কোম্যান, পচেত্তিনো, নাকি জাভি—কে হবেন বার্সেলোনার পরবর্তী কোচ?
লিসবনে বার্সেলোনা-বায়ার্ন মিউনিখ ম্যাচটি প্রায় শেষের দিকে। স্কোরলাইন বায়ার্নের পক্ষে ৮-২। সেই সময়ে কিকে সেতিয়েনের চেহারাটা দেখেছিলেন? দুহাত ডাগআউটের ছাউনিতে দুই দিকে প্রসারিত করে দিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে ছিলেন মাঠের দিকে! চোখে হয়তো নিজের বরখাস্তের চিঠিটাই তখন দেখতে পাচ্ছিলেন বার্সেলোনা কোচ। সেতিয়েনের বরখাস্ত হওয়া এখন নিয়তি নির্ধারিত। ফুটবল বিশ্বে এ নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না। আলোচনার বিষয় এখন একটিই—কে হবেন বার্সেলোনার পরবর্তী কোচ।
খুব বেশি কোচের নাম যে শোনা যাচ্ছে তা নয়। আপাতত আলোচনায় আছেন টটেনহাম ও বার্সেলোনার নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলের সাবেক কোচ মরিসিও পচেত্তিনো আর বার্সেলোনার সাবেক দুই খেলোয়াড় রোনাল্ড কোম্যান ও জাভি হার্নন্দেজ। অনেকেরই ধারণা এই তিনজনের মধ্যে একজনই হবেন বার্সেলোনার পরবর্তী কোচ।
বার্সেলোনার পরবর্তী কোচ হিসেবে জাভির কথা অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। স্পেনের সাবেক প্লেমেকারও কদিন আগেই বলেছেন, কোনো একদিন বার্সেলোনার কোচ হতে চান। ন্যু ক্যাম্পের দলটির ডাগআউটে গড়ে তুলবেন স্বপ্নের একটি কোচিং দল। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে আলোচনার টেবিলে তাঁর নামটি আসছে। সেতিয়েনকে কোচ হিসেবে নেওয়ার আগেও জাভিকে বার্সেলোনার দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন এই বলে যে নিজেকে বার্সার ডাগআউটের জন্য তৈরি করতে আরেকটু সময় লাগবে। কে জানে সেই সময়টা জাভি পার করে এসেছেন কি না, আর বার্সেলোনাই বা তাঁর দিকে এগোবে কি না!
জাভির চেয়েও অবশ্য বেশি শোনা যাচ্ছে কোম্যানের নাম। স্পেনের সাংবাদিক গিয়েম বালাগ অনেকটাই নিশ্চিত যে, পরের মৌসুমে বার্সার ডাগআউটে ডাচ কোচকে দেখা যাবে। ৫৭ বছর বয়সী কোম্যানকেও গত জানুয়ারিতে বার্সেলোনা প্রস্তাব দিয়েছিল। কিন্তু বর্তমানে হল্যান্ড জাতীয় দলের দায়িত্বে থাকা কোম্যান সেই সময়ে অসুস্থ ছিলেন। বুকের ব্যথা নিয়ে হাসপাতাল যেতে হয়েছিল তাঁকে। পরে অবশ্য নিজেকে পুরো ফিট বলে ঘোষণা করেছেন। কোম্যানের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে বালাগের, ‘(বার্সেলোনার কোচ হিসেবে) তাঁর নাম শুনে কমবেশি খুশি সবাই-ই হবে।’
কোম্যান যদি বার্সেলোনার দায়িত্ব নিতে রাজিও হন তাঁকে পেতে একটু সময় লাগবে। বালাগ বলেছেন, ‘জানুয়ারিতে একবার বার্সেলোনার প্রস্তাবে না করে দিয়েছেন তিনি। কিন্তু এখনকার প্রেক্ষাপটটা ভিন্ন। জানুয়ারিতে তাঁর বলে দেওয়ার পেছনে স্বাস্থ্যগত কারণ ছিল। তবে এখন আলোচনা হতে পারে তাঁকে নিয়ে। কিন্তু আগে তো তাঁকে জাতীয় দল থেকে আলাদা হতে হবে। তাই তাঁকে পেতে হলে একটু সময় লাগবে।’
রইল বাকি পচেত্তিনো। অনেকেই ধারনা করছেন পাঁচ মৌসুম কাটানোর পর গত নভেম্বরে টটেনহাম থেকে বরখাস্ত হওয়া পচেত্তিনোও হতে পারেন বার্সার কোচ। কিন্তু আর্জেন্টাইন কোচকে নিয়ে একটাই সমস্যা। বার্সেলোনার নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলের খেলোয়াড় ছিলেন তিনি। এমনকি দলটিকে কোচিংও করিয়েছেন। এমন একজনকে কোচ হিসেবে হয়তো মেনে নিতে চাইবে না বার্সার সমর্থকেরা।
কোম্যান, জাভি বা পচেত্তিনো অথবা অন্য কেউ—যাঁকেই কোচ হিসেবে বেছে নিক না কেন বার্সেলোনা, সেটা দ্রুতই করতে হবে। কারণ, কয়েক দিন পরই যে শুরু হয়ে যাবে প্রাক-মৌসুম প্রস্তুতি। ওই সময়টাতে দলকে কোচবিহীন রাখতে চাইবে না বার্সার বোর্ড। আর স্পেনের রেডিও কাদেনা কোপের খবর অনুযায়ী আজ দলটির বোর্ড সভাতেই সেতিয়েনকে ধরিয়ে দেওয়া হবে বরখাস্তের চিঠি।