কোপার ফাইনালে উরুগুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয়ার্ধে লুইস সুয়ারেজের ঝলকে পেরুকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা প্রতিযোগিতার ফাইনালে উঠে গেছে ১৪ বারের বিজয়ী উরুগুয়ে। গোল দুটিই এসেছে লিভারপুলের পক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই স্ট্রাইকারের পা থেকে। তবে, পুরো খেলার বিচারে উরুগুয়ের এ জয় ছিল যোগ্যতারই পুরস্কার।ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় সুয়ারেজ উরুগুয়েকে এগিয়ে দেন। এরও পাঁচ মিনিট পর নিজের ও দলের দ্বিতীয় গোল করে উরুগুয়ের ফাইনাল নিশ্চিত করে দেন বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ঘানার বিপক্ষে ডি-বক্সের মধ্যে হাত দিয়ে বল ঠেকিয়ে আলোচিত-বিতর্কিত সুয়ারেজ।আজকের দিনটি একেবারেই পেরুর ছিল না। অধিনায়ক হুয়ান ম্যানুয়েল ভার্গাস ম্যাচের ৬৮ মিনিটের সময় কনুই দিয়ে প্রতিপক্ষের সেবাস্তিয়ান কোয়াটেসকে আঘাত করে লাল কার্ড পান। পুরো খেলাতেই পেরু আক্রমণে ও বলের দখলে উরুগুয়ের চেয়ে অনেকটাই পিছিয়ে ছিল। অথচ গ্রুপ পর্বে এ দুই দলের খেলা ছিল ১-১ ড্র।উরুগুয়ে আধিপত্য বিস্তার করে খেলেছে, গোলের প্রাপ্ত সুযোগও অনেক বেশি ছিল তাদের। কিন্তু, দুর্বল ফিনিশিংয়ের কারণে গোলের দেখা পাচ্ছিল না দলটি। নিজে দুই গোল করে সুয়ারেজ উরুগুয়েকে ফাইনালে উঠতে সহায়তা করলেও তিনি নিজেও সহজ কিছু সুযোগ নষ্টের জন্য দায়ী। ৪৫ মিনিটে ফোরলানের ফ্রি কিক থেকে পেরুর গোলরক্ষকের খুব কাছ থেকে নষ্ট করেন গোল করার সুবর্ণ সুযোগ। এর আগে খেলার ২৫ মিনিটে অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল পেরু। ভার্গাসের একটি নিচু হয়ে আসা ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ হন দুই আগুয়ান পেরুভিয়ান ফরোয়ার্ড। এর আগে ২০ বার ফাইনাল খেলে ১৪ বার চ্যাম্পিয়ন হয়েছে দেশটি। এবার তাদের সামনে ১৫তম শিরোপা জেতার সুযোগ। কাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে প্যারাগুয়ে-ভেনেজুয়েলা। রয়টার্স।