কোর্টে মারে বনাম সেরেনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোর্টে মারে বনাম সেরেনা!
কোর্টে মারে বনাম সেরেনা!

১৯৭৩ সালে হঠাৎ করেই টেনিস-বিশ্বে তোলপাড়। ববি রিগস চ্যালেঞ্জ করে বসলেন টেনিসের শীর্ষ দুই মহিলা খেলোয়াড়কে। ’৩০ ও ’৪০ দশকের দুর্দান্ত খেলোয়াড় রিগসের বয়স তখন ৫৫। কিন্তু রিগসের দাবি, এই বয়সেও মেয়েদের যে কাউকে হারানোর ক্ষমতা রাখেন তিনি। শুরু হলো ঐতিহাসিক এক লড়াইয়ের, টেনিস ইতিহাসে যেটি বিখ্যাত হয়ে আছে ‘ব্যাটল অব সেক্সেস’ নামে।

প্রথম লড়াইয়ে রিগস সে সময়কার শীর্ষ খেলোয়াড় মার্গারেট কোর্টকে হারিয়ে শক্তির পার্থক্যটা দেখিয়ে দিয়েছিলেন। কিন্তু এরপরেই ঘটে ‘অঘটন’। হেরে যান আরেক শীর্ষ খেলোয়াড় বিলি জিন কিংয়ের কাছে। মেয়েরাও টেনিসটা মন্দ খেলে না, বিলি জিন কিং সেটাই দেখিয়ে দেন চোখে আঙুল দিয়ে।

ফেদেরার, নাদাল, জোকোভিচের সঙ্গে সেরেনা, শারাপোভা, আজারেঙ্কাদের খেলার তুলনা চলে না কোনো বিচারেই। শুধু লৈঙ্গিক পার্থক্যের কারণেই নয়, প্রকৃতিগতভাবে শারীরিক ক্ষমতার দুস্তর ব্যবধানের জন্যও বটে। কিন্তু পুরুষ-মহিলাদের এই ‘অসম’ দ্বৈরথ কিন্তু মাঝেমধ্যেই হয়েছে। ১৯৯২ সালে লাস ভেগাসে জিমি কনর্স খেলেন মার্টিনা নাভ্রাতিলোভার সঙ্গে। কনর্সই জিতেছিলেন।

১৯৯৮ অস্ট্রেলিয়ান ওপেনে আবার মাথাচাড়া দিয়ে ওঠে সেই পুরোনো বিতর্ক। উইলিয়ামস বোনেরা সে সময় নিজেদের আগমনী বার্তা জানান দিতে শুরু করেছেন। দুই বোনের দাবি, তাঁরা পুরুষদের প্রথম দুই শর বাইরে যে কাউকে হারাতে পারবেন। চ্যালেঞ্জটা নিলেন বিশ্বের ২০৩ নম্বর খেলোয়াড় জার্মানির কারস্টেন ব্রাশ। দুই সেটে দুই বোনের বিপক্ষে খেলে জিতলেন তিনি হেসেখেলেই।

অনেক দিন পর আবার ফিরে এসেছে বিতর্ক। অ্যান্ডি মারে ছুড়ে দিয়েছেন চ্যালেঞ্জটা। বিবিসিতে নিজের কলামে মারে আমন্ত্রণ জানিয়েছেন ফর্মের তুঙ্গে থাকা সেরেনাকে, ‘আমাকে টুইটারে একজন সেরেনার সঙ্গে চ্যালেঞ্জটা নিতে বলেছে। আমি এটা নিতে চাই, কেন নয়? সে অবিশ্বাস্য একজন খেলোয়াড়। মানুষ তার সঙ্গে আমার খেলাটা দেখতে দারুণ আগ্রহী হবে।’ ভেন্যু হিসেবে মারের পছন্দ ’৯২-এর স্মৃতিধন্য লাস ভেগাসই।

অপেক্ষা ছিল সেরেনা কী বলেন সেটা দেখার। ১৫ বছর পর আগে সেই হারের কথাটা তিনি নিশ্চয়ই ভুলে থাকতে পারেন না। সেরেনা ইতিবাচক সাড়াই দিয়েছেন। তবে আগে থেকেই তাঁর কণ্ঠে যেন আত্মসমর্পণের সুর, ‘সে আমার সঙ্গে খেলতে চায়? সে কি নিশ্চিত? খুবই মজার হবে এটা। আমি হয়তো কোনো পয়েন্ট পাব না, তবুও মজাই হবে। সে এমন তিনজনের একজন যার সঙ্গে আমি কখনোই খেলতে চাইব না।’ সেরেনার ইচ্ছে খেলাটা মাটির কোর্টেই হোক, ‘আমি মনে করি খেলাটা মাটিতেই হওয়া উচিত। সে (মারে) ঘাস ভালোবাসে। আমিও, কিন্তু আমি মাটিতেই খেলতে চাই।’ রয়টার্স, ওয়েবসাইট।