কোন্দল মিডিয়ার সৃষ্টি, দাবি শেবাগের
এশিয়া কাপের দলে রাখা হয়নি বীরেন্দর শেবাগকে। তাঁকে ছাড়াই আজ শনিবার বাংলাদেশে এসে পৌঁছেছে ভারতীয় দল। আর এ দিনই সফরে সুযোগ না পাওয়ার কষ্টের আগুনটা যেন আরেকবার উসকে দিলেন সাংবাদিকেরা।মুম্বাইয়ে একটি ভোগ্যপণ্যের প্রচারণামূলক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শেবাগ। সেখানে কেন তাঁকে দলে নেওয়া হয়নি, অধিনায়ক ধোনির সঙ্গে তাঁর বাদানুবাদ হয়েছে কি না, দলের অধিনায়ক হতে চান কি না—এসব নানা প্রশ্নে শেবাগকে জর্জরিত করেন উপস্থিত সাংবাদিকেরা।জবাবে ‘ক্ষুব্ধ’ শেবাগ সাফ জানিয়ে দেন, দলে কারও মধ্যেই কোনো বিবাদ নেই। যা শোনা যাচ্ছে, সব মিডিয়ার সৃষ্টি।‘আমি মনে করি না, দলে কোনো কোন্দল আছে। সবকিছু মিডিয়ার সৃষ্টি। আগে যেভাবে খেলেছি, সেভাবেই খেলে যাব আমরা। অস্ট্রেলিয়া সফরের সময়ে এসব নিয়ে কথা হয়েছে, এখনো হচ্ছে। কোনো খেলোয়াড়েরই কারও সঙ্গে দ্বন্দ্ব নেই’—বলেছেন শেবাগ।শেবাগ দাবি করেন, তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়নি। ফিজিওর পরামর্শে বিশ্রামে আছেন তিনি। দলের অধিনায়কত্ব নিয়ে এক প্রশ্নের জবাবে শেবাগ বলেন, ‘আমি সব সময় বলে এসেছি, দলের অধিনায়ক হতে চাই না। আমি একজন সিনিয়র ক্রিকেটার। দলের সহ-অধিনায়ক থাকি বা না থাকি, আমার দায়িত্ব হচ্ছে রান করে যাওয়া—যদি কোনো পরামর্শ থাকে, যে অধিনায়ক থাকবে তাঁকে পরামর্শ দেওয়া।’ ওয়েবসাইট।