কোরিয়া-দর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকনের অবিশ্বাস্য ওই গোল। আর যেন স্কেল-কম্পাস দিয়ে মাপা রবিনহোর ওই পাস। ব্রাজিল-উত্তর কোরিয়া ম্যাচের কথা ভাবলে এই দুটি দৃশ্যই কি চোখে ভেসে উঠছে বারবার?ওঠারই কথা। ব্রাজিলিয়ান জাদু বলতে তো ওই দুটি গোলই। ও হ্যাঁ, রবিনহোর চোখ-ধাঁধানো স্টেপ ওভারের কথা ভুলে যাই কীভাবে!তবে এসবের কিছু নয়। পরশু রাতের সবচেয়ে হূদয় ছুঁয়ে যাওয়া দৃশ্যটি তো ম্যাচ শুরুর বাঁশি বাজারও আগে। জাতীয় সংগীত বাজছে, আর অঝোরে কাঁদছেন উত্তর কোরিয়ার তারকা ফরোয়ার্ড জং তায়ে-সে। বিশ্বকাপ এমন দৃশ্য কি দেখেছে এর আগে?বাবা-মা কোরিয়ান, কিন্তু জন্ম জাপানে। বেড়ে ওঠাও সেখানেই। গাট্টাগোট্টা শরীরে মিল বলে ‘এশিয়ান রুনি’ নাম। সেই শক্তপোক্ত লোকটার মধ্যে এত আবেগ লুকিয়ে! তা শুধু কি জাতীয় সংগীত শুনেই কাঁদলেন জং তায়ে-সে? নাকি জীবনের বেশির ভাগ সময় ‘অপূরণযোগ্য’ বলে মনে হওয়া বিশ্বকাপ খেলার স্বপ্নপূরণে? কেন যেন মনে হচ্ছে, ওই আনন্দাশ্রুটা ব্রাজিলের বিপক্ষে খেলার আনন্দেও হতে পারে!বলা হচ্ছিল, বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে অসম লড়াই। একদিকে পাঁচবারের চ্যাম্পিয়ন, অন্যদিকে ৪৪ বছর পর মাত্র দ্বিতীয় বিশ্বকাপ খেলতে যাওয়া এক দল। একদিকে র‌্যাঙ্কিংয়ের ১ নম্বর। অন্যদিকে ১০৫। বিশ্বকাপ ইতিহাসে এমন বিপরীত মেরুর দুই দলের কি দেখা হয়েছে এর আগে?র‌্যাঙ্কিং দিয়ে উত্তর মিলছে না। ফিফা র‌্যাঙ্কিংয়ের প্রবর্তনই হলো ১৯৯২ সালে। শুধু তো র‌্যাঙ্কিং আর ফুটবল-কীর্তিতে নয়, সব দিক থেকেই দুই মেরুর দুই দেশ। ব্রাজিল বললেই চোখে ভেসে ওঠে অবারিত সৈকত, সাম্বা, হাসি-আনন্দ, রাতভর হল্লা...। আর উত্তর কোরিয়া বললে? কী বলি, কী বলি....শুধুই রহস্যের আবছায়া। বাকি বিশ্বের ছোঁয়াচ বাঁচিয়ে চলার প্রাণান্তকর চেষ্টায় রত এক দেশ!নিজেরা বিশ্বকাপে খেলছে, তার পরও দেশের মানুষ ‘লাইভ’ খেলা দেখতে পারছে না। দক্ষিণ আফ্রিকায় গেছে মাত্র ৩০-৪০ জন উত্তর কোরিয়ান সমর্থক। এক টিভি ধারাভাষ্যকার আবার দাবি করছেন, ওরা কেউই আসলে উত্তর কোরিয়ান নয়। চীনা অভিনেতাদের ভাড়া করা হয়েছে উত্তর কোরিয়ান সমর্থক সেজে গ্যালারিতে গিয়ে বসার জন্য! উত্তর কোরিয়ানদের যাওয়ার অনুমতি দেওয়া হয়নি পালিয়ে যাওয়ার ভয়ে।