কোপায় জয়ে শুরু বার্সার
গতবার ‘না পাওয়া’র মৌসুমেও কিন্তু চারটি শিরোপা জিতেছিল বার্সেলোনা। তারই একটা ট্রফি কোপা ডেল রে। সেই শিরোপা ধরে রাখার মিশনটা বড় জয় দিয়েই শুরু করল বার্সা। সেগুন্ডা ‘বি’র দল আলাভেসকে তাদেরই মাঠে হারাল ৩-০ গোলে। পুয়োল-জাভি-ভালদেসের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেন আন্দ্রেস ইনিয়েস্তা। ৫১ মিনিটে দারুণ এক গোল করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক। ইনিয়েস্তার আগে ৪০ মিনিটে ডেভিড ভিয়া এবং পরে ৮৮ মিনিটে গোল করেছেন সেস ফ্যাব্রিগাস। ৩২ দলের এই রাউন্ডে বার্সা ফিরতি লেগে আলাভেসের মুখোমুখি হবে এ মাসের শেষে।শুধু জাভি-ভালদেসরাই নয়, দলের আরও অনেক সিনিয়র খেলোয়াড়কে এই দিন বিশ্রামে রেখেছিলেন টিটো ভিলানোভা। খেলেননি পেলের এক বর্ষপঞ্জিতে ৭৫ গোলের রেকর্ড থেকে মাত্র দুই গোল দূরে থাকা লিওনেল মেসি। যদিও তাঁদের অভাবটা বুঝতেই দেননি ইনিয়েস্তা-ফ্যাব্রিগাসরা। পুঁচকে আলাভেস অবশ্য দীর্ঘ সময় বার্সাকে আটকেই রেখেছিল। প্রথমার্ধের শেষদিকে খেয়েছে প্রথম গোল। প্রথমার্ধে ছিল ওই একটি গোলই। ম্যাচে ইনিয়েস্তার গোলটিই আলোচনায়। বক্সের সামান্য বাইরে থেকে আলতো টোকায় রক্ষণ আর গোলরক্ষকের নাগালের বাইরে দিয়ে জালে বল পাঠান বার্সা মিডফিল্ডার। রায়ো ভায়োকানোর পর এই ম্যাচেও প্রথম গোল এনে দিয়ে প্রথম একাদশে নিয়মিত সুযোগ পাওয়ার দাবি আরও জোরালো করেছেন ইনজুরি থেকে ফেরা ভিয়া। ম্যাচ শেষে বলেছেনও, ‘আমি বেশ ভালো অনুভব করছি। পুরো ৯০ মিনিট খেলতে পারব বলে মনে হচ্ছে। যত সম্ভব বেশি খেলতে চাই। যদিও আমাকে নিয়ন্ত্রণ করার ভার যাঁদের ওপর, তাঁরাই ভালো বুঝবেন আমার জন্য কী ভালো হবে। শনিবার আরেকটি ম্যাচ আসছে। আশা করি ওই ম্যাচে নিজের সেরাটাই দিতে পারব।’ ওয়েবসাইট।