অধিনায়কত্বের শুরুতেই হোঁচট খেলেন মোহাম্মদ হাফিজ। শ্রীলঙ্কার বেঁধে দেওয়া ১৩৩ রানের মামুলি লক্ষ্যটা তাড়া করতে নেমে মাত্র ৯৫ রানেই যে অলআউট হয়ে গেছে পাকিস্তান! অধিনায়ক নিজেও ব্যর্থতার দায় এড়াতে পারবেন না, তাঁর ‘গোল্ডেন ডাকের’ পরই পাকিস্তানের ব্যাটিং হুড়মুড় করে ধসে পড়েছে। ‘দার্শনিক’ হাফিজ অবশ্য শ্রীলঙ্কান পেসার থিসারা পেরেরাকে কৃতিত্ব দিতে ভোলেননি, ‘বোলিংটা ঠিকঠাকই হচ্ছিল, নতুন বলে তানভির (সোহেল) তো ছিল দুর্দান্ত। পিচটা ব্যাটিংয়ের জন্য বেশ দুরূহই ছিল, লক্ষ্য ছিল ওদের ১১০-১২০ রানের মধ্যেই বেঁধে ফেলা। তবে শেষে পেরেরার কারণেই খেলাটা হাতছাড়া হয়ে যায়।’ উমর গুলের ৪ ওভারে ৪৩ রানও পাকিস্তানকে ভুগিয়েছে মনে করেন পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক, ‘বোলিংয়ের শেষটা ভালো হয়নি আমাদের। গুল বহু ম্যাচই জিতিয়েছে, কিন্তু আজ (কাল) দিনটা ওর ছিল না। তার পরও ১৩২ রান যেকোনোভাবেই তাড়া করার মতো, কিন্তু ব্যাটসম্যানরা ব্যর্থ হলে কী আর করা!’ ব্যাটিংয়ে শূন্য রানেই দু-দুটি উইকেট হারিয়ে বসে পাকিস্তান। তারপর অবশ্য এক আহমেদ শেহজাদ (৪২ বলে ৩৬) ছাড়া কোনো ব্যাটসম্যানও থিতু হতে পারেননি। বোলিংয়ের সঙ্গে লঙ্কানদের দুর্দান্ত ফিল্ডিংয়ে শেষ পর্যন্ত মাত্র ৯৫ রানই করতে পারে ধুঁকতে থাকা পাকিস্তানিরা। হাফিজের আশা, আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেই ঘুরে দাঁড়াবে তাঁর দল। ওয়েবসাইট।