কোরিয়ার বিপক্ষে লড়তে চায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের অন্যতম ভরসা হয়ে থাকবেন অধিনায়ক মামুনুর রহমান (চয়ন)
কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের অন্যতম ভরসা হয়ে থাকবেন অধিনায়ক মামুনুর রহমান (চয়ন)

নিজেদের অবস্থান সম্পর্কে সচেতন বাংলাদেশ জাতীয় হকি দল। আজ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মহাপরাক্রম দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের লক্ষ্য তাই ‘ভালো খেলা’। বিশ্ব হকি র‌্যাঙ্কিংয়ের ৩১তম দল (বাংলাদেশ) যখন ছয় নম্বর দলের (দক্ষিণ কোরিয়া) মুখোমুখি, তখন লক্ষ্যটা নির্দিষ্ট করা আসলে কঠিনই।
বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুর রহমানও (চয়ন) নির্দিষ্ট করে আজকের ম্যাচ নিয়ে কিছু বলতে চাইলেন না। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ‘দক্ষিণ কোরিয়া অত্যন্ত শক্তিশালী দল। কোনো কোনো ক্ষেত্রে তারা ভারত ও পাকিস্তানের চেয়েও শক্তিশালী। হকির এশিয়া মহাদেশীয় শক্তিগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়াই সবচেয়ে সফল দল।’
এমন শক্তিধর একটি দলের বিপক্ষে তাই কোনো নির্দিষ্ট লক্ষ্য স্থির করতে চান না মামুনুর, ‘কোরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্যের পুরোটা ঢেলে দিতে হবে।’
হকিতে কোরিয়ার সবচেয়ে বড় শক্তি তাদের দ্রুতগতি। একই সঙ্গে কুশলী স্টিকওয়ার্কের মিশেল ঘটিয়ে তারা নিজেদের পরিণত করেছে বিশ্ব হকির অন্যতম সমীহ জাগানিয়া দলে। কোরিয়ার মতো প্রতিপক্ষ নিজেদের গ্রুপে থাকার কারণে বাংলাদেশের প্রস্তুতিটাও হয়েছে সেই অনুযায়ী। বাংলাদেশের পাকিস্তানি কোচ নাভিদ আলম কোরিয়ার বিপক্ষে লড়াইয়ের জন্য দলকে প্রস্তুত করেছেন ‘স্ট্রেস সিচুয়েশন’ তৈরি করে। কোরিয়ার দ্রুতগতির আক্রমণ ঠেকাতে এই কঠিন পরিস্থিতি বা স্ট্রেস সিচুয়েশন অনুশীলন খুবই কাজে আসবে বলে আশাবাদ তাঁর।

গত ফেব্রুয়ারিতে বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বে বাংলাদেশের দারুণ পারফরম্যান্স আসলে আশা জাগিয়েছে হকিপ্রেমীদের মনে। দিল্লিতে অনুষ্ঠিত সেই প্রতিযোগিতার প্রতিটি ম্যাচেই বাংলাদেশের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ওমান-ফিজির বিপক্ষে প্রত্যাশার জয় তো ছিলই, বোনাস হিসেবে ছিল চীনের বিপক্ষে জয়। আয়ারল্যান্ড ও ভারতের বিপক্ষে হারলেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে বাংলাদেশ মন কেড়েছিল সবার। বিশ্ব হকি লিগের ওই পারফরম্যান্স এশিয়া কাপে দলকে উদ্দীপ্ত-উজ্জীবিত না করে পারেই না।

অধিনায়ক মামুনুর রহমান চয়নও উদ্দীপনা নিতে চান বিশ্ব হকি লিগ থেকে, তবে তিনি এশিয়া কাপের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়াকে এগিয়ে রাখতে চান বিশ্ব হকি লিগের প্রতিপক্ষ আয়ারল্যান্ড এমনকি ভারতের চেয়েও, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্ব হকি লিগে আমরা প্রথমে দুই গোলে এগিয়ে গিয়েছিলাম। ভারতের বিপক্ষেও খেলার শুরুতেই এগিয়ে গিয়েছিলাম। কিন্তু দক্ষিণ কোরিয়া আয়ারল্যান্ড ও ভারতের চেয়ে অনেক বেশি শক্তিশালী দল।’

তবে কি আজ বাংলাদেশের ভবিতব্য বিশাল ব্যবধানে পরাজয়! সে আশঙ্কা একেবারে অমূলক নয়। ১৯৯৪ সালের হিরোশিমা এশিয়াডে বাংলাদেশ কোরিয়ার কাছে হেরেছিল ১০ গোলে। ২০০৯ সালে সর্বশেষ মুখোমুখি লড়াইয়েও ব্যবধানটা ছিল ৯-০, ২০০৭-এ ৮-০, ১৯৮৯-তে ৭-০।  ১৯৯৮ এর ব্যাংকক এশিয়ান গেমসে চৌদ্দ গোল খাওয়ারও রেকর্ড আছে কোরিয়ার বিপক্ষে।  চয়নের মনেও শঙ্কাটা উঁকি দিচ্ছে, তবে অধিনায়ক হিসেবে ‘লড়াই’য়ের কথাটাই বললেন বারবার। এই দলের বিপক্ষে লড়ে ১৯৯৩ সালে এশিয়া কাপে ১-১ গোলে ড্র করাটাই কোরিয়ার বিপক্ষে একমাত্র সাফল্য। এবারও লড়াই করেই কোরিয়ার শক্তিমত্তার মোকাবিলা করতে চায় বাংলাদেশ হকি দল। মালয়েশিয়ার ইপোহতে বাংলাদেশ সময় বেলা দুইটায় কোরিয়ার বিপক্ষে মাঠে নেমে লড়ে যাওয়া ছাড়া বাংলাদেশের যে আর গত্যন্তর নেই!