কোম্যান বার্সার কোচ থাকবেন না যদি...
ক্যাম্প ন্যু তে পা রাখতে না রাখতেই বার্সেলোনার রাজনীতির উত্তাপ টের পেলেন রোনাল্ড কোম্যান।
টালমাটাল পরিস্থিতির মধ্যে কাল আনুষ্ঠানিকভাবে বার্সার নতুন কোচ হয়ে এসেছেন কোম্যান। কিকে সেতিয়নকে ছাঁটাইয়ের দুই দিন পরই তাঁকে কোচ করে আনল বার্সা। এর মধ্যে ক্রীড়া পরিচালককেও ছাঁটাই করেছে বার্সার পরিচালক পর্ষদ। এদিকে বার্সা পরিচালনা পর্ষদের সভাপতি হোসে মারিয়া বার্তোমেউয়ের ওপর লিওনেল মেসি অসন্তুষ্ট—এমন খবর চাউর হয়েছে সংবাদমাধ্যমে। মাঠে এবার সাফল্য নেই, দলবদলের বাজারেও মার খেয়েছে বার্তোমেউয়ের নীতি। সব মিলিয়ে তোপের মুখেই আছেন বার্সা সভাপতি। পদত্যাগের দাবি উঠলেও বার্তোমেউ অনড়, আগামী বছর মার্চে সভাপতি নির্বাচনের আগে কিছুতেই পদ ছাড়বেন না।
সব মিলিয়ে এই উত্তপ্ত পরিস্থিতিকেই কথা বলার জন্য বেছে নিলেন ভিক্টর ফন্ত। নামটা অচেনা লাগতেই পারে। এই ভিক্টর ফন্ত বার্সার আগামী নির্বাচনে সভাপতি পদপ্রার্থী। বর্তমান সভাপতির সমালোচনা যে করবেন তিনি সেটাই স্বাভাবিক। যদিও পরিস্থিতি বার্তোমেউয়ের পক্ষে নেই। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হেরেছে বার্সা। এমন হারের পর মেসি বার্সেলোনা ছাড়তে চান, সে খবরও চাউর হয়েছে। সব মিলিয়ে বার্সার লাগামটা বার্তোমেউয়ের নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে উঠছে।
এর মধ্যে কোম্যানকে বার্তোমেউ কোচ করে আনার পর মুখ খুলেছেন ফন্ত। ‘ক্যাডেনা সার’কে তিনি বলেন, ‘আমি সভাপতি হলে কোম্যান কোচ পদে থাকবে না। কোম্যান বার্সেলোনার কিংবদন্তি। তবে তাকে ধন্যবাদ দিতেই হবে কারণ ক্লাব এবং ড্রেসিং রুম এবং সব মিলিয়ে যে জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং যেসব সিদ্ধান্ত নিতে হবে, তার মধ্যে তিনি দায়িত্ব নেওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন। তাকে শুভকামনা জানাতেই হবে এবং আশাকরি তিনি ট্রেবল জিতবেন।’
ফন্ত এরপর বার্সাকে খোলনলচে পাল্টে দেওয়ার কথাই বললেন। সেটি অবশ্যই যদি তিনি সভাপতি পদে অধিষ্ঠিত হতে পারেন তারপর, ‘শেষ পর্যন্ত যদি তাকে (কোম্যান) দরকার হয় এবং সে নিজেও থাকতে চায়, আমাদের পরিকল্পনায় অবদান রাখতে চায় তাহলে হয়তো দেখা যাবে। কিন্তু আমাদের পরিকল্পনা হবে প্রতিষ্ঠানের চার্ট মেনে যেটা আমরা দীর্ঘদিন ধরে প্রস্তুত করেছি, সহ সভাপতি থেকে শেষ বয়সভিত্তিক দলের কোচ পর্যন্ত।’
কোচ হিসেবে ফন্ত নিজের পছন্দের ব্যক্তির নামও বলেছেন। তিনি এখন কাতারের ক্লাব আল শাদের কোচ। ঠিকই ধরেছেন বার্সার কিংবদন্তি জাভি হার্নান্দেজ। করোনা মহামারি শুরুর আগে তাঁকে একবার কোচের প্রস্তাব দিয়েছিল বার্সা। কিন্তু জাভি তখন ‘প্রস্তুত নন’ বলে প্রস্তাবটি এড়িয়ে যান। তাঁকে নিয়ে ফন্ত বলেন, ‘জাভি জানে ক্লাবের সবকিছু একসূত্রে গাঁথতে হবে। বোর্ডের পরিচালক পর্ষদ যাকে এ দায়িত্ব দেয়, আমাদের ক্ষেত্রে সেটি তাকেই (কোচ পদে) দেওয়া হবে।’
মেসির বার্সা ছাড়ার গুঞ্জন নিয়েও কথা বলেছেন ফন্ত। তাঁর মতে, কোচ পদে জাভির অধীনে খেলতে মেসির কোনো সমস্যা না হলে বার্সায় তাঁর ভবিষ্যৎ নিয়েও কোনো সমস্যা নেই। ‘ক্লাবের আর্থিক, প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক ব্যর্থতায় মেসি ভীষণ হতাশ। আশা করি ২০২১ সালে জাভির অধীনে খেলবে মেসি।’