কোথায় রাখি এই আনন্দ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাকিব আল হাসানকে অভিনন্দন জানাব? বাংলাদেশ ক্রিকেট দলকে? এ আর আলাদা করে জানানোর কী আছে! পুরো বাংলাদেশই তো তা জানাচ্ছে। এই সব দিনে বাংলাদেশ ক্রিকেট দল আর বাংলাদেশ কি আর আলাদা কিছু থাকে! মিলেমিশে একাকার হয়ে যায় না!‘এই সব দিন’ ‘এই সব দিন’...কোন সব দিন? সেটি তো আপনিও জানেন। এই সব দিন মানে সেই সব দিন, যেদিন বাংলাদেশ ক্রিকেট দলের সামনে নতজানু হয় কোনো ক্রিকেটীয় পরাশক্তি। যেদিন মন খারাপ করে দেওয়া হাজারো দুর্বিপাকের অন্ধকারকে এক ফুৎকারে উড়িয়ে দিয়ে হেসে ওঠে বাংলাদেশ। আমাদের হাঁটার ধরন বদলে যায়, আমরা কারণে-অকারণে হাসি, আমাদের মনে হতে থাকে—না, জীবনটা মন্দ কী, আমাদেরও তো গর্ব করার মতো কিছু আছে। আমরাও পারি।কিন্তু সেই দিনটির না দীর্ঘ খরার পর এক পশলা বৃষ্টি হয়ে আসার নিয়ম! এই সব দিনে আমাদের আনন্দটা যে শুধুই একটা ক্রিকেট ম্যাচ জয়ের সীমা ছাড়িয়ে যায়, সেটিও তো এ কারণেই। আনন্দস্রোতে ভেসে যেতে যেতে আমরা নিজেরাই নিজেদের বলি, যত পারো আনন্দ করে নাও। আবার এমন সুযোগ পেতে কত দিন হাপিত্যেশ করে বসে থাকতে হবে কে জানে!এই অক্টোবরের ‘দুনিয়া কাঁপানো সাত দিন’ বদলে দিল সেই জানাটা। এর আগে বড় কোনো দলের বিপক্ষে যে বাংলাদেশের টানা দুটি জয় নেই, সেই বাংলাদেশ একেবারে ‘হ্যাটট্রিক’-ই করে ফেলল! সাত দিনের মধ্যে তিন-তিনবার নিউজিল্যান্ডকে হারানো, এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জয়—কী আনন্দ! কী আনন্দ! এই আনন্দ কোথায় রাখি! দুকূলপ্লাবী আনন্দ আছে, বিস্ময়ও কি নেই? সিরিজ শুরুর আগে কেউ এই ভবিষ্যদ্বাণী করলে নির্ঘাত তাঁর মস্তিষ্কের সুস্থতা নিয়ে সন্দেহ জাগত। অথবা জাগতই না! নিশ্চিত হয়ে গেলে আর সন্দেহ থাকে নাকি!৩-০, ৩-০, ৩-০...স্কোরলাইনটা বারবার দেখছি আর অবিশ্বাসে চোখ কচলাচ্ছি। ৩-০ স্কোরলাইনটা বাংলাদেশের জন্য একদমই অভিনব নয়। দু-একটা ব্যতিক্রম বাদ দিলে বাংলাদেশের ওয়ানডে সিরিজ তিন ম্যাচের হওয়াটাই নিয়ম এবং নিয়ম সেটির ফলাফল ৩-০ হওয়াটাও। তবে ওই ‘শূন্য’টা থাকত বাংলাদেশের পাশে। যে ৩-০ এত দিন বাংলাদেশের লজ্জার স্মারক হয়ে ছিল, সেটিই এখন গৌরবের জয়টীকা।না, ব্যতিক্রমী একটা ৩-০-ও ছিল। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০। তবে সেই ৩-০ অবধারিতভাবে একটা প্রশ্ন জুড়ে দিত সঙ্গে—ধুর, ওটা আসল ওয়েস্ট ইন্ডিজ ছিল নাকি! আসলেই ছিল না। কিন্তু এটা আসল নিউজিল্যান্ড। বাংলাদেশ ২-০-তে এগিয়ে যাওয়ার পর কে যেন বলছিলেন, ওরাম-স্টাইরিস নেই তো তাই...। বাংলাদেশেরও যে তামিম-মাশরাফি নেই, সেটি বেমালুম ভুলে গেলেন কীভাবে? উত্তর খুব সহজ, ছিদ্রান্বেষীরা নিজেদের সুবিধা অনুযায়ী স্মৃতিভ্রংশ রোগে আক্রান্ত হতে জানেন!