কোথায় রিয়ালের রোনালদো!
ম্যাচের তখন মাত্র ১২ মিনিট বাকি, নানির বাড়িয়ে দেওয়া দুর্দান্ত এক বলে হঠাৎই নিজেকে ফাঁকায় আবিষ্কার করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সামনে শুধু ডেনিশ গোলরক্ষক অ্যান্ডারসেন, এই সুযোগ কি আর নষ্ট করবেন পর্তুগিজ গোলমেশিন! সবাইকে হতবাক করে দিয়ে তাই করলেন রোনালদো, বল মারলেন বাইরে। ধারাভাষ্যকার সঙ্গে সঙ্গেই রায় দিয়ে দিলেন, এটি টুর্নামেন্টেরই ‘সেরা’ মিস। অবিশ্বাস্য এই ব্যর্থতার পর ডেনমার্কের বেন্ডটনার যখন সমতা ফেরান, টিভি ক্যামেরা হতাশাজর্জর রোনালদোকেই খুঁজে নিচ্ছিল বারবার। শেষমেশ সিলভেস্টার ভ্যালেরার অন্তিম মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে পর্তুগাল জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বলে তা-ও রক্ষা। নইলে রোনালদোর আক্ষেপের আর সীমা থাকত না। রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে করেছেন ৬০ গোল। অথচ ইউরোর প্রথম দুই ম্যাচে রোনালদোর কাছে গোল হয়ে থাকল সোনার হরিণ। অবিশ্বাস্য সব মিস করায় সেটি আরও বেশি চোখে পড়ছে সবার। ম্যাচ চলাকালে গ্যালারির ডেনিশ সমর্থকেরা ‘মেসি, মেসি’ রব তুলে উত্ত্যক্তও করেছে তাঁকে। ম্যাচ শেষে রোনালদো এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘গত বছর এই সময়ে মেসি কী করছিল, সেটা বোধহয় আপনারা ভুলে গেছেন। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকেই মেসি বিদায় নিয়েছিল। আমি নিশ্চয়ই এর চেয়ে খারাপ কিছু করিনি।’ কয়েক দিন আগে ব্রাজিলের বিপক্ষে মেসির হ্যাটট্রিকের কথা অবশ্য রোনালদো বেমালুম চেপে যান।ক্লাব ফুটবলে গোলের বন্যা বইয়ে দেওয়া রোনালদো কেন ইউরোতে বারবার গোলের সামনে খেই হারিয়ে ফেলছেন? যে যার মতো ব্যাখ্যা করে নিচ্ছে। এর একটা হলো—সমর্থকদের পর্বতপ্রমাণ প্রত্যাশার পাশাপাশি অধিনায়কত্বের বোঝাও রোনালদোর ওপর সিন্দাবাদের ভূতের মতো চেপে বসেছে। ম্যাচ শেষে কোচ পাওলো বেন্তোকেও মুখোমুখি হতে হয়েছে প্রশ্নের। বেন্তো অবশ্য ব্যাপারটা এড়িয়েই যেতে চাইলেন, ‘বিশেষ একজনকে নিয়ে কথা বলতে আমি পছন্দ করি না, দল হিসেবে পারফরম্যান্সটাই আমি মূল্যায়ন করি। ভালো খেলাটা ধরে রেখে আমাদের গোল করে যেতে হবে, সেটা রোনালদোই করুক বা অন্য কেউ। ও চাপে ভেঙে পড়ছে কি না? আমার তা মনে হয় না। অন্য যেকোনো খেলোয়াড়ের ওপর যে চাপ, ওর ওপরও তা-ই। আমাদের দৃষ্টিকোণ থেকে সে দুটি ভালো ম্যাচ খেলেছে এবং আমি বিশ্বাস করি আমাদের দলে এমন একজন খেলোয়াড়ও নেই, যে তাঁর ব্যাপারে অখুশি।’সতীর্থরাও অনুমিতভাবেই পাশে দাঁড়াচ্ছেন। রিয়াল-সতীর্থ পেপে সবাইকে মনে করিয়ে দিয়েছেন, ‘সে বর্তমানে বিশ্বের সেরা খেলোয়াড়। আজ গোল করতে না পারলেও আগে অনেকবারই সে গোল করেছে। রোনালদোকে নিয়ে প্রশ্ন করায় নানি একটু বিরক্ত হয়েই বলেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো? ও ঠিক আছে, আমাদের সবার মতোই ও জয় পাওয়ায় খুশি। সবাই সুযোগ নষ্ট করে। ও ভালো সুযোগ পেয়েছিল, তবে এখনো একটি ম্যাচ বাকি (হল্যান্ডের বিপক্ষে), হয়তো ও তখন গোল করবে।’ না করতে পারলে ‘ক্লাবের পক্ষে দুর্দান্ত, দেশের হয়ে বিবর্ণ’ কথাটা কিন্তু আগামী কিছুদিন খুব শুনতে হবে রোনালদোকে। এএফপি, রয়টার্স।