কোনো বল না করেই ৮ রান দিলেন রেহমান!

কোনো বল না করেই আট রান দেওয়া! সম্ভব? বাংলাদেশ-পাকিস্তান এশিয়া কাপের আজকের ম্যাচটি কিন্তু বলছে সম্ভব। স্কোরকার্ডে পাকিস্তানি বোলার আবদুর রেহমানের নামের পাশের বোলিং বিশ্লেষণটি এমন: ০-০-৮-০! মানে কিনা, কোনো বল করেননি, কোনো মেডেন নেই, আট রান দিয়েছেন, কোনো উইকেট নেই! ক্রিকেট ইতিহাসেই বিরল ঘটনাগুলোর একটি তো অবশ্যই। কোনো বল না করে আট রান দেওয়া বলা যায় একটি ‘বিশ্ব রেকর্ড’!
ম্যাচ দেখে না থাকলে আপনার কাছে সবকিছু ঘোঁট পাকিয়ে যেতে পারে। তাই ব্যাখ্যা করা দরকার। এই ম্যাচেই জুনাইদ খানের বদলে দলে সুযোগ পেয়েছিলেন রেহমান। ইনিংসের একাদশ ওভারে তাঁর হাতে বল তুলে দেন অধিনায়ক মিসবাহ-উল-হক। প্রথম বলটিই হাত থেকে ফসকে যায়। কোমরের ওপরে ছিল। ফলে ‘নো’ দেন আম্পায়ার। ১ রান।
পরের বলটিতেও একই ঘটনা। উঁচু ফুলটস ইমরুল কায়েস মিডউইকেটে তুলে মারেন। ক্যাচও লুফে নেন ফিল্ডার। কিন্তু এটিও ছিল কোমরের ওপরের উচ্চতায়। শুধু তা-ই নয়, প্রথম বিমার হিসেবে এটিকে গণ্য করায় সতর্ক করা হয় বোলারকে। আরেকটি বিমার করলেই আর বোলিং করতে পারবেন না। বাংলাদেশ-ভারত ম্যাচে দুটো বিমার দিয়ে নিষিদ্ধ হয়েছিলেন বরুণ অ্যারন।
দ্বিতীয় বলটিতে ক্যাচ দিয়েও তাই ‘নো’ বলের সুবাদে বেঁচে যান ইমরুল। ওই সময় দৌড়ে একটি রানও নেন। কোনো বল না করেই রেহমান ততক্ষণে তিন রান দিয়ে ফেলেছেন। আবার বল করতে আসেন রেহমান। এবারও বিমার! এবারও ‘নো’! চার মেরে দেন এনামুল হক। এই বলে আসে পাঁচ রান। তিনটি বল করেছেন রেহমান, একটিও বৈধ নয়। বরং বিমার দিয়েছেন দুটো। আর দুটো বিমার দিয়ে এই ইনিংসেই বল করার সুযোগ হারিয়েছেন। শুধু তা-ই নয়, কোনো বল না করেই আট রান দেওয়ার বিরল ‘কৃতিত্বে’র ভাগীদার এখন তিনি!
ক্রিকেটের সবগুলো সংস্করণ মিলিয়েই কোনো বল না করে রান দেওয়ার ঘটনা এর আগে ঘটেছে মাত্র ছয়বার। টেস্টে তিনবার, ওয়ানডেতে তিনবার। টি-টোয়েন্টিতে ঘটেনি। এর আগে কোনো বল না করে সর্বোচ্চ ৫ রান দিয়েছিলেন কেনিয়ার কলিন্স ওবুইয়া। কাকতালীয়ভাবে সেটিও বাংলাদেশের বিপক্ষে, ২০০৬ সালে নাইরোবির ওয়ানডেতে। কোনো বল না করে রান হজম করার বিরল অভিজ্ঞতা ওয়ানডেতে আর দুজনের আছে—পাকিস্তানের মনসুর আখতার ও ওয়েস্ট ইন্ডিজের জিমি অ্যাডামসের। দুজনই দিয়েছিলেন এক রান।
টেস্টে কোনো বল না করেই রান হজমের অভিজ্ঞতা আছে ইংল্যান্ডের ডেভিড গাওয়ার (৪ রান), শ্রীলঙ্কার ধাম্মিকা প্রসাদ (২ রান) এবং ইংল্যান্ডের অ্যালান ল্যাম্ব (১ রান)। ৮ রান হজম করে আজ এদের সবাইকেই ‘ছাড়িয়ে’ গেলেন রেহমান!