কোনোমতে হার এড়াল ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোপা আমেরিকার প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে গোলশূন্য ড্র করার পর দ্বিতীয় খেলায়ও জয়ের দেখা পায়নি ব্রাজিল। জয় তো দূরের কথা, বরং উল্টো হারতে বসেছিল টানা দুবারের শিরোপাজয়ীরা। ২-১ গোলে পিছিয়ে পড়ার পর একেবারে শেষমুহূর্তে সমতাসূচক গোল করে ব্রাজিলকে একটি পয়েন্ট এনে দিয়েছেন বদলি হিসেবে মাঠে নামা ফ্রেড। ‘বি’ গ্রুপের অপর খেলায় ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ড প্রায় নিশ্চিত করে ফেলেছে ভেনেজুয়েলা।প্রথমার্ধের ৩৮ মিনিটে চমৎকার একটি গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন জাডসন। দ্বিতীয়ার্ধের ১১ মিনিটের মাথায় খেলায় সমতা ফেরান সান্তা ক্রুজ। মার্সেলো এস্তেগারিবিয়ার ক্রস থেকে ব্রাজিলের জালে বল জড়িয়ে দেন প্যারাগুয়ের এই তারকা স্ট্রাইকার। ৬৬ মিনিটে প্যারাগুয়েকে দ্বিতীয় গোলটি এনে দেন বদলি হিসেবে নামা প্যারাগুয়ের স্ট্রাইকার নেলসন হায়েদো ভালদেজ। এরপর ব্রাজিলকে ২-১ গোলে হার মেনে নিয়েই মাঠ ছাড়তে হবে, এমনটা ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে একটি গোল করে কোনোমতে হার এড়াতে সক্ষম হন নেইমারের বদলি হিসেবে মাঠে নামা ফ্রেড।আগামী ১৪ জুলাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল।—রয়টার্স।