কোল বিক্রির জন্য নয়: আনচেলত্তি
অ্যাশলে কোল তা হলে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন না। চেলসির ম্যানেজার কার্লো আনচেলত্তি সাফ জানিয়ে দিয়েছেন, কোল বিক্রির জন্য নয়।চেলসির সাবেক ম্যানেজার হোসে মরিনহো এখন রিয়াল মাদ্রিদের দায়িত্বে আছেন। কয়েক দিন থেকে জোর গুঞ্জন চলছে, ২৯ বছর বয়সী ইংল্যান্ডের এই ডিফেন্ডারের সঙ্গে আবারও কাজ করতে চান তিনি। কোলকে চেলসির কাছ থেকে কিনতে যাচ্ছেন রিয়ালের এই ম্যানেজার। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে আনচেলত্তি আজ সোমবার বিবিসিকে বলেন, ‘অ্যাশলে কোল আমাদের সঙ্গে এখনো আছে এবং চেলসির ফুটবলার হয়েই থাকবে।’ চেলসির কাছে কোলের মূল্য সম্পর্কে আনচেলত্তি বলেন, ‘কোল ক্লাব ছাড়ছে এমন ধারণা সবার ভুলে যাওয়া উচিত। কোনো মূল্যেই তাকে আমরা ছাড়ব না। কোল বিক্রির জন্য নয়।’২০০৬ সালে আর্সেনাল থেকে কোলকে কিনে চেলসিতে এনেছিলেন মরিনহো। ২০০৭ সালে আলোচনার ভিত্তিতে চেলসির দায়িত্ব ছাড়েন পর্তুগিজ এই কোচ। তবে অন্য কোচদের সঙ্গে কোলের সম্পর্ক নিয়ে আগ্রহী নন জানিয়ে আনচেলত্তি বলেন, ‘অন্য কোচদের সঙ্গে কোলের সম্পর্ক নিয়ে আমি আগ্রহী নই। আমাদের বিশ্বাস, সে বিশ্বের সেরা ডিফেন্ডার। আর এ কারণে কোল এখানেই থাকবে।’