>ইয়েলেনা ওস্তাপেঙ্কোর আসল নাম নাকি আলোনা ওস্তাপেঙ্কো! অল ইংল্যান্ড ক্লাবের ঘাসের কোর্ট নাকি বদলে যেতে বসেছে। পঞ্চম ও ষষ্ঠ দিনের উইম্বলডন নিয়ে এই আয়োজন

২৩ বছরে প্রথম
পরশু জাপানের নাওমি ওসাকাকে ৭-৬ (৭/৩), ৬-৪ গেমে হারিয়ে শেষ ষোলোয় উঠলেন ভেনাস উইলিয়ামস। পাঁচবারের উইম্বলডনজয়ী ভেনাসের জন্য এটি হয়তো শুধু আরেকটি জয়। কিন্তু তাঁর বয়স বিবেচনায় এই জয়টি বিশেষ কিছু। পরশু ভেনাসের বয়স ছিল ৩৭ বছর ২৯ দিন। গত ২৩ বছরে এত বয়সী কোনো নারী প্রতিযোগী উইম্বলডনের শেষ ষোলোয় উঠতে পারেননি। ভেনাসের আগে ৩৭ বছর বয়সে উইম্বলডনের চতুর্থ রাউন্ডে খেলা সর্বশেষ নারী প্রতিযোগী মার্টিনা নাভ্রাতিলোভা। ১৯৯৪ সালে চেক-আমেরিকান টেনিস গ্রেট চতুর্থ রাউন্ডে উঠেছিলেন ৩৭ বছর ২৫৮ দিন বয়সে। এএফপি।

ইয়েলেনা না, আলোনা
ফ্রেঞ্চ ওপেনের বর্তমান নারী চ্যাম্পিয়নকে সবাই ইয়েলেনা ওস্তাপেঙ্কো নামেই জানে। কিন্তু লাটভিয়ান এই প্রতিযোগীর কাছের লোকজন তাঁকে ডাকেন আলোনা! পরশু তৃতীয় রাউন্ডে ইতালির ক্যামিলা জর্জির বিপক্ষে জয়ের পর এই তথ্য জানিয়েছেন ২০ বছর বয়সী ওস্তাপেঙ্কো। ‘ওস্তাপেঙ্কো’র আগে তাঁর নামের প্রথম অংশটা আসলে ‘আলোনা’ বলে জানিয়েছেন টুর্নামেন্টের ত্রয়োদশ বাছাই, ‘যারা আমাকে চেনে, যারা জানে আমার আসল নাম কী, তারা আমাকে আলোনা বলেই ডাকে।’ টেনিসডটকম।
ঘাসে অসন্তোষ
ঘাসের কোর্ট—আর তিনটি গ্র্যান্ড স্লামের সঙ্গে উইম্বলডনের তফাত এখানেই। কিন্তু যে ঘাসের কোর্ট নিয়ে গর্ব আয়োজকদের, সেটি যেন হারিয়ে যেতে বসেছে। আয়োজকদের দাবি, সবুজ কোর্টের সনাতন রূপটি ধরে রাখার জন্য সম্ভাব্য সবকিছুই করা হচ্ছে, কিন্তু ঘাস নিয়ে খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ ক্রমেই বাড়ছে। এটি প্রকাশিত তো স্বাগতিক প্রতিযোগী অ্যান্ডি মারের কথাতেই, ‘আগের বছরগুলোয় কোর্ট যে ভালো অবস্থায় ছিল, এখন সেই অবস্থায় আছে বলে মনে হয় না আমার। পরশু তৃতীয় রাউন্ডে ফ্যাবিও ফনিনির বিপক্ষে ১৮ নম্বর কোর্টে খেলেছেন মারে। ইতালিয়ান প্রতিযোগীর বিপক্ষে পরশু জয়ের পর সেই কোর্ট নিয়ে বললেন, ‘বেজলাইনের আগে ও পরে বেশ কিছু গর্ত আছে। কোথাও গুচ্ছ গুচ্ছ ঘাস, কোথাও বা গর্ত। আগেও এ রকম ছিল বলে মনে করতে পারছি না আমি।’ এএফপি।
শেষ ষোলোতে জোকোভিচ
ছন্দে ছিলেন না অনেক দিন। কেউ কেউ তো বলতে শুরু করে দিয়েছিলেন নোভাক জোকোভিচ আর আগের মতো নেই। সার্বিয়ান এই তারকাকে নিয়ে বাঁকা কথা বলেছেন কিংবদন্তি জন ম্যাকেনরো। সবকিছুর জবাব র্যাকেট হাতে কোর্টেই দিচ্ছেন জোকোভিচ। কাল উঠে গেছেন উইম্বলডনের শেষ ষোলোতে। লাটভিয়ার আর্নেস্তস গুলবিজকে হারিয়েছেন সরাসরি সেটে। দশমবারের মতো উইম্বলডনের শেষ ষোলোতে ওঠার পথে একটিও সেট হারেননি তিনবারের চ্যাম্পিয়ন জোকোভিচ। কাল মেয়েদের এককের শেষ ষোলোতে উঠেছেন আগ্নিয়েস্কা রাদভানস্কা, ক্যারোলিন ওজনিয়াকি ও অ্যাঞ্জেলিক কারবার। এএফপি।