কোপায় ফিরতে চান রিকেলমে
গত কোপা আমেরিকায় দুর্দান্ত খেলছিলেন। মিডফিল্ডার হয়েও গোল করেছিলেন পাঁচটি। আবারও কি কোপা দিয়েই আন্তর্জাতিক ফুটবলে প্রত্যাবর্তন হবে হুয়ান রোমান রিকেলমের?ডিয়েগো ম্যারাডোনার ওপর অভিমান করে জাতীয় দল থেকে দ্বিতীয়বারের মতো অবসর নিয়ে নিয়েছিলেন এই বোকা জুনিয়র্স তারকা। ৩২ বছর বয়সী রিকেলমে বোকার হয়ে গত সাত ম্যাচে চার গোলও করেছেন। তাঁর ফেরার আগ্রহ তো আছেই, পাশাপাশি আর্জেন্টিনা কোচ সার্জিও বাতিস্তাও বলে রেখেছেন, ‘রিকেলমের জন্য দুয়ার খোলা।’সেই খোলা দুয়ার দিয়ে দলে আবার ঢুকে পড়তে চান রিকেলমে, ‘লিগে এখনো পাঁচ ম্যাচ আছে। এই ম্যাচগুলোয় ভালো খেলতে চাই। কারণ আমার লক্ষ্য কোপায় ফেরা।’গত কোপায় গ্রুপ পর্বে কলম্বিয়ার বিপক্ষে জোড়া গোল করেছিলেন রিকেলমে। জোড়া গোল ছিল পেরুর বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও। অন্য গোলটি করেন সেমিফাইনালে। গতবার অবশ্য ফাইনালে ব্রাজিলের কাছে হেরে যায় আর্জেন্টিনা। এবার তারই প্রতিশোধ নেওয়ার সুযোগ নিজেদের মাটিতে। ১ জুলাই শুরু হবে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের এই আসর। এ মাসের শেষের দিকে কোপার প্রাথমিক দল ঘোষণা করবেন বাতিস্তা। ওয়েবসাইট।