কোপার শুরুতেই চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝলমলে, বর্ণাঢ্য, চোখ ধাঁধিয়ে দেওয়া উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু; শেষটা হলো রংহীন, সাদামাটা আর্জেন্টিনার খেলা দিয়ে। কোপা আমেরিকার প্রথম দিনেই চমক। ১৮ বছরের শিরোপা-খরা মুছে দেওয়ার প্রত্যয় নিয়ে মাঠে নামা সার্জিও বাতিস্তার দল কার্যত ছিল প্রত্যয়হীন। অবনমিত রিভার প্লেটের মতোই ছন্নছাড়া তাদের প্রথম ৬০ মিনিটের খেলা। শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে ১-১ গোলে রুখে দিল পুঁচকে বলিভিয়া। বরং বলা ভালো, আর্জেন্টিনাই কষ্টেসৃষ্টে রুখে দিল বলিভিয়াকে। এবারের কোপায় অংশ নেওয়া ফিফা র‌্যাঙ্কিংয়ের সবচেয়ে নিচের দলটিই (৯৩) বরং জিতে যেতে পারত।সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইন, অ্যাঙ্গেল ডি মারিয়াকে ছাড়াই প্রথম একাদশ সাজিয়েছিলেন বাতিস্তা। আক্রমণভাগে জুটি বেঁধেছিলেন মেসি-তেভেজ। কিন্তু এই মৌসুমে ক্লাবের হয়ে মোট ৭৬ গোল করা এই জুটি যে আসলেই ঠিক জমে না সেটি প্রমাণ হলো আরও একবার। গোলশূন্য প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ডি মারিয়াকে নামান বাতিস্তা। খেলায় একটু প্রাণ ফিরে পায় স্বাগতিকেরা। কিন্তু উল্টো ৪৭ মিনিটে লা প্লাটার গ্যালারিকে শোকস্তব্ধ করে দিয়ে আর্জেন্টিনার জালেই প্রথম গোল ঢুকিয়ে দেন এদিভালদো রোজাস। আর্জেন্টিনার রক্ষণের ফাটলটাও যেন পরিষ্কার হয়ে যায়। গোল খাওয়ার পরই হুঁশ ফেরে আর্জেন্টিনার। চুল কেটে ছোট করে ফেলা মেসিকে প্রথম দেখায় অচেনা লাগছিল। সেটি আরও অচেনা লাগল তাঁর নিষ্প্রভ খেলায়। দু-একটি মেসিসুলভ বাঁক নিলেও যেন মনে হচ্ছিল বারবার জাভি-ইনিয়েস্তাদের উপস্থিতি কামনা করছেন। মাঝমাঠে এস্তেবান ক্যাম্বিয়াসো, হাভিয়ের মাচেরানো, এভার বানেগারা ছিলেন একেবারেই অকার্যকর।রক্ষণে একজনকে রেখে পুরো নয়জনকে নিয়ে শেষ ২৫ মিনিট ধারালো আক্রমণ অবশ্য চালায় আর্জেন্টিনা। ডি মারিয়া বাঁ প্রান্ত থেকে গতি এনে দেন। বুড়ো বয়সেও দারুণ খেলেছেন হাভিয়ের জানেত্তি। শেষ পর্যন্ত বদলি হিসেবে নামার পাঁচ মিনিটেই দুর্দান্ত ভলি থেকে গোল করে দলকে সমতায় ফেরান সার্জিও আগুয়েরো। ডি মারিয়ার ক্রস বুকে নামিয়ে নিকোলাস বুর্দিসো বাড়ান আগুয়েরোকে। আর্জেন্টিনার অস্বস্তির পাথরভারটা নামিয়ে ফেলেন ম্যারাডোনার জামাই।এর আগে ৬৫ মিনিটে পাল্টা আক্রমণে আরও একটা গোল প্রায় দিয়েই ফেলেছিল বলিভিয়া। গোলরক্ষক সার্জিও রোমেরোকে মুখোমুখি পেয়েও গোল করতে পারেননি মার্সেলো মরেনো। এগিয়ে গিয়ে দারুণ সেভ করেছেন রোমেরো।৭ জুলাই কলম্বিয়া ম্যাচের আগে বড় সতর্কবার্তাই পেল আর্জেন্টিনা। বাতিস্তাকেও তাঁর একাদশ নিয়ে নতুন করে ভাবনার তাগিদ দিয়ে গেল এই ম্যাচ। বলিভিয়ার সঙ্গে ড্র যে একেবারেই অপ্রত্যাশিত।প্রত্যাশা করার কথাও নয়। বলিভিয়ার বিপক্ষে সর্বশেষ সাক্ষাতে তাদের মাঠে আর্জেন্টিনা ৬-১ গোলে হেরে এসেছিল লা পাজের উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে না পারার ব্যর্থতায়। এমনিতে দুই দলের মুখোমুখি লড়াই অন্য কথাই বলে। বুয়েনস এইরেসেও যেমন এর আগে ১১ ম্যাচের প্রতিটাই জিতেছিল আর্জেন্টিনা। কিন্তু এবার পেল চরম শিক্ষা।গোলদাতা আগুয়েরোও বলছেন, ‘আমাদের আরও ভালো করতে হবে, কারণ ওরা আমাদের কাজ কঠিন করে দিল। যদিও আমি মনে করি, ওরা প্রথম গোলটি পাওয়ার আগপর্যন্ত আমরা ভালোই খেলছিলাম।’ তথ্যসূত্র: এএফপি, রয়টার্স।