হয়তো পশ্চিমা মিডিয়ার অপপ্রচার। তবে বিশ্বকাপ দলটিকে নিয়েও তো কত রহস্য! সাংবাদিক দেখলেই নাকি বোবা বনে যাচ্ছেন খেলোয়াড়-কর্মকর্তারা। বাধ্যতামূলক সংবাদ সম্মেলনে কোচ আসছেন এবং খুবই বিতৃষ্ণার সঙ্গে কাঁটা কাঁটা উত্তর দিচ্ছেন। বেশির ভাগ সময় রেগেমেগে বেরিয়ে যাচ্ছেন। এই যে ‘উত্তর কোরিয়া’ ‘উত্তর কোরিয়া’ লিখে যাচ্ছি, এটা জানলেই তো কোচ কিম জং-হান খেপে লাল হয়ে যাবেন। সংবাদ সম্মেলনে এক দক্ষিণ কোরিয়ান সাংবাদিক ‘নর্থ কোরিয়া’ বলে কী একটা প্রশ্ন করেছিলেন। পাথুরে মুখে কিম বলেছেন, ‘নর্থ কোরিয়া নামে কোনো দেশ নেই। নেক্সট কোয়েশ্চেন!’বাকি বিশ্ব উত্তর কোরিয়া বললেও উত্তর কোরিয়ানদের কাছে তাদের দেশের নাম DPRK—ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া। সঙ্গে দাবি, ‘আমরাই আসল কোরিয়া, উত্তর-দক্ষিণ বলতে চাইলে ওই “দক্ষিণি শয়তান”দের দক্ষিণ কোরিয়া বলুন।’রহস্যের অবগুণ্ঠনে ঢাকা সেই কোরিয়ানরা মাঠে নেমে কিন্তু চমকেই দিল সবাইকে। ব্রাজিলকে ৫৫ মিনিট পর্যন্ত আটকে রেখেই শুধু নয়, খেলা দিয়েও। র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দলের বিপক্ষে ম্যাচে ১০৫ নম্বরের কাছ থেকে আপনি কী আশা করবেন? মারধর করে যেনতেনভাবে প্রতিপক্ষকে আটকানোর চেষ্টাই তো! মনে নেই, ১৯৮৬ বিশ্বকাপে ওদের দক্ষিণি ভাইয়েরা ম্যারাডোনাকে কী মারটাই না মেরেছিল! অথচ পরশুর ম্যাচে মাত্র একটি হলুদ কার্ড। সেটিও দেখেছেন এক ব্রাজিলিয়ান! পায়ে বল পেলে ‘যা আছে কপালে’ বলে উড়িয়ে দেওয়ার চেষ্টাও করেনি ওরা, ছোট ছোট পাসে নিজেরাও উঠেছে আক্রমণে। দক্ষিণ কোরিয়ানরা যেখানে বল পেলেই বাঁই বাঁই করে ছুটতে থাকে, উত্তর কোরিয়া পরিষ্কারই আলাদা। প্রথমার্ধে উত্তর কোরিয়ার খেলা দেখতে দেখতে মনে হচ্ছিল—পর্তুগালকে যেমন ‘ইউরোপের ব্রাজিল’ বলে, ঘানাকে ‘আফ্রিকার ব্রাজিল’, উত্তর কোরিয়া না ‘এশিয়ার ব্রাজিল’ নামে সর্বোচ্চ প্রশংসাটা পেয়ে যায়!হ্যাঁ, ডিফেন্সে ওরা পাঁচজনকে ঠায় দাঁড় করিয়ে রেখেছে। ব্রাজিলিয়ানদের পায়ে বল গেলে আরও কয়েকজন। এটাতে একটুও অবাক হইনি, যতটা হলাম এ নিয়ে দুঙ্গা-কাকাদের অভিযোগ করতে দেখে। তাঁরা কী আশা করেছিলেন—এত বছর পর বিশ্বকাপে গিয়ে ব্রাজিলের মতো দলের বিপক্ষে উত্তর কোরিয়া দখিন দুয়ার খোলা ফুটবল খেলবে? গোলমুখকে জনারণ্য বানিয়েই যদি গোল ঠেকিয়ে দেওয়া যেত, তাহলে বাংলাদেশও তো ব্রাজিলের সঙ্গে ড্র করে ফেলতে পারে। উদ্ভাবনী আর কল্পনাশক্তি দিয়ে গোলমুখ খুলতে না পারলে আর কিসের ব্রাজিল! রবিনহোর ওই জাদুকরি থ্রু যেমন ঠিকই খুলেছে।সবচেয়ে মজা লাগল ফ্যাবিয়ানোকেও একই অভিযোগ করতে দেখে। এত ভিড়ের মধ্যেও ‘অফসাইডে’ থাকার যে অবিশ্বাস্য প্রতিভা দেখালেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার, ভিড় না থাকলে যে কী হতো!