কোনো বুটেই হচ্ছে না মাশরাফির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোটের সঙ্গে অনেক দিন ধরে যুদ্ধ করছেন। মাশরাফির এখনকার যুদ্ধটা বোলিং বুটের সঙ্গে ।  ফাইল ছবি
চোটের সঙ্গে অনেক দিন ধরে যুদ্ধ করছেন। মাশরাফির এখনকার যুদ্ধটা বোলিং বুটের সঙ্গে । ফাইল ছবি

পাদুকা-সমস্যায় ভুগছেন মাশরাফি বিন মুর্তজা। এই ‘পাদুকা’ সাধারণ জুতা বা স্যান্ডেল নয়, ক্রিকেট খেলার জুতা বা বুট। চোট কাটিয়ে নতুন করে ফেরার পর কোনো বুটই পায়ে সইছে না মাশরাফির।
খেলার জন্য অ্যাসিক্সের বুট পরেন অনেক দিন থেকেই। অস্ট্রেলিয়া থেকে একসঙ্গে তিন জোড়া বুট আনিয়েছিলেন। সেগুলো পরে ভালোই চললেও তিন জোড়ার দুই জোড়ারই আয়ু শেষ। বাকি এক জোড়া দিয়ে চালাচ্ছেন ১০ মাস ধরে। কাল মাশরাফিই বলছিলেন, ‘এক জোড়া বুট পরে সর্বোচ্চ ৫ থেকে ৬ মাস খেলা যায়। এর বেশি খেললে চোটের সম্ভাবনা থাকে। অথচ আমি ১০ মাস ধরে একই জুতা পরছি। কী করব, অন্য কোনো জুতা পরেই স্বচ্ছন্দ বোধ করছি না।’ ১০ মাস ধরে একই জুতা পরায় জুতার অবস্থা যেমন কাহিল, সমস্যা হচ্ছে মাশরাফির নিজেরও, ‘এই জুতা পরে খেললে হাঁটু আর অ্যাঙ্কেলে ব্যথা হয়। ইদানীং শিনবোনেও ব্যথা হচ্ছে।’
মাশরাফি সমস্যায় পড়ে গেছেন কারণ, যে মডেলের বুটে স্বচ্ছন্দ বোধ করতেন, অ্যাসিক্স কোম্পানি সেটি এখন আর বানায় না। জাতীয় দলের ফিজিও বিভব সিং সরাসরি কোম্পানির সঙ্গে যোগাযোগ করেও পারেননি ওই মডেলের নতুন এক জোড়া বুট আনাতে। বাধ্য হয়ে মাশরাফি গত বিপিএলের আগে কোচ শেন জার্গেনসেনকে দিয়ে অস্ট্রেলিয়া থেকে নতুন মডেলের দুই জোড়া অ্যাসিক্স বুট আনান। সেই বুট পরে খেলেই বিপিএলের শেষ ম্যাচে মাশরাফি চোট পান গোড়ালিতে। পরে জেনেছেন, রায়ান হ্যারিস ও প্যাট কামিন্সও ওই একই বুট পরে খেলে গোড়ালিতে চোট পেয়েছেন। নতুন অ্যাসিক্স বাদ দিয়ে মাশরাফি আবারও তাই পুরোনো অ্যাসিক্স ধরেছেন।
জার্গেনসেনের আনা অ্যাসিক্সে সমস্যা হওয়ায় ইংল্যান্ড থেকে দুই জোড়া অ্যাডিডাস বুট আনিয়েছিলেন মাশরাফি। বিসিএলের প্রথম ম্যাচের প্রথম তিন দিন সে জুতা পরে খেলার অভিজ্ঞতাটা ভালো নয়। এই বুট বেশি ভারী। বোলিং করার উপযোগী নয়। ম্যাচের শেষ দিনে তাই আবারও পায়ে দিয়েছেন ১০ মাস পুরোনো অ্যাসিক্স। মাঝে অবশ্য নাইকির বুট পরেও চেষ্টা করে দেখেছেন। গোড়ালিতে চাপ পড়ায় বাদ দিতে হয়েছে সেটাও।
বিসিএলের প্রথম পর্বের ম্যাচ চলাকালে বিকেএসপিতে এটা নিয়ে কথা হচ্ছিল বিভব সিংয়ের সঙ্গে। বোলিংয়ে মাশরাফির স্বচ্ছন্দ বোধ না করার কারণ হিসেবে তিনিও বলেছেন বুট-সমস্যার কথা। তবে জার্মানির অ্যাডিডাস কোম্পানি ক্ষীণ একটা আশা জোগাচ্ছে বিভবকে, ‘অ্যাডিডাস নতুন এক ধরনের বুট বানাচ্ছে যেটা বোলারদের গোড়ালির জন্য নিরাপদ ও আরামদায়ক। সাধারণত বুটের গোড়ালির দিকে চারটা স্পাইক থাকে, এই বুটে স্পাইক তিনটি।’ ক্রিকেট দক্ষিণ আফ্রিকার একটা প্রতিনিধিদল নাকি অ্যাডিডাস কোম্পানি ঘুরে এসে পেসারদের নতুন ধরনের এই বুট পরার পরামর্শ দিয়েছেন। বিভবের বিশ্বাস, মাশরাফির সমস্যার সমাধানও দেবে অ্যাডিডাসের নতুন এই বুট।
তবে তার আগে একবার নিউ ব্যালান্স পরে দেখতে চান মাশরাফি। এবার অস্ট্রেলিয়া থেকে ফেরার সময় তার জন্য এক জোড়া নিউ ব্যালান্স বুট নিয়ে এসেছেন জার্গেনসেন। ‘বিভবকে বলেছি অ্যাডিডাসের ওই বুটের অর্ডার দিতে। তবে আমার ধারণা নিউ ব্যালান্স আমাকে স্যুট করবে। বিসিএলের পরের ম্যাচে এটা পরেই খেলব ভাবছি’—টেলিফোনে আশাবাদী লাগল মাশরাফিকে।