কোর্টে প্রথম পুরুষ বনাম নারীর লড়াই এই দিনেই

স্যান ডিয়েগোর ওয়াইল্ডক্যাট ক্যানিয়ন দিয়ে যখন তাঁর গাড়িটা ঢুকছিল, কী ভাবছিলেন মার্গারেট কোর্ট? ৪৮ ঘণ্টা পরে এই শহরে বিশেষভাবে প্রস্তুত টেনিস কোর্টে নেমে ‘ওয়াইল্ডক্যাট' নয়; তাঁকে লড়াই করতে হবে বাঘিনীর মতো! এবার যে নেটের ওপাশে কোনো নারী নয়; প্রতিপক্ষ একজন পুরুষ! তাঁর লড়াই তাই নারীদের মধ্যে ছড়িয়ে দিতে পারে অনুপ্রেরণা। শুধু টেনিস খেলাতে কেন, পৃথিবীর সবক্ষেত্রেই, নারীরা যেখানে দৃশ্যমান এবং অদৃশ্য অনেক শেকলে বন্দী। পুরুষদেরই বানানো নিগড়ে!
কোর্টের এই লড়াই মুখ বন্ধ করে দিতে পারে ববি রিগসের, যে রিগস বেশ কিছুদিন ধরেই বিস্তর বকছিলেন। নারী টেনিস খেলোয়াড়দের নিয়ে বলছিলেন নানা অপমানজনক কথা। অবশেষে এল সেই দিন। ১৯৭৩ সালের ১৩ মে। ইতিহাসে প্রথমবারের মতো টেনিস কোর্টে লড়াই হলো নারী বনাম পুরুষের।
‘ব্যাটল অব সেক্সেস’ নামে রিগস বনাম বিলি জিন কিংয়ের লড়াইটাই বিখ্যাত হয়ে আছে। সেটাই জানে সবাই। অনেকেরই হয়তো অজানা, ১৯৭৩ সালের ২০ সেপ্টেম্বরের সেই লড়াইটার চার মাস আগেই হয়ে গিয়েছিল ইতিহাসে প্রথম নারী বনাম পুরুষ টেনিস ম্যাচ। যেদিন রিগসের মুখোমুখি হয়েছিলেন কোর্ট। সেটাই প্রস্তুত করে দিয়েছিল আসলে ‘কিং বনাম রিগসের’ দুনিয়া কাঁপানো লড়াইয়ের সেই মঞ্চ।
রিগস আসলে চ্যালেঞ্জ করেছিলেন বিলি জিন কিংকেই। বিদ্রোহী এই নারী তখন টেনিস কোর্টে নারী-পুরুষ সমতার জন্য লড়ছিলেন।
এ নিয়ে অনেকেই ঠাট্টা করেছেন। ‘ইকুয়াল পে ফর ইকুয়াল প্লে’ আন্দোলন নিয়েও কম বক্রোক্তি শুনতে হয়নি। রিগস ছিলেন সেই সমালোচকদের একজন। রিগস দাবি করেছিলেন, নারী-পুরুষ সমান পারিশ্রমিক পাওয়ার প্রশ্নই আসে না। কারণ তিনি নিজে ৫৫ বছর বয়সেও টেনিসের এক নম্বর তারকাকে হারিয়ে দিতে পারবেন।
‘ওপেন চ্যালেঞ্জ’ ছুড়ে দিয়েছিলেন আসলে বিলি জিন কিংকেই। পাঁচ হাজার ডলারের একটা চেক শূন্যে দুলিয়ে বলেছিলেন, ‘পারলে আমাকে হারিয়ে টাকাটা নিয়ে যাও।’ কিং রাজি হননি। মজার ব্যাপার হলো, বিদ্রোহী নারী খেলোয়াড়দের আন্দোলনে ছিলেন না যে কোর্ট, তিনিই রিগসের চ্যালেঞ্জটা নিলেন। ‘মা দিবসে’ মুখোমুখি হলেন রিগসের, এই বার্তা ছড়িয়ে দিতে—মায়ের জাত নারীরা সর্বংসহা ; লড়াকুও।
যত উন্মাদনা, যত শোরগোল হয়েছিল; ম্যাচটা হলো তার একেবারেই উল্টো। ৬-২, ৬-১ গেমে হেরে গেলেন কোর্ট। একদম একতরফা ম্যাচ জিতে নারীদের সম্পর্কে আরও অবজ্ঞাসূচক কথা বললেন রিগস। বললেন, ‘তাদের শুধু শোয়ার আর রান্নাঘরেই থাকা উচিত’!
কোর্ট হেরেছিলেন। কিন্তু পথটা অন্তত দেখিয়েছিলেন। ঠিক চার মাস পর বিলি জিন কিং নেমে পড়লেন রিগসের বিপক্ষে। সেই ঐতিহাসিক ম্যাচের ফল? ৬-৪, ৬-৩, ৬-৩ গেমে জিতে গিয়েছিলেন বিলি জিন কিং! এরপর আরও একটা ব্যাটল অব সেক্সেস সিরিজের লড়াই হয়েছে। মার্টিনা নাভ্রাতিলোভা আর জিমি কনর্সের মধ্যে।
যদিও আলোচিত লড়াই সেই একটাই। কিন্তু পথ তো দেখিয়েছিলেন মার্গারেট কোর্টই, পুরুষশাসিত পৃথিবীতে নারীদের সরাসরি প্রথম লড়াইয়ের সাহসটাও।