কোমা থেকে ফিরে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোমা থেকে ফেরার পর একজন রোগী কী জানতে চাইতে পারে? নিজের পরিবার, স্বজন, বড়জোর বন্ধুবান্ধবের কথা। কিন্তু মাইকেল নামের ইতালির এক কিশোর জানতে চাইল প্রিয় ক্লাবের কথা!
বন্ধুদের সঙ্গে দুষ্টুমি করতে গিয়ে লাফ দিয়েছিল মিলানের একটি সেতু থেকে। মাইকেল জানত না, ওই জায়গায় পানির গভীরতা ছিল মাত্র ৬.৫ ফুট। মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে সে, হৃৎস্পন্দনও পাওয়া যাচ্ছিল না তার। পানি থেকে তোলার পর মনে হয়েছিল মাইকেল মারাই গেছে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আসলে মারা যায়নি সে, কৃত্রিম শ্বাসযন্ত্র দিয়ে তাই বাঁচিয়ে রাখা হয়। চলে যায় কোমায়।
অনেক দিন ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে আছে সে। দুর্ঘটনার চার সপ্তাহ পর কোমা থেকে ফিরে তার প্রথম কথাই হলো, ‘জুভেন্টাস কি এখনো চ্যাম্পিয়নস লিগে আছে?’
মাইকেলের চিকিৎসক আলবার্তো জানগ্রিলোকে মোটামুটি বিখ্যাতই বলা যায়। সাবেক ইতালিয়ান প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির ব্যক্তিগত চিকিৎসক তিনি। সেই জানগ্রিলো মাইকেলের কীর্তিতে রীতিমতো চমৎকৃত। এটিকে তিনি মানছেন তাঁর চিকিৎসক-জীবনের সেরা অর্জনগুলোর একটি বলে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকায় মাইকেল জুভেন্টাসের সিরি ‘আ’ ও ইতালিয়ান কাপ জয় দেখতে পারেনি। তবে তার ভাবনাজুড়ে তো ছিল চ্যাম্পিয়নস লিগ। ৬ জুন সেটির ফাইনাল খেলছে জুভেন্টাস। মাইকেলের নিশ্চয়ই তর সইছে না! লন্ডন টেলিগ্রাফ।