কোরিয়ার স্বপ্নের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনাই গ্রুপ চ্যাম্পিয়ন হবে—‘বি’ গ্রুপ নিয়ে প্রায় সবার অনুমান এ রকমই। এই গ্রুপে লড়াইটা সে ক্ষেত্রে দ্বিতীয় স্থানের এবং সে লড়াইটা মূলত নাইজেরিয়া, গ্রিস আর দক্ষিণ কোরিয়ার। কাল নিজেদের প্রথম ম্যাচে তাতে একটু এগিয়েই গেল দক্ষিণ কোরিয়া। দুই ‘ছোট’র লড়াইয়ে গ্রিসকে তারা হারিয়েছে ২-০ গোলে। ৭ মিনিটে প্রথম গোলটি করেছেন লি জুং-সু। ৫২ মিনিটে ব্যবধান বাড়িয়েছেন এশিয়ার সেরা তারকা বলে বিবেচিত অধিনায়ক পার্ক জি-সুং।নিজ দেশের বিশ্বকাপে ২০০২ সালে সেমিফাইনালে উঠেছিল দক্ষিণ কোরিয়া। টানা সপ্তমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপের সেরা সাফল্য এটাই। অন্যদিকে প্রতিপক্ষ গ্রিসের সেরা সাফল্য ২০০৪ সালের ইউরো জয়। এর পরও ‘বি’ গ্রুপে তাদের পিঠে ‘ছোট’ তকমাটা সেঁটে থাকার কারণ একটাই—এই গ্রুপে আছে ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা।কাল অবশ্য ছোট দলের মতো খেলেছে দুদলই। দক্ষিণ কোরিয়া বা গ্রিস, ছন্দ খুঁজে পাওয়া যায়নি কারও খেলায়ই। তার পরও পারফরম্যান্সের দিক দিয়ে এগিয়ে রাখতে হবে ২০০২ বিশ্বকাপের সেমিফাইনালিস্টদেরই। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পার্ক জি-সুংয়ের দল। ৭ মিনিটে লির গোলটিও গোছানো একটি আক্রমণের ফসলই।বাঁ প্রান্তে কর্নার পতাকার কাছাকাছি ফাউল পেয়েছিল দক্ষিণ কোরিয়া। কি সুং-ইয়ংয়ের করা ফ্রি-কিকটি গ্রিক ডিফেন্ডারদের ওপর দিয়ে গিয়ে পড়ে লির কাছে। সহজেই বলটি জালে জড়িয়ে দেন ফাঁকায় থাকা লি। দ্বিতীয় গোলটি পার্ক জি-সুংয়ের একক নৈপুণ্যেই। মাঝমাঠের কাছাকাছি জায়গায় গ্রিসের সীমানায় বল পেয়ে ছুটে যান পার্ক। দুর্দান্ত গতিতে দুজন খেলোয়াড়কে পেছনে ফেলে বল জালে পাঠান তিনি।দুই গোলে পিছিয়ে পড়ার পরও ২০০৪-এর ইউরো চ্যাম্পিয়নরা চেষ্টা করেছে গোল পরিশোধের। কিন্তু দক্ষিণ কোরিয়ার রক্ষণ দেয়াল আর গোলরক্ষককে পরাস্ত করা সম্ভব হয়নি তাদের।