কোলের শিশুরও টিকিট!
বাড়ির শিশুদের নিয়ে খেলা দেখতে চান? এশিয়া কাপের টিকিট কেনার সময় ওদের জন্যও টিকিট কিনতে ভুলবেন না। কারণ, বয়স যত কমই হোক না কেন, টিকিট লাগবে সবারই। টুর্নামেন্টের স্থানীয় আয়োজক কমিটির আহ্বায়ক দেওয়ান শফিউল আরেফিন জানালেন, ‘বয়সের সীমারেখা দেওয়া মুশকিল। গেটে ঢোকার সময় বয়স নির্ধারণ করা আমাদের পক্ষে মুশকিল। অমানবিক মনে হলেও আমাদের করার কিছুই নেই, টিকিট লাগবে কোলের শিশুদেরও।’বিশ্বকাপের পর এশিয়া কাপেরও টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে সিটি ব্যাংক। ঢাকা ও ঢাকার বাইরে সিটি ব্যাংকের ২১টি শাখায় আজ শুরু হচ্ছে এশিয়া কাপের টিকিট বিক্রি। সব শাখায় টিকিট পওয়া যাবে শুধু তিন দিন—আজ, আগামীকাল ও পরশু। আজ থেকে ১০ মার্চ পর্যন্ত টিকিট পাওয়া যাবে পল্লবী, মৌচাক, বনানী ও নিউমার্কেট শাখায়। আর টুর্নামেন্টের শেষ দিন (২২ মার্চ) পর্যন্ত প্রতিদিন টিকিট পাওয়া যাবে শুধু পল্লবী শাখায়। ১৭ মার্চ সরকারি ছুটির দিনে অবশ্য বন্ধ থাকবে ব্যাংক, তবে ওই দিনও বিশেষ ব্যবস্থায় বিক্রি হবে টিকিট। কোন কোন শাখায় ও কবে টিকিট বিক্রি হবে, গতকালই প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দিয়েছে সিটি ব্যাংক। এই দুটি পত্রিকাতেই বিজ্ঞাপনটি দেখা যাবে আগামীকালও।সবচেয়ে কম দামি টিকিট পূর্ব গ্যালারির, ২০০ টাকা। উত্তর ও দক্ষিণ গ্যালারি ৪০০ টাকা, শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ড ৬০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি উত্তর ও দক্ষিণ ১৫০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ৪ হাজার টাকা। একজন একবারে প্রতি ম্যাচের জন্য সর্বোচ্চ দুটি করে টিকিট কিনতে পারবেন। তবে বিশ্বকাপের মতো এবার আর জাতীয় পরিচয়পত্র বা কোনো ধরনের পরিচয়পত্র প্রয়োজন নেই। প্রতি ম্যাচের জন্য ১৩৮৮১টি টিকিট বিক্রি করবে সিটি ব্যাংক। বাকি প্রায় ১২ হাজার টিকিট বিভিন্ন ক্লাব ও জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে বিক্রি করবে বিসিবি। কাল সংবাদ সম্মেলনে ছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও সিটি ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক সোহেল আর কে হোসেইনও।মাঠে ঢোকার ক্ষেত্রে বিশ্বকাপের মতোই বেশ কড়াকড়ি থাকবে। সাধারণ ডিজিটাল ক্যামেরা ও মুঠোফোন ছাড়া এ ধরনের অন্য কিছু সঙ্গে নেওয়া যাবে না। পুরো স্টেডিয়াম হবে ধূমপানমুক্ত এলাকা। বিশ্বকাপের মতোই গ্যালারিতে বসতে হবে সিট নম্বর অনুযায়ী। প্রতিদিন ম্যাচ শুরু ২টায়, স্টেডিয়ামের গেট খুলবে ১১টায়। ১১ মার্চ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু এশিয়া কাপের একাদশ আসর। আগামী পরশু (৮ মার্চ) প্রথম দল হিসেবে ঢাকায় পা রাখবে পাকিস্তান।