কোথায় সেই ক্লোসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথা দিয়ে গোল করে গেছেন একের পর এক, তাই ভক্তরা নাম দিয়েছিল—‘সাল্টো-ক্লোসা। মানে বাজিকর-ক্লোসা। আসলেই বাজিকরের মতো ছিল ২০০২ বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোসার পোস্টের সামনের কাজ কারবার। বল যে উচ্চতাতেই আসুক, বলে মাথা ছোঁয়ানো চাই। আর কি বিচিত্র, তাতে নগদ ফল। পাঁচ-পাঁচটি গোল করে ফেললেন সেবারের বিশ্বকাপে। পরের বিশ্বকাপেও ক্লোসার পাঁচ গোল। আবারও বিস্ময়। এবার মাত্র একটি গোলের ‘জন্ম’ তাঁর মাথা থেকে! তাহলে কি মাথার ব্যবহার ভুলে গেলেন ক্লোসা?আপাতত জার্মান স্ট্রাইকার পা-মাথা দুটোরই ব্যবহার ভুলে গেছেন বলে মনে হচ্ছে। মাইকেল বালাকের অনুপস্থিতিতে জার্মানির বড় ভরসা হওয়ার কথা ক্লোসার। কিন্তু সেই ক্লোসা কোথায়? মাঠে নামলেই যাঁর পা কিংবা মাথা বল খুঁজে পেত, সেই ক্লোসাকে যে বলই খুঁজে পাচ্ছে না!ভের্ডার ব্রেমেনের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা অবস্থায় ২০০৭ সালে যোগ দিয়েছিলেন বায়ার্ন মিউনিখে। ক্লাব সভাপতি কার্ল-হেইঞ্জ রুমেনিগের ইচ্ছেতেই দলে যোগ দেন জার্মানির এই বিশ্বকাপ তারকা। সভাপতির আস্থার প্রতিদানও দিচ্ছিলেন। যেমন ক্লাবের হয়ে গোলের ফুলঝুরি ছুটছিল, তেমনই জাতীয় দলের হয়ে। দুটো বিশ্বকাপ মিলিয়ে ১০ গোল করা ক্লোসা গত দুই মৌসুমেই বায়ার্নের হয়ে ১০টি করে গোল করেছেন বুন্দেসলিগায়। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে গত দুই মৌসুমে বায়ার্নের হয়ে ৪১টি গোল করেছেন। ফলে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেও ক্লোসা বড় ভরসা হওয়ার কথা ছিল জার্মানির।দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের দিকে ক্লোসার নিজেরও চেয়ে থাকার কিছু কারণ আছে। দুই জার্মানি একত্র হওয়ার পর ক্লোসাই প্রথম খেলোয়াড় যিনি বিশ্বকাপে ১০টি গোল করতে পেরেছেন। সব মিলিয়ে ক্লোসার চেয়ে বেশি গোল করা জার্মান খেলোয়াড় আছেন মাত্র দুজন—জার্ড মুলার (১৪) ও ইয়ুর্গেন ক্লিন্সমান (১১)। আর বিশ্বকাপে ক্লোসার চেয়ে বেশি গোল করা খেলোয়াড়ই বিশ্বে মাত্র ৬ জন। ১৫ গোল নিয়ে তালিকায় সবার ওপরে রোনালদো।১০ গোল করা খেলোয়াড়দের মধ্যে ক্লোসাই একমাত্র খেলোয়াড় যিনি দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। ‘মাত্র’ ৬টি গোল করলেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়া সম্ভব। দুটি বিশ্বকাপে ১০ গোল করা খেলোয়াড়ের জন্য সেটা অসম্ভব কিছু না।কিন্তু সেই ক্লোসাই যে নেই! চলতি মৌসুমে বায়ার্ন বুন্দেসলিগা জিতেছে, জিতেছে জার্মান কাপও। জিততে পারে চ্যাম্পিয়নস লিগও। কিন্তু বায়ার্নের এই ‘শিরোপাত্রয়ী’ জয়ের অভিযানে ক্লোসার অবদান শিশিরবিন্দুর চেয়েও কম। লিগে ১৮ ম্যাচে ১টি মাত্র গোল পেয়েছেন, কাপে ২টি। সব মিলিয়ে চলতি মৌসুমে মাত্র ৪টি গোল ক্লোসার। এমনই অবস্থা যে, বায়ার্নের নিয়মিত একাদশে থাকাটাই কষ্ট হয়ে পড়েছে তাঁর।তাহলে বালাকবিহীন জার্মানিকে কাঁধ নিতে পারবেন না ক্লোসা? আগেই সিদ্ধান্ত নিয়ে নেবেন না। ক্লোসা বিশ্বকাপের খেলোয়াড়। বিশ্বকাপটা শুরু হতে দিন। তথ্যসূত্র: ওয়েবসাইট।