নাহ্, একেবারেই জমল না! মাঠের লড়াইয়ের আগে কোথায় জমে উঠবে কথার লড়াই; ম্যানইউ শিবির থেকে কথার তোপ দাগানো হবে, বুমেরাং হয়ে সেটা ফিরে আসবে বার্সা শিবির থেকে...একদমই তা হচ্ছে না। উল্টো দু-দল পরস্পরের পিঠ চাপড়েই চলেছে। দুই দিন বাদে ওয়েম্বলির মহারণ। অথচ পারস্পরিক শ্রদ্ধাবোধের যেন প্রতিযোগিতা চলছে এখনো। বার্সেলোনা বলছে, ম্যানচেস্টার ইউনাইটেডই সেরা দল। আর ম্যানইউ বলছে, শুধু চ্যাম্পিয়নস লিগ ফাইনাল বলে নয়, এই সময়েরই সেরা দল বার্সা!২০০৯ সালের ছবিটাই যেন ভেসে আসছে। গতবারও বার্সেলোনা ছিল ফেবারিট। এবারও বেশির ভাগ মানুষেরই রায় পেপ গার্দিওলার দলের বাক্সেই। কিন্তু ‘ফেবারিট’ তকমাটা নিজেদের গায়ে সেঁটে নিতে বার্সা-কোচের ভীষণ আপত্তি। ১৯৯২ সালে ওয়েম্বলিতেই বার্সার প্রথম ইউরোপীয় ট্রফিজয়ী দলের সাবেক মিডফিল্ডার বলছেন, ‘শালকের বিপক্ষে ওদের সেমিফাইনালের দ্বিতীয় লেগটির খেলা আমি নিজে দেখেছি। দলের সেরা খেলোয়াড়দের বিশ্রামে রেখেও শক্তিশালী দল হিসেবেই খেলেছিল ওরা। এখান থেকেই ওদের দলের গভীরতা বোঝা যায়। অনায়াসেই ওদের পক্ষে চার-পাঁচটি ভিন্ন ভিন্ন একাদশ সাজানো সম্ভব। ওরা ভীষণ লড়াকু একটা দল। গত পাঁচ কি দশ বছর থেকে বিশ্বের অন্যতম সেরা দলগুলোরও একটি।’তার পরও অনেকেই বলছেন, ২০০৯ সালের ফাইনালটি মানসিকভাবে এগিয়ে রাখবে বার্সেলোনাকেই। কেউ কেউ এমনও বলছেন, ম্যানইউর এই দলটা মানের দিক দিয়ে দুই বছর আগের দলটার চেয়েও পিছিয়ে। সেই দলে ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন, এই দলে নেই। রোমের অলিম্পিক স্টেডিয়ামের ম্যাচটির স্মৃতি গার্দিওলার মনের পর্দায়ও ভেসে উঠছে, ‘আমরা ওই ম্যাচটা নিয়ে আবারও ভেবেছি। ওই ম্যাচে ম্যানচেস্টার কিন্তু আমাদের চেয়ে প্রথমার্ধে অনেক ভালো খেলেছিল। এরপর আমরা ম্যাচটার আধিপত্য নিয়ে নিই। এবারের ফাইনালটিও অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আমার ধারণা।’ পরক্ষণে আবার এ-ও বলছেন, ফাইনাল বলেই সেটার চাপ থাকবে। আর সেই চাপ নিতে না পারার শঙ্কাও থেকে যাচ্ছে, ‘বলছি বটে, এটা ভালো একটা ফাইনালই হবে। কিন্তু অনেক সময় ফাইনাল খেলোয়াড়দের ভয় পাইয়ে দেয়। আমরা রুনি, ভ্যালেন্সিয়া, চিচারিতোর (হার্নান্দেজ) মতো খেলোয়াড়দের মুখোমুখি হব, যারা খুবই ভালো মানের, যারা আমাদের ভীষণ চাপে ফেলে দিতে পারে। এর পাশাপাশি ওদের রক্ষণও কিন্তু অনেক শক্তিশালী।’গার্দিওলার মতে, ম্যানইউকে আলাদা মাত্রা দিচ্ছে আরেকটি বিষয়—কোচ, ‘ফার্গুসন বিশ্বের সেরা হয়ে আছেন অনেক বছর ধরে। এখন তো তিনি ফুটবলের কিংবদন্তিদের একজন। ইউনাইটেড দলটায়ও অনেক সেরা খেলোয়াড় আছে। অবশ্য ২০০৯ সালের দলটা থেকে রোনালদো চলে গেছে। রোনালদো গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়। কিন্তু ও না থাকলেও ওরা খুবই শক্তিশালী একটা দল।’ফাইনালের আগে গত পরশু দিনটা সংবাদমাধ্যমের জন্য বরাদ্দ রেখেছিল বার্সা। সেখানে গুরু গার্দিওলার কথাটাই যেন প্রতিধ্বনিত হলো শিষ্য মেসির কণ্ঠে। এই ম্যানইউ মানসম্পন্ন নয়—এই আলোচনায় যেতেই রাজি নন লিওনেল মেসি, ‘ওরা ইংলিশ লিগ জিতেছে, চ্যাম্পিয়নস লিগ ফাইনালও খেলছে। দুর্বল দল হলে এসব মোটেও করতে পারত না।’ ২০০৯-এর ফাইনালে যেখানে মেসি হারিয়ে দিয়েছিলেন ম্যানইউকে, সেই ম্যাচটাকেও মেসি বলছেন অতীত, ‘রোমের সেই সুখস্মৃতি এখন আমাদের পেছনে। এটা সম্পূর্ণ ভিন্ন একটা ম্যাচই হবে।’ ম্যানইউ দলটাকেও সমীহের শেষ নেই চ্যাম্পিয়নস লিগে এবার ১১ গোল করা মেসির। কঠিনতম এক চ্যালেঞ্জের মুখোমুখি বলে জানাচ্ছেন নিজেই। অবশ্য সেই চ্যালেঞ্জের জন্য মৌসুমে ৫২ গোলের মালিক বেশ কদিন বিশ্রাম পেয়ে তরতাজা হয়ে উঠেছেন, ‘আমি ওই ম্যাচগুলোও খেলতে চেয়েছিলাম। যদিও বিশ্রামটা আমার জন্য ভালোই হয়েছে। ভালোমতো বিশ্রাম নিয়ে আবারও ছোটার জন্য প্রস্তুত হয়েছি।’বার্সা শিবিরে এই যখন প্রতিপক্ষ নিয়ে প্রশংসার স্রোত, ম্যানইউর অভিজ্ঞ মিডফিল্ডার পল স্কোলস ‘পাল্টা জবাব’টা দিলেন এভাবে, ‘বার্সেলোনা এই সময়ের সবচেয়ে সেরা দল। এবং যখন ফুটবলের প্রসঙ্গ আসে, তাদের খেলার ধরনটাকে শ্রদ্ধা করতেই হয়। আমরাও ওদের মতো খেলতে চাই।’ এএফপি, রয়টার্স।