কোরিয়ার বিপক্ষে বিশাল হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোরিয়ার বিপক্ষে বড় পরাজয়ই সঙ্গী হলো বাংলাদেশের সৌজন্য ছবি
কোরিয়ার বিপক্ষে বড় পরাজয়ই সঙ্গী হলো বাংলাদেশের সৌজন্য ছবি

পরাজয়টা ভবিতব্যই ছিল। এশিয়া কাপ হকিতে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ জিতবে—এমন স্বপ্ন কেউ ভুলেও দেখেননি। কিন্তু কোরিয়ার বিপক্ষে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছিলেন দলের খেলোয়াড়েরা। প্রত্যাশা ছিল, পরাজয়টা হবে কম ব্যবধানের। সেই আশার গুড়ে বালি মিশিয়ে শেষ পর্যন্ত বিশাল এক পরাজয়ই সঙ্গী হলো জিমি-চয়নদের। পরাজয়ের ব্যবধানটা ৯-০ গোলের।

৭০ মিনিটের খেলায় কোরিয়া বাংলাদেশের দিকে আক্রমণে এসেছে ২১ বার, পক্ষান্তরে বাংলাদেশ মাত্র ২ বার। পুরো খেলায় কোরিয়া ৭৯ শতাংশ সময় স্টিকে বল আটকে রাখলেও বাংলাদেশ রাখতে পেরেছে মাত্র ২১ শতাংশ সময়। আর কোরিয়া ১৪টি পেনাল্টি কর্নার পেলেও বাংলাদেশ আদায় করতে পারেনি একটিও। ১৪টি পেনাল্টি কর্নার থেকে কোরিয়া গোল আদায় করেছে চারটি—এই পরিসংখ্যানগুলো আজকের ম্যাচে কোরীয় আধিপত্যেরই প্রমাণ বহন করছে। গত ফেব্রুয়ারিতে বিশ্ব হকি লিগে পারফরম্যান্সের তুলনায় এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে নিষ্প্রভই ছিল বাংলাদেশ। সবচেয়ে বড় কথা, পুরো খেলায় পরিকল্পনা বলে কোনো কিছু ছিল না বাংলাদেশের খেলোয়াড়দের।

বিশাল এক পরাজয়কে সঙ্গী করে বাংলাদেশের পরবর্তী খেলা কাল, ওমানের সঙ্গে। দেশ ছাড়ার আগে এই ওমানের বিপক্ষেই জয়ের আশাবাদ ব্যক্ত করে গেছেন বাংলাদেশের কোচ নাভিদ আলম। দেখা যাক, কাল দল কী করে। ২৮ আগস্ট গ্রুপের শেষ খেলায় বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের।