কোথায় সেই 'বন্ধু শচীন'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন টেন্ডুলকার ও বিনোদ কাম্বলি
শচীন টেন্ডুলকার ও বিনোদ কাম্বলি

সময় মানুষকে কতটাই না বদলে দেয়! একসময় যে থাকে প্রাণের বন্ধু, সেই-ই পরে ভীষণ অচেনা হয়ে পড়ে। শচীন টেন্ডুলকার ও বিনোদ কাম্বলিকেই দেখুন। কৈশোরে তাঁরা ছিলেন মানিকজোড়। আজ একই শহরে থেকেও তাঁদের মধ্যে যেন মহাসাগরের দূরত্ব। কাম্বলি নিজেই জানিয়েছেন, টেন্ডুলকারের সঙ্গে তাঁর সাত বছর ধরে যোগাযোগ নেই বললেই চলে।

সদ্য অবসর নিয়েছেন টেন্ডুলকার। ভারত তো বটেই, পুরো ক্রিকেট-বিশ্ব এখনো আচ্ছন্ন মহানায়কের প্রস্থানশোকে। ২২ গজি পিচে নিজের শেষ দিনে টেন্ডুলকার দিয়েছেন ইতিহাসের পাতায় ঠাঁই পেয়ে যাওয়া এক ভাষণ। মাইক্রোফোনে মুগ্ধতা ছড়িয়ে কাঁদিয়েছেন কোটি ক্রিকেট-ভক্তকে। দীর্ঘ পথচলার সঙ্গীদের প্রায় সবারই নাম বলেছেন একে একে। আরেকজনের নামটা বলতে পারতেন বিশেষ করে। বিনোদ কাম্বলি। আমন্ত্রণই পাননি তিনি লিটল মাস্টারের অবসর-পরবর্তী বিদায় বাসরে।

সাবেক বাঁহাতি ব্যাটসম্যান জি নিউজের কাছে তাই অভিমানভরা কণ্ঠে বললেন, ‘ওর বিদায়ী ভাষণটা শুনে আমার ভীষণ খারাপ লেগেছে। সে সবাইকে ধন্যবাদ দিয়েছে। সতীর্থ, পরিবার, সবাইকে। কিন্তু আমার মনে হয় সে একজনকে ভুলে গিয়েছিল। সেই একজন আমি। আমি ওর অনেক কাছের ছিলাম। অনেক সময় কাটিয়েছি একসঙ্গে। আমার নামটা ওর মনে রাখা উচিত ছিল।’

কাম্বলি জানিয়েছেন, অনেক আগে থেকেই দুজন যোগাযোগবিচ্ছিন্ন, ‘অনেক দিন শচীনের সঙ্গে আমার কথা হয়নি। এটা আমাকে খুবই পীড়া দেয়। সাত বছর আমাদের দেখা হয়নি। শুধু কিছু টেক্সট মেসেজ আদান-প্রদান, ব্যস। মনে হচ্ছে আমরা যেন এখন শত্রু হয়ে গেছি।’

অথচ ২৫ বছর আগে সারদাশ্রম বিদ্যামন্দিরের হয়ে ৬৬৪ রানের জুটি গড়ার পরই দুই কিশোর প্রতিভাকে চিনেছিল ভারত। কাম্বলি মনে করিয়ে দিলেন, ‘সেই জুটিটা যদি না হতো মানুষ এই বিনোদ কাম্বলি বা এই শচীন টেন্ডুলকারকে চিনত না। সেটা না হলে আমাদের সেভাবেই খেলে যেতে হতো। মুম্বাইয়ে আমাদের চেয়ে আরও ভালো ক্রিকেটার ছিল।’

এমনটা ধারণা করা হয়, ‘সাচ কা সামনা’ নামের টিভি শোতে কাম্বলির বলা কিছু কথাই দুজনের মধ্যে সৃষ্টি করে এই দূরত্ব। কাম্বলি বলেছিলেন, তাঁর আত্মবিধ্বংসী কাণ্ডকীর্তি থেকে সরে আসার জন্য অনেক কিছু করার থাকলেও টেন্ডুলকার করেছেন সামান্যই। এর পর থেকেই দুজনের দুটি পথ গেছে বেঁকে। ওয়েবসাইট।