কোনো অজুহাত নেই লর
স্টুয়ার্ট লর হ্যাটট্রিক হয়ে গেল! বাংলাদেশ দলের কোচ হওয়ার পর তিন ম্যাচের তিনটিতেই পরাজয়! জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম সিরিজ জানার পর এমন শুরুর কথা তাঁর কল্পনাও করার কথা নয়। কী আর করবেন, ইংল্যান্ড সফরে ভারতের অবস্থা থেকে সান্ত্বনা খুঁজছেন।ইংল্যান্ড সফরে গিয়ে বিশ্বের এক নম্বর টেস্ট দলের ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা। কিন্তু সেটির সঙ্গে বাংলাদেশের মিল কোথায়? স্টুয়ার্ট ল ভারতের সঙ্গে বাংলাদেশের মিল খুঁজে পাচ্ছেন না। খুঁজে পাচ্ছেন ডানকান ফ্লেচারের সঙ্গে নিজের মিল। সেটি কেমন? শুনুন তাঁর মুখেই, ‘তিন সপ্তাহও হয়নি আমি বাংলাদেশ দলে যোগ দিয়েছি। নতুন অধ্যায় শুরু হয়েছে, নতুন চিন্তার প্রয়োগ হচ্ছে। খেলোয়াড়দের বুঝতে, কার কোন কথায় কাজ হয়, জানতে সময় লাগে। ভারতের ক্ষেত্রেও আমরা একই ঘটনা দেখতে পাচ্ছি।’সংবাদ সম্মেলনে এসে পরাজয়ের কোনো অজুহাত দিলেন না। টসে হেরে ব্যাটিং করাটাকে যেমন ব্যাটিং ব্যর্থতার কোনো কারণই মনে করছেন না, ‘টসে জিতলে আমরাও হয়তো রান তাড়া করতেই পছন্দ করতাম, তবে সেটি বড় কিছু ছিল না। কারণ, উইকেট খুব ভালো ছিল। এখন টসের কথা বললে সেটি হবে শুধুই অজুহাত। ওরা আবারও খুব ভালো বোলিং করেছে, যে কারণে আমরা যে রকম শুরু করতে চেয়েছিলাম, তা পারিনি।’তামিম একটু তাড়াতাড়িই অধৈর্য হয়ে গিয়েছিলেন কি না, এ ব্যাপারে লর ব্যাখ্যা অনুমিতই, ‘৫ ওভার শেষে স্কোরবোর্ডে ৬ রান দেখলে যে কেউই চাপ অনুভব করবে। ও ঝুঁকিটা নিয়েছে, হয়তো ওই সময়ে ওটা ঠিক শট ছিল না। তবে পরে এসব ভালো বোঝা যায়, মাঠে তো সিদ্ধান্তটা নিতে হয় সেকেন্ডের ভগ্নাংশ সময়ে।’ তবে তামিমের কাছ থেকে বড় কিছু পেতে খুব বেশি অপেক্ষা করতে হবে না বলেই লর বিশ্বাস, ‘আজ ও পারেনি, এটা খুব দুঃখের ব্যাপার। কারণ, ও রান করার জন্য মুখিয়ে ছিল। নেটে দারুণ মারছে। আমার মনে হয়, ব্যাটিং-ছন্দ ফিরে পাওয়া থেকে ও মাত্র এক-দুটি শট দূরে দাঁড়িয়ে।’জিম্বাবুয়ের বোলাররা শুরুতে ভালো বোলিং করেছেন, বৃত্তের মধ্যে ওঁদের ফিল্ডিংও ছিল দারুণ। এসব বলার পরও বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা একটু বেশিই রক্ষণাত্মক হয়ে গেছে বলে মনে করেন ল। সাকিব-মুশফিকুরের প্রশংসা করলেন, দুজনই ভুল সময়ে আউট হয়ে গেছেন বলে দুঃখও। সাকিব-মুশফিকের মতো দলের বাকি খেলোয়াড়েরাও এমন বুক চিতিয়ে দাঁড়াবেন বলে আশা করার পর আবার বললেন সেই পুরোনো কথাটাই, ‘আমরা গেমপ্ল্যান নিয়ে অনবরত কথা বলে যাচ্ছি, ওদের বোলারদের কীভাবে খেলব, তা নিয়েও। এখন সময় এসেছে, এ নিয়ে কথা বলা বন্ধ করে মাঠে নেমে তা করার।’জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলর জয় দিয়ে সিরিজ শুরু করে তো অবশ্যই খুশি, তবে অতীত অভিজ্ঞতা থেকে সাবধানীও, ‘এর আগেও আমরা সিরিজের প্রথম ম্যাচ জিতে পরে সব ম্যাচ হেরেছি। তবে আমরা আগের চেয়ে অনেক উন্নতি করেছি, এবার ওদের ফিরে আসাটা এত সহজ হবে না।’