কোনো সুখবর নেই 'এ' দলের
শেষ পর্যন্ত ২১৯ রানে ইতি ঘটেছে বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজ সফরে সাগিকরের বিপক্ষে চার দিনের ম্যাচের তৃতীয় দিন শেষে নাসির-শামসুর রহমানরা এই মুহূর্তে ১৫৯ রানে পিছিয়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২৪ রান সংগ্রহ করেছে সাগিকর।
সাগিকরের প্রথম ইনিংসের জবাবে ব্যাটিংটা কোনোমতেই জুতসই হয়নি বাংলাদেশ এ দলের। ইনিংসের একমাত্র ‘হাইলাইটস’ নাসির হোসেন আর মার্শাল আইয়ুবের ৭৯ রানের জুটি। নাসির ৫৩ ও মার্শাল ৪১ রান করে আউট হলে আর কোনো ব্যাটসম্যানই দাঁড়িয়ে লড়াই করতে পারেননি। শেষের দিকে নূরুল হাসান কিছুটা প্রতিরোধ গড়লেও ক্যারিবীয় বোলিংয়ে বাংলাদেশের দ্বিতীয় জাতীয় দলের লেট অর্ডার ভেঙে পড়ে তাসের ঘরের মতোই।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে সাগিকর হাই পারফরম্যান্স সেন্টার ৩৫৪ রানে অল আউট হয়। ক্যারিবীয় দলটির পক্ষে সর্বোচ্চ ৭৪ রান আসে লেওন জনসনের ব্যাট থেকে। এ ছাড়া জোনাথন কার্টার ৫৪ ও কার্লোস ব্র্যাথওয়াইট ৪২ রান করেন।
সাগিকরের শেলডন কটরেল (৩/৩০) ও দেবেন্দ্র বিশুই (৩/৫৭) মূলত আতঙ্ক ছড়ান বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিংয়ে। এ ছাড়া অ্যাশলে নার্স এবং জোনাথন কার্টার দুজনেই তুলে নিয়েছেন একটি করে উইকেট।
বাংলাদেশ এ দলের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিজেদের মধ্যে ভাগ করে নেন রবিউল ইসলাম, তাইজুল ইসলাম, শুভাগত হোম, ইলিয়াস সানি ও মুক্তার আলী।