ম্যাচে ষ এএফপি

ইতালির সেরা পাঁচ ফুটবলারের নাম কী?
টট্টি, টট্টি, টট্টি, টট্টি ও টট্টি।
দুই বছর আগে সাবেক রোমা কোচ জেনেক জেমানের কথাটাকে হয়তো একটু বাড়াবাড়ি মনে হয়েছিল । কিন্তু এ মুহূর্তে জেমানের সঙ্গে তর্কের খাতিরেও কেউ হয়তো তর্ক করবেন না। ৩৭ বছর বয়সেও ফ্রান্সেসকো টট্টি যেমন খেলছেন, তাতে কোথায় গিয়ে থামবেন সেটা কে বলতে পারে!
কারও কারও কাছে বয়স শুধু একটা সংখ্যা। টট্টির কাছে এটি মনে হয় ধ্রুব সত্য। সমসাময়িকদের অনেকেই বুটজোড়া তুলে রেখেছেন আরও আগে। কিন্তু ‘চিরসবুজ’ টট্টির গোলক্ষুধা যেন দিন দিন বেড়েই চলেছে। পরশু ইন্টারের মাঠে গিয়ে করলেন জোড়া গোল। রোমাও ৩-০ গোলে ইন্টারকে হারিয়ে জিতে নিল টানা ৭ ম্যাচ। পয়েন্ট তালিকায়ও সবার ওপরে। আরেকটা স্কুডেট্টো এখনো বহু দূরের পথ। কিন্তু টট্টির ফর্মটা এমন থাকলে এবার হয়তো রোমাই জিতবে শিরোপা।
এই মৌসুমে এখন পর্যন্ত করেছেন ৩ গোল। গোল করার পাশাপাশি ফুটবলে গোল করানোটাও কম গুরুত্বপূর্ণ নয়। ৬ গোল করিয়ে এখানে টট্টি সবার ওপরে। দিন কয়েক আগে নতুন চুক্তি সই করেছেন, ফলে ২০১৬ সাল পর্যন্ত টট্টি থাকবেন রোমাতেই। সে সময় তাঁর বয়স হবে ৪০! কে জানে, তখনো হয়তো এমনই খেলে যাবেন ‘রোমান সম্রাট’!
সম্রাটই তো। যে ক্লাবের আলোছায়ায় বেড়ে উঠেছেন সারা জীবন, যে ক্লাবের হয়ে খেলার জন্য ফিরিয়ে দিয়েছেন অনেক বড় বড়  ক্লাবের লোভনীয় প্রস্তাব, এমনকি জন্মভূমি ইতালির হয়ে খেলার সুযোগও যে ক্লাবের জন্য হেলায় ফিরিয়ে দেন, তাঁকে সেই ক্লাবের সম্রাট বললে মোটেই বাড়িয়ে বলা হয় না। নিজেই একসময় বলেছিলেন, ‘আমি রোমে জন্মেছি। আমি একজন রোমান ও রোমানিস্তা। রোমা ছাড়া অন্য কোনো ক্লাবের জার্সি পরার কথা আমি কল্পনাও করতে পারি না।’
আজ থেকে ২১ বছর আগে যখন প্রথম রোমার জার্সি গায়ে তোলেন, তখন আজকের কয়েকজন সতীর্থের জন্মই হয়নি! তখন কে ভাবতে পেরেছিল, একদিন রোমা আর টট্টি শব্দবন্ধ সমার্থক হয়ে যাবে। অবিসংবাদিতভাবে রোমার সর্বকালের সেরা তিনি। হয়তো সিরি ‘আ’রও। লিগে ৫৪২ ম্যাচে করেছেন ২৩০ গোল। সংখ্যায় কেবল সিলভিও পিওলাই (২৭৪) আছেন সামনে। একসময় যে রেকর্ডটাকে অস্পর্শনীয় ধরা হচ্ছিল, টট্টির কল্যাণেই সেটা এখন ‘নিরাপদ’ নয়। ওয়েবসাইট।
ইতালির সর্বকালের অন্যতম সেরা তাঁকে বলা যাবে অনায়াসেই। রোমা কোচ রাউল গার্সিয়া পরশুর ম্যাচ শেষে আরেকটু ওপরে রাখলেন এই স্ট্রাইকারকে, ‘আমাদের আক্রমণভাগে একজন নেতা আছে। সে-ই আমাদের পথ দেখিয়েছে। টট্টি ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা খেলোয়াড়। আমি তাকে এ রকম খেলতে দেখে খুবই খুশি।’