কোরিয়ার বিপক্ষে এবার সাত গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনচন এশিয়ান গেমসে বাংলাদেশ জাতীয় হকি দল ছবি: দ্য ডেইলি স্টারের সৌজন্যে
ইনচন এশিয়ান গেমসে বাংলাদেশ জাতীয় হকি দল ছবি: দ্য ডেইলি স্টারের সৌজন্যে

মালয়েশিয়ার ইপোহতে গত বছর অনুষ্ঠিত এশিয়া কাপ হকিতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ হেরেছিল ৯-০ গোলে। হকিতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ভরাডুবির অনেক কাহিনিই ‘ইতিহাসে’ লেখা আছে। কিন্তু সে হিসেবে এশিয়ান গেমসে আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নিজেদের পারফরম্যান্সকে ‘উন্নতি’ হিসেবেই দেখতে পারে বাংলাদেশ। আজ ইনচনের সিওনহাক হকি স্টেডিয়ামে বাংলাদেশ কোরিয়ার বিপক্ষে হেরেছে ৭-০ গোলে।
কোরিয়ার মতো দলের বিপক্ষে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতার স্বপ্ন দেখাটাও বোকামি। এই ম্যাচ নিয়ে নাভিদ আলম বাহিনীর লক্ষ্য ছিল ‘যতটা সম্ভব কম গোল খাওয়া’। আজ সিওনহাকে সেই লক্ষ্যটাই পূরণ করতে চেয়েছে বাংলাদেশ। মহাশক্তিধর এই প্রতিপক্ষের বিপক্ষে সাত গোলের হারকেই ‘সাফল্য’ হিসেবেই দেখতে পারে বাংলাদেশ।
ম্যাচের ৪, ৬, ১৯, ৩০, ৪২, ৫১ ও ৫৯ মিনিটে আসে কোরিয়ার সাতটি গোল। এর মধ্যে ফিল্ড গোল পাঁচটি। পেনাল্টি কর্নার থেকে হয়েছে দুটি গোল।
পুরো খেলায় কোরিয়া বাংলাদেশের গোলে শট নিয়েছে ১৫টি অপর পক্ষে কোরিয়ার গোলে বাংলাদেশের হাসান যুবায়ের ও পুষ্কর খীসার দুটো শটই ছিল কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের ‘প্রতিদ্বন্দ্বিতা’র হাইলাইটস। পুরো ম্যাচেই দারুণ ব্যস্ত ছিলেন গোলরক্ষক অসীম গোপ ও বাংলাদেশের রক্ষণসেনারা।
পরিসংখ্যানগুলো যেন দুই দলের শক্তির তারতম্যকেই বড্ড করুণভাবে তুলে ধরছে।