কোপার কোপ তেভেজের ঘাড়ে
এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। আর দুটো গোল করতে পারলেই ধরে ফেলতেন শীর্ষে থাকা দিমিতার বারবেতভকে (২০ গোল)। ভালোই ফর্মে আছেন কার্লোস তেভেজ। কিন্তু তার পরও হয়তো আগামী কোপা আমেরিকায় খেলা হবে না তাঁর!সার্জিও বাতিস্তা ইঙ্গিত দিয়েছেন সে রকমই। লিওনেল মেসিকে প্রধান স্ট্রাইকার হিসেবে ভাবছেন আর্জেন্টিনা কোচ। দ্বিতীয় স্ট্রাইকার হিসেবে থাকছেন গঞ্জালো হিগুয়েইন। এ রকম পরিকল্পনার কথাই বলেছেন কোচ, ‘জানি, কার্লোস দুর্দান্ত এক খেলোয়াড়। দুটো বিশ্বকাপ খেলেছে, অনেক অভিজ্ঞও। কিন্তু এই মুহূর্তে আমার ৯ নম্বর খেলোয়াড়টি হলো মেসি। গঞ্জালো হিগুয়েইনও আমাকে বাড়তি বিকল্প এনে দিচ্ছে।’আগামী ১ জুলাই শুরু হচ্ছে কোপা আমেরিকা। এবার আর্জেন্টিনাতেই বসবে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই। শিরোপা-বুভুক্ষু আর্জেন্টিনা মুকুটটা পরতে উন্মুখ। এ মাসের শেষে কোপার ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করবেন বাতিস্তা। ৮ জুন সেটি কমিয়ে আনবেন ২২ জনের চূড়ান্ত দলে। আর সেই দলে সম্ভবত ঠাঁই হচ্ছে না ম্যান সিটির হয়ে এফএ কাপ জেতা ক্লাব অধিনায়কের।এই সিদ্ধান্তের পেছনে অনেকে ব্যক্তিগত রেষারেষিও খুঁজে পেতে পারেন। বাতিস্তা বনাম ডিয়েগো ম্যারাডোনা বিভক্তি যখন দেখা দিয়েছিল, তেভেজ প্রকাশ্যে ম্যারাডোনার পক্ষে অবস্থান নিয়েছিলেন। কড়া সমালোচনা করেছিলেন আর্জেন্টিনা ফুটবল সংস্থার। এরপর তেভেজকে কয়েকটি প্রীতি ম্যাচেও নেওয়া হয়নি। যদিও বাতিস্তা দাবি করছেন, ‘আমার এই সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত কোনো কারণ জড়িয়ে নেই।’আরেকটি বিষয় আগেই নিশ্চিত করে দিয়েছেন বাতিস্তা, ‘আর্জেন্টিনা বার্সেলোনার মতো খেলবে না। তবে আমি মেসির কাছ থেকে সেরাটা বের করে আনার সব চেষ্টাই করব।’ ওয়েবসাইট।