কোপা ডেল রে'র ফাইনালে খেলবেন না রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইনালে রোনালদোকে পাচ্ছে না রিয়াল। ছবি: রয়টার্স
ফাইনালে রোনালদোকে পাচ্ছে না রিয়াল। ছবি: রয়টার্স

কোপা ডেল রে’র ফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদো খেলতে পারবেন কিনা, এনিয়ে ছিল ঘোর অনিশ্চয়তা। রিয়াল ভক্তদের আশা ছিল শেষ পর্যন্ত হয়তো দলে আলো ছড়াতে মাঠে নামবেন সিআর-সেভেন। কিন্তু বার্সা সমর্থকদের জন্য ‘সুসংবাদ’ হয়ে এসেছে রোনালদোর সর্বশেষ ফিটনেস প্রতিবেদন। বুধবার রাতে ‘ক্লাসিকো ফাইনালে’ থাকছেন না পর্তুগিজ মহাতারকা। বিষয়টি নিশ্চিত করেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও। 
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চোটাক্রান্ত হন পর্তুগিজ উইঙ্গার। ফিরতি লেগে রোনালদোকে নামিয়ে ঝুঁকি নিতে চাননি কার্লো আনচেলত্তি। তিনি খেলতে পারেননি লা লিগার সর্বশেষ দুটি ম্যাচেও (রিয়াল সোসিয়েদাদ ও আলমেরিয়ার বিপক্ষে)। 
ফাইনালে তাঁকে না খেলানো প্রসঙ্গে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেন, ‘ক্রিস্টিয়ানোকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। এ কারণে সে খেলবে না। অবশ্য সে অনুশীলন অব্যাহত রাখবে। এরপর ভ্যালেন্সিয়ায় যাবে ম্যাচ দেখতে।’ ফাইনালে রোনালদোবিহীন রিয়াল কি পারবে বার্সাকে হারাতে? এ ব্যাপারে আনচেলত্তির আত্মবিশ্বাসে অবশ্য ঘাটতি নেই। বললেন, ‘কয়েকজন খেলোয়াড়ের অনুপস্থিতি আশা করছি কোনো সমস্যা তৈরি করবে না। বাকীরা নিজেদের উজার করে দেবে।’ এএফপি ও ওয়েবসাইট।