কাল বাংলাদেশ দলের ল্যাপ অব অনার দেখতে দেখতে গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরের কথা মনে পড়ছিল। একের পর এক ম্যাচ হারার পরও বাংলাদেশ দলের দুই খেলোয়াড় বারবার একই কথা বলে যাচ্ছিলেন, এখানে কন্ডিশনের সুবিধা নিয়ে ওদের এই মাস্তানি। এই নিউজিল্যান্ড বাংলাদেশে আসুক না, ওদেরও আমরা এভাবে হারাব। তখন ‘বড় বড় কথা’ ভেবে বিরক্ত লেগেছিল। অমন ভেবেছিলাম ভেবে কাল একটু লজ্জাই লাগল। ওই দুই খেলোয়াড়ের একজন ইনজুরির কারণে এই সিরিজে নেই। তামিম ইকবাল। অন্যজন কথাকে কাজে পরিণত করার নেতৃত্বভার তুলে নিয়েছেন নিজের কাঁধে। সাকিব আল হাসান।ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, সঙ্গে দুর্দান্ত অধিনায়কত্ব—সামনে থেকে নেতৃত্ব দেওয়া বলতে কী বোঝায়, সেটিরই আরেকটি ডকুমেন্টারি কালকের সাকিব আল হাসান। ম্যান অব দ্য ম্যাচ আর কে হবেন? নায়ক অবশ্যই সাকিব, কিন্তু পার্শ্বনায়কদের কথাও যেন আমরা ভুলে না যাই। এলিয়টের যে ক্যাচটি নিয়ে নিউজিল্যান্ডের পাওয়ার প্লে পরিকল্পনা এলোমেলো করে দিলেন আবদুর রাজ্জাক, সেটি মনে করিয়ে দিল ১৯৮৩ বিশ্বকাপে কপিল দেবের ওই বিখ্যাত ক্যাচটিকে। প্রমত্ত ভিভ রিচার্ডসের ওই ক্যাচটিই ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিল। রাজ্জাকের ক্যাচ বিশ্বকাপ জেতায়নি, কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ কি বাংলাদেশের কাছে বিশ্বকাপ জয়ের কোনো অংশে কম!কিছুক্ষণের মধ্যে ফিল্ডিংয়ে নেমে নাঈম ইসলাম ম্যাচে যে দাগ রেখে গেলেন, সেটিই বা ভুলে যাই কীভাবে! সরাসরি থ্রোতে নাথান ম্যাককালামকে না ফেরালে হয়তো জিততে জিততে হারের দুঃখেই পুড়তে হতো বাংলাদেশকে।সাকিবকে তো অভিনন্দন জানাতেই হবে। অভিনন্দন রাজ্জাক ও নাঈমকেও। কেন উইলিয়ামসনেরও কি কিছু প্রাপ্য নন! এই সাহসী তরুণের অবিশ্বাস্য লড়াইয়েই তো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায়টা এমন মহাকাব্যিক রূপ পেল! ওয়ানডে ক্যারিয়ার শুরু পরপর দুই ম্যাচে শূন্য দিয়ে, এই ম্যাচের আগে ৪ ম্যাচে মাত্র ১৩ রান—এই হলো অতীত। বর্তমান ছিল আরও বড় চ্যালেঞ্জ। বোলারদের চেয়েও বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিল ক্র্যাম্পে আক্রান্ত পা। বলতে গেলে এক পায়ে ব্যাটিং করেই ম্যাচটাকে বাংলাদেশ বনাম উইলিয়ামসন করে দিয়েছিলেন ২০ বছর বয়সী তরুণ।ভালোই করেছেন। ভেট্টোরি আউট হয়ে যাওয়ার পর ডালভাত মনে হতে থাকা ম্যাচটা উইলিয়ামসনের কল্যাণে শেষ ওভার পর্যন্ত অনিশ্চয়তায় দুলেছে বলেই তো আনন্দটা আরও বেশি হলো।সহজে এলে বড় অর্জনও যে খানিকটা মূল্য হারায়!