কোপায় ভূমিকম্প!
কোয়ার্টার ফাইনাল, না ভূমিকম্প?ভূমিকম্পই! যেটি কোপাকে টালমাটাল করে লিখল দক্ষিণ আমেরিকার ফুটবল শক্তির নতুন সমীকরণ। মহাদেশীয় সীমানা ছাড়িয়ে বিশ্ব ফুটবলেরই দুই পরাশক্তি ব্রাজিল-আর্জেন্টিনার স্বপ্নের কবর রচিত হলো কোয়ার্টার ফাইনালেই। আগের দিন আর্জেন্টিনার, পরদিন ব্রাজিলের।আবারও কী মিল! গত দুটি বিশ্বকাপের কথা মনে আছে? দুবারই কোয়ার্টার ফাইনালে শেষ আর্জেন্টিনা-ব্রাজিল। দুবারই পর পর দুই দিন দুই দলের বিদায়। ২০০৬ বিশ্বকাপে আগের দিন আর্জেন্টিনার দীর্ঘশ্বাসে ভারী বাতাস। পরদিন ব্রাজিলের। ২০১০ সালে শুধু উল্টে গেল ক্রমটা—আগের দিন ব্রাজিল, পরদিন আর্জেন্টিনা।বিশ্বকাপ তো শুধু ব্রাজিল-আর্জেন্টিনা নয়, এই দুই দলের বিদায়ের পরও তাতে অনেক কিছু থাকে। সংখ্যার বিচারে ফুটবলীয় শক্তি তো ইউরোপেই বেশি। কিন্তু ব্রাজিল-আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকায় কী থাকল?থাকল পেরু, উরুগুয়ে, প্যারাগুয়ে ও ভেনেজুয়েলা! ভুল পড়েননি। এই চার দলকে নিয়েই কোপা আমেরিকা ২০১১-এর সেমিফাইনাল। অথচ কাগজে-কলমে শক্তি আর সম্ভাবনার আয়নায় নাম চারটি ছিল ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া ও চিলি। কে জানত, কোপার কোয়ার্টার ফাইনাল এমন অঘটনের পসরা সাজিয়ে বসবে!ব্রাজিল-আর্জেন্টিনার বিদায়ে মিল আছে আরও। দুটি ম্যাচই গড়িয়েছে অতিরিক্ত সময়ে। দুই দলই হেরেছে টাইব্রেকারে। দুই ম্যাচেই খেলা শেষ হয়েছে প্রতি দলে ১০ জন করে খেলোয়াড় নিয়ে। মিল আছে ঘাতকের নামেও—উরুগুয়ে ও প্যারাগুয়ে!গত শনিবার (বাংলাদেশ সময় রোববার ভোররাত) কোপার সফলতম দুই দলের ১২০ মিনিটের লড়াই শেষ হয়েছিল ১-১ গোলে। টাইব্রেকারে উরুগুয়ের পাঁচ শটেই গোল। আর্জেন্টিনার পাঁচে চার। টাইব্রেকারে শুধু গোলকিপারেরই হিরো হওয়ার সুযোগ। বাকি সবার শুধুই ভিলেন বনে যাওয়ার ভয়। এই কালো দাগটা লাগল কার্লোস তেভেজের গায়ে। তাঁর শট ফিরিয়ে হিরো উরুগুইয়ান গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা, পুরো ম্যাচেই যাঁর নায়কোচিত ভূমিকা। আর্জেন্টিনা-উরুগুয়ে ম্যাচে ১২০ মিনিটের লড়াইয়ে তাও মোটামুটি সমতা ছিল। ব্রাজিল-প্যারাগুয়ে একেবারেই তা নয়। ১২০ মিনিটই ম্যাচের রং ছিল ‘হলুদ’। এতটাই যে, গোলরক্ষক ছাড়া খেললেও ব্রাজিলের সমস্যা হতো না! গোলে যে একটি শটও নিতে পারেননি প্যারাগুইয়ানরা। ব্রাজিলিয়ানরা অনেকগুলোই নিয়েছে, কিন্তু কখনো গোলরক্ষক জাস্টো ভিলার দাঁড়িয়ে গেছেন প্রতিরোধের দেয়াল হয়ে। কখনো বা অন্য কেউ গোললাইন থেকে ফিরিয়ে দিয়েছেন বল। টাইব্রেকারেও ভিলার ঠেকালেন একটি শট। ব্রাজিলের বাকি তিনটি শটই বাইরে, প্যারাগুয়ের একটি। টাইব্রেকারে শেষ তিনটি শট তাই নিতেই হলো না। প্যারাগুয়ে ২: ব্রাজিল ০—টাইব্রেকারে এমন অদ্ভুত স্কোরলাইন বড় একটা দেখা যায় না।ব্রাজিল-আর্জেন্টিনার বিদায়ে কলম্বিয়া আর চিলির পতন একটু আড়ালেই পড়ে গেছে। তবে অঘটন এই দুটিও। দুই পরাশক্তির পর এবারের কোপায় কলম্বিয়াকেই মানা হচ্ছিল ফেবারিট। আর্জেন্টিনাকে টপকে গ্রুপ জিতে ২০০১ কোপার চ্যাম্পিয়নরা প্রমাণ করেছিল, স্বীকৃতিটা অপাত্রে দেওয়া হয়নি। সেই কলম্বিয়া কোয়ার্টারে হেরে গেল দক্ষিণ আমেরিকান ফুটবলের ‘হরিজন’ পেরুর কাছে। গত বিশ্বকাপের বাছাইপর্বে দক্ষিণ আমেরিকার ১০ দলের মধ্যে পেরু ছিল ১০ নম্বরে। ১৯৩৯ ও ১৯৭৫ সালে দুবার কোপা জিতেছিল বটে, কিন্তু পেরুর সেই সাফল্যে ধারাবাহিক ব্যর্থতা এমনই পুরু ধুলোর আস্তরণ ফেলেছে যে সেটি কারও মনেই থাকে না। অতিরিক্ত সময়ের দুই গোলে জিতেছে পেরু। অথচ ৬৬ মিনিটে কলম্বিয়ার সবচেয়ে বড় তারকা রাদামেল ফ্যালকাও পেনাল্টি মিস না করলে ম্যাচ অতিরিক্ত সময়েই গড়ায় না। চিলির বিপক্ষে ভেনেজুয়েলার জয়ে বিস্ময়ের উপাদান আরও বেশি। চিলি চারবার ফাইনাল খেলেছে আর ভেনেজুয়েলার সেরা ফল সেই ১৯৬৭ সালে আট দলের মধ্যে পঞ্চম স্থান। ২-১ গোলে জিতে সেই ভেনেজুয়েলাই প্রথমবারের মতো সেমিফাইনালে। চার কোয়ার্টার ফাইনালের মধ্যে এই একটিই অতিরিক্ত সময়ে যেতে যেতে যায়নি। জয়সূচক গোলটি হয়েছে শেষ বাঁশি বাজার ৯ মিনিট আগে। প্রায় সঙ্গে সঙ্গেই টুইট করেছেন কিউবায় কেমোথেরাপি নিতে যাওয়া ভেনেজুয়েলান প্রেসিডেন্ট হুগো চাভেজ, ‘গ্লোরি টু দ্য ব্রেভ পিপল!’কোয়ার্টার ফাইনাল যা দেখাল, তাতে চাভেজের টুইটটাকে একটু ঘুরিয়ে কোপারই স্লোগান বানিয়ে দেওয়া যায়—গ্লোরি টু দ্য আপসেট!