কোথায় আর্জেন্টিনা কোথায় ফ্রান্স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনার দুরন্ত গতি, ফ্রান্সের গভীর সমুদ্রে ডুবে যাওয়া—পরশু দুই পরাশক্তির দুই রূপ দেখল বিশ্বকাপ। দক্ষিণ কোরিয়া-মেক্সিকো-উরুগুয়ের দ্বিতীয় রাউন্ডে উত্তরণ আর স্বাগতিকদের বিদায়ও একই দিনের ঘটনা। আনন্দ-বেদনার বিশ্বকাপ এই বুঝি তার আসল ‘খেলা’ শুরু করল!তা যতই হোক, আর্জেন্টিনা ছুটে চলেছে আর্জেন্টিনার মতো। পেছন থেকে টেনে ধরার সাধ্য কী গ্রিসের! আগেই শেষ ষোলোতে চলে যাওয়ায় গ্রিসের বিপক্ষে খুবই চাপমুক্ত থাকল আর্জেন্টিনা। সুযোগ পেয়ে বেঞ্চের খেলোয়াড়দের পরখ করে নিয়েছেন ম্যারাডোনা। খুব ভালো কাজ হয়েছে এটা।এই আর্জেন্টিনা যেন উচ্ছল-প্রাণবন্ত দলের আদর্শ ছবি। ঝঞ্ঝাবিক্ষুব্ধ বাছাইপর্ব শেষে বিশ্বকাপের প্রথম থেকেই আত্মবিশ্বাসী লাগছিল দলটাকে। যতই ম্যাচ এগুচ্ছে, ততই আর্জেন্টিনা আরও আস্থা পাচ্ছে। খেলোয়াড়েরা ভীষণ আনন্দে আছে বোঝা যায়। ‘শিরোপা জেতার ব্যাপারে আমরা বদ্ধপরিকর’—এই ঘোষণা শুধু তাদের মুখে নয়, খেলায়ও। মেসি ‘মুক্ত’ হয়েই খেলছে। ওকে ওর মতো খেলতে দিয়ে ম্যারাডোনা প্রশংসনীয় সিদ্ধান্ত নিয়েছে। দলের চাহিদা অনুযায়ী মেসি খেলবে—ছকটা সম্ভবত এমনই। সেভাবেই খেলছে মেসি। গ্রিসের বিপক্ষেও মেসিই গোটা দলটাকে খেলিয়েছে। কড়া পাহারায় থেকেও নিজের কাজটা ঠিকই করে গেছে সে। এমনিতে আর্জেন্টিনার খেলায় ভালো লাগার অনেক কিছু আছে। তার পরও মেসি-মিলিতোর ওয়ান টু ওয়ান কিছু মুহূর্ত বেশ ভালো লেগেছে। সাইড টু সাইড খেলায়ও এদিন দেখলাম আর্জেন্টাইরা বেশ সাবলীল। মোট কথা, আর্জেন্টিনা প্রতি ম্যাচেই উন্নতি করছে।গ্রিসের বিপক্ষে সতর্কতা ছিল কার্ড এবং ইনজুরি যাতে না হয়। মেসিকে ফাউল করা হলেই গোটা দল এবং সাইড বেঞ্চের উদ্বেগটা তার সাক্ষ্য দেয়। মেসির প্রতি গোটা দলের সমর্থন কতটা, এতেই বোঝা যায়। ভাবছিলাম মেসিকে সম্ভবত তুলে নেওয়া হবে। কিন্তু সামনে কঠিন খেলা আছে, এমন ট্যাকলে তো পড়তেই হবে ভেবে ওকে আর তোলা হয়নি মনে হলো।আর্জেন্টিনার উল্টো মেরুতে ফ্রান্স। ‘ছেড়ে দে মা কেদে বাঁচি’—এই ছিল তাদের শরীরের ভাষা। বিশ্বকাপ খেলতে নয়, যেন বেড়াতে এসেছে। বাঘের হুঙ্কার নয়, বিড়ালের মতোই লাগল ফ্রান্সকে। দলে উজ্জীবনী শক্তির বিন্দুবিসর্গ ছিল না। খুবই হতাশ করল দলটা। অঁরি-মালুদা-আনেলকাদের নিয়ে ধারাবাহিক ঝামেলার পরিণতি কি না বলতে পারব না, তবে ‘দার্শনিক’ কোচ রেমন্ড ডমেনেখের দল পরিচালনায় সমস্যা ছিল মনে হয়। খেলোয়াড়দের সঙ্গে তাঁর সম্পর্কই তো ভালো ছিল না। দল ভালো খেলবে কীভাবে? কারণটা নিশ্চই খতিয়ে দেখবে ফ্রান্স ফুটবল ফেডারেশন।দক্ষিণ আফ্রিকার বিদায়ে অবাক হইনি। ব্যক্তিগতভাবে ওদের দুই-একজন খেলোয়াড় হয়তো হঠাৎ হঠাৎ চোখে পড়ার মতো কিছু করল, দূরপাল্লার শট নিল, কিন্তু এটারও ধারাবাহিকতা ছিল না। সত্যি বলতে, স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা তেমন কিছুই দিতে পারল না বিশ্বকাপকে।প্রশংসা পাবে দক্ষিণ কোরিয়া। তবে সামনে এগোতে হলে গোলে তাদের আরও শট নেওয়া চাই। এমনিতে কোরিয়ানদের রানিং, চেজিং ঠিকই আছে। ওদিকে মেক্সিকো-উরুগুয়ে ভালোই খেলছে। শুভকামনা রইল এই দলগুলোর জন্য।