কোবি ব্রায়ান্টের রাজকীয় বিদায়

স্বপ্নের মতো বিদায় বোধ হয় একেই বলে। নিজের বিদায়ী ম্যাচেই দলকে জেতানো, শেষ ম্যাচে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড—বিদায়টি নিজের হাতে লিখলেও হয়তো এর চেয়ে ভালোভাবে লেখতে পারতেন না কোবি ব্রায়ান্ট! দুবারের অলিম্পিক জয়ী এই বাস্কেটবল কিংবদন্তি এভাবেই স্মরণীয় স্মৃতি উপহার দিয়ে বিদায় বলে দিলেন পেশাদার ক্যারিয়ারকে।
ঘোষণা দিয়ে রেখেছিলেন আগেই, অবসরে যাচ্ছেন ব্রায়ান্ট। বাস্কেটবলের সর্বকালের অন্যতম সেরাদের একজন। যুক্তরাষ্ট্র সময় বুধবার রাতে (বাংলাদেশ সময় আজ সকালে) স্টেপলস সেন্টারে তাই ঠাঁই নাই ঠাঁই নাই অবস্থা। লস অ্যাঞ্জেলস লেকারসে কোর্ট সাইডের টিকিটের মূল্য সাধারণত ১ থেকে ২ হাজার ডলার। কাল সে টিকিটের মূল্য উঠেছিল ২৭ হাজার ৫০০ ডলারে!
সমর্থকদের হতাশ করেননি কোবি। লেকারদের হতাশামাখা এক মৌসুমের শেষ এনেছেন ১০১-৯৬ পয়েন্টের জয় দিয়ে। নিজের শেষ ম্যাচে এই ৩৭ বছর বয়সী একাই ৬০ পেয়েছেন, ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো এই কীর্তি করেছেন। সে সঙ্গে এনবিএ (ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন)’র একটি রেকর্ডও ভেঙেছেন এই কিংবদন্তি। ক্যারিয়ারের শেষ ম্যাচে এত পয়েন্ট পাননি অন্য কেউ। টান টান উত্তেজনার ম্যাচে নিজেই দলকে জিতিয়েছেন, বিপদের সময় উদ্ধার করেছেন। সমর্থকদের আক্ষেপ বাড়িয়ে দিয়ে, কান্নায় ভাসিয়ে বিদায় নিয়েছেন সত্যি। তবে মহাতারকাদের বিদায় তো এমনটাই হওয়া উচিত!
২০ বছরের ক্যারিয়ারে লেকারসকে পাঁচটি এনবিএ শিরোপা এনে দিয়েছেন। এখানেই থামেননি। যুক্তরাষ্ট্রের বহুদিনের অধরা অলিম্পিক শিরোপা ও এনে দিয়েছেন ২০০৮ ও ২০১২ অলিম্পিকে। এনবিএ ইতিহাসেই তৃতীয় সর্বোচ্চ স্কোরার কোবির এমন বিদায়ই তো মানায়। সূত্র: এনপিআরটওআরজি।